মূল্যস্ফীতি কমাতে বাস্তবধর্মী মুদ্রানীতির তাগিদ
শুক্রবার রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত ‘জাতীয় বাজেট ২০২৬-২৭: সিপিডির পর্যালোচনা’ শীর্ষক সংবাদ সম্মেলনে এসব মন্তব্য করেন সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন।
তিনি বলেন, টানা চার বছর ধরে উচ্চ মূল্যস্ফীতির চাপের মধ্যে থাকা অর্থনীতিকে আগামী অর্থবছরে ৭.৫ শতাংশের মধ্যে নিয়ে আসতে হলে সংকোচনমূলক মুদ্রানীতি আরও কিছু সময় অব্যাহত রাখতে হবে। একই সঙ্গে সরকারি ব্যয়ের মাধ্যমে উৎপাদন ও কর্মসংস্থান বাড়ানো না গেলে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের লক্ষ্য পূরণ কঠিন হয়ে পড়বে।
ফাহমিদা খাতুনের মতে, প্রস্তাবিত বাজেটে উন্নয়ন ব্যয়ের জন্য থোক বরাদ্দ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করা হয়েছে। তবে এই অর্থ ব্যয়ের ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত না হলে কাঙ্ক্ষিত ফলাফল পাওয়া যাবে না। এছাড়া ব্যাংকিং খাত থেকে সরকারের ঋণ গ্রহণ বাড়লে বেসরকারি বিনিয়োগ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কাও রয়েছে।
তিনি বলেন, অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারণে ঋণের ওপর নির্ভরতা বাড়ছে। উন্নয়ন ব্যয় বৃদ্ধি কর্মসংস্থান সৃষ্টি ও আয়ের সুযোগ বাড়াতে সহায়ক হলেও রাজস্ব আহরণ কীভাবে বাড়ানো হবে, সে বিষয়েও কার্যকর পরিকল্পনা থাকতে হবে।
সিপিডির নির্বাহী পরিচালক বলেন, এটি বর্তমান সরকারের প্রথম বাজেট এবং এমন এক সময়ে উপস্থাপিত হয়েছে যখন অর্থনীতি একাধিক চ্যালেঞ্জের মুখোমুখি। দীর্ঘদিনের উচ্চ মূল্যস্ফীতি, দুর্বল অর্থনৈতিক প্রবৃদ্ধি, বেসরকারি বিনিয়োগে স্থবিরতা, কর্মসংস্থানের সংকট, রাজস্ব ঘাটতি এবং ব্যাংকিং খাতের দুর্বলতা এখনো বড় উদ্বেগের বিষয়। বৈদেশিক মুদ্রার রিজার্ভ কিছুটা স্থিতিশীল হলেও জ্বালানি খাতের অনিশ্চয়তা অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ হিসেবে রয়ে গেছে।
তিনি আরও বলেন, বাজেটের মূল দর্শন হচ্ছে মানব উন্নয়ন, বেসরকারি খাতনির্ভর প্রবৃদ্ধি এবং সামাজিক সুরক্ষার মাধ্যমে অর্থনৈতিক পুনরুদ্ধার নিশ্চিত করা। অবকাঠামো উন্নয়নের পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, উদ্যোক্তা উন্নয়ন এবং জনকল্যাণমূলক কার্যক্রমেও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
সিপিডির পর্যবেক্ষণ অনুযায়ী, প্রস্তাবিত বাজেটের বিভিন্ন অগ্রাধিকার বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। বিশেষ করে কর্মসংস্থান সৃষ্টি, বেসরকারি বিনিয়োগে উৎসাহ, ব্যবসাবান্ধব পরিবেশ গঠন, নিয়ন্ত্রণ শিথিলকরণ এবং সামাজিক খাতের উন্নয়নের বিষয়গুলোতে মিল লক্ষ্য করা যায়। তবে বাজেটের সফলতা এর আকারে নয়, বরং বাস্তবায়নের দক্ষতার ওপর নির্ভর করবে বলেও মন্তব্য করে সংস্থাটি।
সংবাদ সম্মেলনে শিক্ষা ও স্বাস্থ্য খাতে বরাদ্দ বৃদ্ধি ইতিবাচক হিসেবে তুলে ধরা হলেও কৃষি খাতে বরাদ্দ কমে যাওয়াকে উদ্বেগজনক বলে উল্লেখ করা হয়।
কালো টাকা বৈধ করার সুযোগেরও সমালোচনা করেন ফাহমিদা খাতুন। তার মতে, এ ধরনের সুবিধা সৎ করদাতাদের প্রতি বৈষম্যমূলক আচরণ এবং কর ব্যবস্থার ন্যায্যতাকে ক্ষুণ্ন করে। অপ্রদর্শিত আয় স্বল্প কর দিয়ে বৈধ করার সুযোগ অর্থনৈতিক বৈষম্যকে আরও বাড়িয়ে দিতে পারে।
তিনি বলেন, চলতি অর্থবছরের বাজেট বাস্তবায়নের অভিজ্ঞতা বিবেচনায় নিলে আগামী অর্থবছরের বিশাল বাজেট বাস্তবায়নই সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে।
সংবাদ সম্মেলনে সিপিডির সম্মাননীয় ফেলো অধ্যাপক মোস্তাফিজুর রহমানসহ সংস্থাটির অন্যান্য গবেষক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বাজেটে মোট রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা। ফলে সামগ্রিক বাজেট ঘাটতির পরিমাণ দাঁড়াচ্ছে ২ লাখ ৪৩ হাজার কোটি টাকা।











