৫ জেলায় চালু হচ্ছে ই-হেলথ কার্ড
প্রধানমন্ত্রী জানান, সরকারের ১৮০ দিনের কর্মসূচির অংশ হিসেবে জনগণের জন্য ই-হেলথ কার্ড চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এ সংক্রান্ত একটি প্রকল্প বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। প্রকল্প বাস্তবায়ন হলে প্রথম পর্যায়ে খুলনা, নোয়াখালী, বগুড়া, সিরাজগঞ্জ ও নরসিংদী জেলার বাসিন্দারা এই সেবা পাবেন।
তিনি বলেন, ই-হেলথ কার্ডকে ইলেক্ট্রনিক রেফারেল সিস্টেম এবং ইলেক্ট্রনিক পেশেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমের সঙ্গে সংযুক্ত করা হবে, যার মাধ্যমে স্বাস্থ্যসেবা ব্যবস্থাপনা আরও আধুনিক ও কার্যকর হবে।
এ সময় সরকার ঘোষিত বিভিন্ন অগ্রাধিকারমূলক কর্মসূচির অগ্রগতির চিত্রও তুলে ধরা হয়। জানানো হয়, নারী প্রধানদের জন্য ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় এখন পর্যন্ত ৬০ হাজার ৪৪টি পরিবারকে কার্ড দেওয়া হয়েছে। কৃষক কার্ডের প্রি-পাইলট প্রকল্পে ২০ হাজার ৭৪৮ জন কৃষককে অন্তর্ভুক্ত করা হয়েছে। পাশাপাশি শস্য, ফসল, পশুপালন ও মৎস্য খাতে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করা হয়েছে।
ধর্মীয় প্রতিষ্ঠান সংশ্লিষ্ট ব্যক্তিদের জন্য মাসিক ভাতা কর্মসূচির আওতায় বর্তমানে ৪ হাজার ৯০৮টি মসজিদ, ৯৯০টি মন্দির, ১৪৪টি বৌদ্ধ বিহার ও প্যাগোডা এবং ৩৯৬টি গির্জায় কর্মরত ব্যক্তিরা সম্মানী পাচ্ছেন। ভবিষ্যতে এই সুবিধা আরও বিস্তৃত করার পরিকল্পনা রয়েছে।
এছাড়া বিভিন্ন মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে ৬৬৬টি খাল খনন ও পুনঃখনন কার্যক্রম চলমান রয়েছে, যার মোট দৈর্ঘ্য ৯৬৫ কিলোমিটারের বেশি। পরিবেশ সুরক্ষা ও কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যে আসন্ন বর্ষা মৌসুমে প্রায় ৩ কোটি ১৪ লাখ গাছের চারা রোপণের পরিকল্পনাও রয়েছে।
শিক্ষা খাতে আগামী অর্থবছরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২ লাখ শিক্ষার্থীর মধ্যে বিনামূল্যে স্কুল ড্রেস বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি পর্যায়ক্রমে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ‘ওয়ান টিচার, ওয়ান ট্যাব’ কর্মসূচি বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে।
বিদেশে উচ্চশিক্ষার সুযোগ বাড়াতে ল্যাঙ্গুয়েজ স্টুডেন্ট ভিসার বিপরীতে জামানতবিহীন ঋণের সীমা ৩ লাখ টাকা থেকে বাড়িয়ে ১০ লাখ টাকা করা হয়েছে। বিশেষ করে জাপানগামী শিক্ষার্থীদের জন্য ঋণ প্রাপ্তির প্রক্রিয়া আরও সহজ করা হয়েছে।
এদিকে ২০৩০ সালের মধ্যে মোট বিদ্যুতের ২০ শতাংশ নবায়নযোগ্য উৎস থেকে উৎপাদনের লক্ষ্যে রুফটপ সোলার ও নেট মিটারিং ব্যবস্থার মাধ্যমে ইতোমধ্যে ৩৫ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে।
ক্রীড়া প্রতিভা বিকাশের লক্ষ্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ কর্মসূচি চালু করেছে। এতে ১২ থেকে ১৪ বছর বয়সী শিশু-কিশোরদের জন্য ফুটবল, ক্রিকেট, কাবাডি, অ্যাথলেটিকস, ব্যাডমিন্টন, দাবা, সাঁতার ও মার্শাল আর্টসহ আটটি খেলা অন্তর্ভুক্ত করা হয়েছে।











