শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ
অনলাইন ডেস্ক :জাতীয় সংসদের অধিবেশন দেখতে আসা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার (৮ জুলাই) বিকেলে সংসদ অধিবেশন শুরুর আগে শিক্ষার্থীদের সঙ্গে দেখা করেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি তাদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং পড়াশোনার বিষয়ে খোঁজখবর নেন।
সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের দেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য নিজেদের দক্ষ, যোগ্য ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান। পাশাপাশি শারীরিক শিক্ষা, শিল্প ও সংস্কৃতি চর্চার প্রতিও গুরুত্ব দেওয়ার পরামর্শ দেন তিনি।
বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের জাতীয় সংসদের কার্যক্রম দেখার সুযোগ দেওয়ার উদ্যোগের অংশ হিসেবে আজ তারা সংসদ ভবন পরিদর্শনে আসেন।
সংসদ ভবনে এসে শিক্ষার্থীরা এর স্থাপত্যশৈলী ঘুরে দেখেন, সংসদ লাইব্রেরি পরিদর্শন করেন এবং বিভিন্ন স্থানে ছবি তোলেন। পরে তারা সরাসরি সংসদের অধিবেশন প্রত্যক্ষ করেন।
এ সময় জিঞ্জিরা বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা সংসদের অধিবেশন দেখার সুযোগ করে দেওয়ায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানান।











