সাগরে লঘুচাপের আভাস, জুনে দুই দফা বৃষ্টির সম্ভাবনা
আমাদের ব্রাহ্মণবাড়িয়া
জুন ৪, ২০২৬
নিজস্ব প্রতিবেদক : চলতি জুন মাসে বঙ্গোপসাগরে অন্তত দুটি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার একটি মৌসুমি নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। এতে দেশের বিভিন্ন অঞ্চলে দফায় দফায় বৃষ্টি ও বজ্রঝড় হতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে বলা হয়েছে, জুনের প্রথমার্ধেই দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু সারাদেশে বিস্তার লাভ করতে পারে। তবে মাসজুড়ে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহও অব্যাহত থাকতে পারে, ফলে দেশের সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৪০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে।
পূর্বাভাসে আরও বলা হয়, সপ্তাহব্যাপী বজ্রঝড়সহ বিচ্ছিন্ন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এতে উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল ও দক্ষিণ-পূর্বাঞ্চলের নদ-নদীর পানি সময়ে সময়ে বৃদ্ধি পেতে পারে।
এ ছাড়া এ মাসে গড় বাষ্পীভবন ৩.৫ থেকে ৫.৫ মিলিমিটার এবং সূর্য কিরণকাল দৈনিক ৬ থেকে ৮ ঘণ্টা থাকার সম্ভাবনার কথাও জানানো হয়েছে।
এদিকে আজ ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের চারটি অঞ্চলে ঝড়ো হাওয়ার সতর্কতা জারি করা হয়েছে। বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।
তবে সামগ্রিকভাবে দেশের বেশিরভাগ অঞ্চলে এখনো মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ অব্যাহত রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।