অনলাইন ডেস্ক : টানা ভারী বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পানির কারণে বান্দরবান ও কক্সবাজারে সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আগামী ২৪ থেকে ৭২ ঘণ্টার মধ্যে দেশের কয়েকটি জেলায় স্বল্পমেয়াদি বন্যা দেখা দিতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।
বুধবার (৮ জুলাই) প্রকাশিত পূর্বাভাসে বলা হয়, বান্দরবানের সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানি ইতোমধ্যে বিপৎসীমা অতিক্রম করেছে। দেশের ১২৭টি পানি পর্যবেক্ষণ কেন্দ্রের মধ্যে ৬৯টিতে পানির স্তর বেড়েছে, ৫৩টিতে কমেছে এবং ৫টিতে অপরিবর্তিত রয়েছে।
গত ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগে এবং ভারতের কয়েকটি উজান এলাকায় ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হয়েছে। দেশে সর্বোচ্চ ২৫৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী, আগামী তিন দিন দেশের উত্তর-পূর্ব ও দক্ষিণ-পূর্বাঞ্চলে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। এতে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন নদীর পানি আরও বৃদ্ধি পেয়ে বান্দরবান, কক্সবাজার, ফেনী, চট্টগ্রাম ও খাগড়াছড়ির নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যা দেখা দিতে পারে। পাশাপাশি লক্ষ্মীপুর ও নোয়াখালীর কিছু নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।
এদিকে সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, নেত্রকোণা, শেরপুর ও ময়মনসিংহের কয়েকটি নদীর পানিও দ্রুত বাড়ছে। আগামী ২৪ থেকে ৭২ ঘণ্টায় এসব জেলার নিম্নাঞ্চলেও স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে।
রংপুর বিভাগের তিস্তা নদীর পানিও বৃদ্ধি পাচ্ছে। এতে নীলফামারী, লালমনিরহাট ও রংপুর জেলার নিম্নাঞ্চলে বন্যার আশঙ্কা রয়েছে। এছাড়া ধরলা, দুধকুমার ও সুরমা নদীর পানিও সতর্কসীমার কাছাকাছি পৌঁছাতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।