মূল্যবোধভিত্তিক শিক্ষাব্যবস্থা গড়তে কাজ করছে সরকার: মাহদী আমিন
অনলাইন ডেস্ক : প্রধানমন্ত্রীর শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষাবিষয়ক উপদেষ্টা মাহদী আমিন বলেছেন, সরকার একটি মূল্যবোধভিত্তিক ও আধুনিক শিক্ষাব্যবস্থা পুনর্গঠনের পরিকল্পনা নিয়ে কাজ করছে।
বৃহস্পতিবার (২ জুলাই) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ইউনেস্কো আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
মাহদী আমিন জানান, সরকারের লক্ষ্য শিক্ষাকে আরও দক্ষ, অন্তর্ভুক্তিমূলক ও আনন্দমুখী করা। এ জন্য নতুন নতুন বিষয় পাঠ্যক্রমে যুক্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। এর মধ্যে ষষ্ঠ শ্রেণি থেকে কারিগরি ও কর্মমুখী শিক্ষা বাধ্যতামূলক করার উদ্যোগ রয়েছে।
তিনি বলেন, ভবিষ্যতে শিক্ষার্থীদের জন্য একটি তৃতীয় ভাষা চালুর পরিকল্পনাও রয়েছে। পাশাপাশি চতুর্থ শ্রেণি থেকে সংস্কৃতি ও খেলাধুলাকে বাধ্যতামূলক করার বিষয়েও কাজ চলছে।
তিনি আরও উল্লেখ করেন, শিক্ষাব্যবস্থাকে “লার্নিং উইথ হ্যাপিনেস” নীতির মাধ্যমে সাজানো হবে, যেখানে শিক্ষার্থীরা চাপ নয় বরং সহযোগিতামূলক পরিবেশে শেখার সুযোগ পাবে।
শিক্ষক-শিক্ষার্থীর সম্পর্ক ও শিক্ষকদের দক্ষতা উন্নয়নের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, শিক্ষকদের প্রশিক্ষণ ও সক্ষমতা বৃদ্ধি সরকারের অন্যতম অগ্রাধিকার।
অনুষ্ঠানে তিনি জানান, শিক্ষার আধুনিকায়নে প্রযুক্তিনির্ভর বিভিন্ন উদ্যোগ যেমন মাল্টিমিডিয়া ক্লাসরুম, ট্যাবভিত্তিক শিক্ষা কার্যক্রম এবং মিড ডে মিল কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।
তিনি বলেন, সরকারের লক্ষ্য শহর ও গ্রামের শিক্ষার বৈষম্য কমিয়ে একটি সমান ও মানসম্মত শিক্ষাব্যবস্থা গড়ে তোলা, যাতে শিক্ষার্থীরা ভবিষ্যতে দক্ষ ও বৈশ্বিক নাগরিক হিসেবে গড়ে উঠতে পারে।
অনুষ্ঠানে শিক্ষা মন্ত্রণালয় ও ইউনেস্কোর বিভিন্ন প্রতিনিধি উপস্থিত ছিলেন।











