রবিবার, ৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

জনগণের সঙ্গে দূরত্ব না বাড়াতে নিরাপত্তা কৌশল: প্রধানমন্ত্রী

news-image

অনলাইন ডেস্ক : নিরাপত্তা ব্যবস্থা এমনভাবে সাজানো উচিত যাতে সরকারপ্রধান জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে না পড়েন—এমন আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোববার ঢাকা সেনানিবাসে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের (পিজিআর) ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, একটি গণতান্ত্রিক ব্যবস্থায় সরকারের প্রধানের সঙ্গে জনগণের সরাসরি আস্থা ও যোগাযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই নিরাপত্তা পরিকল্পনা এমন হওয়া উচিত যাতে নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি জনগণের সঙ্গে স্বাভাবিক সংযোগ বজায় থাকে।

তিনি আরও বলেন, রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে জনসভা ও রাষ্ট্রীয় কর্মসূচিতে অংশ নিতে গিয়ে জনসমাগমের কারণে নিরাপত্তা জটিলতা তৈরি হয়। এ কারণে নিরাপত্তা ও নাগরিক স্বাচ্ছন্দ্যের মধ্যে ভারসাম্য রাখা জরুরি।

অনুষ্ঠানে তিনি পিজিআরের প্রতিষ্ঠাবার্ষিকীতে বাহিনীর সব সদস্যকে শুভেচ্ছা জানান এবং তাদের পেশাদারিত্ব, শৃঙ্খলা ও দেশপ্রেমের প্রশংসা করেন।

প্রধানমন্ত্রী বলেন, সশস্ত্র বাহিনী দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার প্রতীক। মুক্তিযুদ্ধে তাদের ভূমিকা জাতির ইতিহাসে গভীরভাবে যুক্ত।

তিনি আধুনিক নিরাপত্তা চ্যালেঞ্জ, বিশেষ করে সাইবার যুদ্ধ মোকাবিলায় বাহিনীকে আরও আধুনিক ও দক্ষ করে গড়ে তোলার ওপর গুরুত্ব দেন। একই সঙ্গে সাহস, সততা ও শৃঙ্খলাকে পেশাদারিত্বের মূল ভিত্তি হিসেবে উল্লেখ করেন।

এছাড়া রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তা এবং বিভিন্ন রাষ্ট্রীয় দায়িত্ব পালনে পিজিআরের ভূমিকার প্রশংসা করেন তিনি। চলতি বছর ‘ন্যাশনাল স্ট্যান্ডার্ড’ পুরস্কারের জন্য মনোনীত হওয়ায় বাহিনীর সদস্যদের অভিনন্দনও জানান প্রধানমন্ত্রী।