ভোলায় কলেজছাত্রকে ছুরিকাঘাতে হত্যা, আটক ১
অনলাইন ডেস্ক : ভোলার লালমোহন উপজেলায় বাড়ি ফেরার পথে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মো. নয়ন (১৮) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে মানিক নামে একজনকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২ জুলাই) দুপুর দেড়টার দিকে পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের শনিরপোল এলাকায় এ হামলার ঘটনা ঘটে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্ব বিরোধের জেরে এ হামলা চালানো হয়েছে।
নিহত নয়ন পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ও ব্যবসায়ী মো. সালাউদ্দিনের ছেলে। তিনি ডা. আজহার উদ্দিন ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন। হামলায় তার সঙ্গে থাকা আরও দুই সহপাঠী গুরুতর আহত হন। পরে তাদের উন্নত চিকিৎসার জন্য বরিশালের শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ঘটনার পর হামলাকারীরা পালিয়ে গেলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে নিহতের সহপাঠীরা লালমোহন বাজার এলাকায় টায়ারে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অলিউল ইসলাম জানান, এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যার সুনির্দিষ্ট কারণ জানতে তদন্ত চলছে।











