অনলাইন ডেস্ক : বাংলাদেশ হাইওয়ে পুলিশের অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অ্যাডিশনাল আইজিপি) হিসেবে দায়িত্ব নিয়েছেন ফারুক আহমেদ। মঙ্গলবার পুলিশ সদরদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ফারুক আহমেদ ১৯৭১ সালের ২৯ জুলাই বগুড়ায় জন্মগ্রহণ করেন। তিনি রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) থেকে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন। পরে ১৭তম বিসিএস পুলিশ ক্যাডারের মাধ্যমে ১৯৯৮ সালের ২২ ফেব্রুয়ারি সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে বাংলাদেশ পুলিশে যোগ দেন।
দীর্ঘ কর্মজীবনে তিনি র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব), ঢাকা মেট্রোপলিটন পুলিশ, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ, বাংলাদেশ পুলিশ একাডেমি, সিআইডিসহ পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে দায়িত্ব পালন করেছেন। এছাড়া মৌলভীবাজার ও কিশোরগঞ্জ জেলার পুলিশ সুপার হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি।
ফারুক আহমেদ জাতিসংঘের লাইবেরিয়া ও দারফুর মিশনেও কাজ করেছেন। প্রশাসনিক দক্ষতা, অপারেশনাল নেতৃত্ব এবং কৌশলগত পরিকল্পনায় তার অভিজ্ঞতার কথা উল্লেখ করেছে পুলিশ সদরদপ্তর।
গত ৪ জুন তিনি অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক পদে পদোন্নতি পান। কর্মজীবনে দেশ-বিদেশের বিভিন্ন প্রশিক্ষণ, সেমিনার ও অভিজ্ঞতা বিনিময় কর্মসূচিতেও অংশ নিয়েছেন তিনি।
হাইওয়ে পুলিশের নতুন দায়িত্বে যোগ দেওয়ার মাধ্যমে মহাসড়কে নিরাপত্তা বৃদ্ধি, দুর্ঘটনা প্রতিরোধ, প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা এবং জনসেবামূলক পুলিশি কার্যক্রম আরও কার্যকর হবে বলে আশা করছে পুলিশ সদরদপ্তর।