বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

স্থানীয় নির্বাচনে বড় সংস্কারের পথে ইসি

news-image

আসাদুর রহমান

জাতীয় সংসদ নির্বাচনের পর আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে কেন্দ্র করে বড় ধরনের পরিবর্তনের উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ইউনিয়ন পরিষদ, পৌরসভা, উপজেলা পরিষদ ও সিটি করপোরেশন নির্বাচনে এবার দলীয় প্রতীক, পোস্টার এবং ইভিএম ব্যবহারের সুযোগ থাকছে না বলে প্রাথমিকভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রস্তাবিত সংস্কারে স্বতন্ত্র প্রার্থী হতে ভোটারদের সমর্থনসূচক স্বাক্ষর দেওয়ার বাধ্যবাধকতাও তুলে দেওয়া হতে পারে। পাশাপাশি জামানতের পরিমাণ বাড়ানোর পরিকল্পনা রয়েছে কমিশনের। নির্বাচনে সংসদ সদস্যদের প্রভাব কমাতে নতুন বিধিনিষেধ যুক্ত করার বিষয়েও আলোচনা চলছে।

ইসি সূত্র জানায়, কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দলের সঙ্গে পূর্ব সম্পৃক্ততা থাকলেও তা প্রার্থিতার ক্ষেত্রে সরাসরি বাধা হিসেবে বিবেচিত হবে না। মূল গুরুত্ব থাকবে আচরণবিধি মানার ওপর।

নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদ বলেন, নির্বাচনে প্রার্থীদের জন্য আচরণবিধি মেনে চলার অঙ্গীকারনামা রাখা হতে পারে, তবে এটি বাধ্যতামূলক নাও থাকতে পারে। তার মতে, অঙ্গীকার থাকুক বা না থাকুক, আচরণবিধি মানতেই হবে। ফলে এটি পরবর্তীতে বাতিলও হতে পারে।

তিনি আরও জানান, স্থানীয় নির্বাচনে পোস্টার নিষিদ্ধ করা, অনলাইন মনোনয়ন ব্যবস্থা পুনর্বিবেচনা এবং স্বতন্ত্র প্রার্থিতার শর্ত সহজ করার বিষয়েও আলোচনা চলছে। এছাড়া উপজেলা পর্যায়ে সংসদ সদস্যদের প্রভাব কমাতে নির্বাচনী সময়ে তাদের উপস্থিতি নিয়ন্ত্রণের চিন্তাও রয়েছে।

ইসি কর্মকর্তারা জানিয়েছেন, সংস্কার প্রস্তাব নিয়ে আগামী ১৫ জুনের মধ্যে অংশীজন ও নাগরিকদের মতামত নিয়ে খসড়া প্রকাশ করা হবে। জুন মাসের মধ্যেই চূড়ান্ত বিধিমালা সম্পন্ন করার লক্ষ্য রয়েছে।

এদিকে নির্বাচনী আচরণবিধি ও বিধিমালা চূড়ান্ত করার আগে রাজনৈতিক দল, সুশীল সমাজ, বিশেষজ্ঞ ও গণমাধ্যম প্রতিনিধিদের সঙ্গে সংলাপ করার পরিকল্পনা করেছে ইসি। কোন স্তরের স্থানীয় নির্বাচন আগে হবে, সে বিষয়েও মতামত নেওয়া হবে।

প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, ইউনিয়ন পরিষদ নির্বাচন দিয়েই স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে। এরপর ধাপে ধাপে উপজেলা, পৌরসভা ও সিটি করপোরেশন নির্বাচন সম্পন্ন করা হবে। এতে মোট ৩২টি ধাপে ভোট গ্রহণের প্রয়োজন হতে পারে।

ইসি জানিয়েছে, বর্তমানে দেশে ৪ হাজারের বেশি ইউনিয়ন পরিষদ, ৪৯৫টি উপজেলা, ৩৩০টি পৌরসভা ও ১২টি সিটি করপোরেশন নির্বাচনের উপযোগী অবস্থায় রয়েছে। সরকার চাইলে নভেম্বরের মধ্যেই প্রথম ধাপের নির্বাচন শুরু করা সম্ভব হতে পারে।

নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে মাঠ পর্যায়ে ব্যালট বাক্স ও অন্যান্য সরঞ্জামের চাহিদা যাচাই করছে কমিশন। ইসি কর্মকর্তাদের দাবি, বিদ্যমান সরঞ্জাম ও অতিরিক্ত সংগ্রহের কারণে বড় ধরনের ঘাটতির আশঙ্কা নেই।

ইসির মতে, স্থানীয় সরকার নির্বাচনের কাঠামোতে পরিবর্তনের লক্ষ্য হলো নির্বাচনকে আরও অংশগ্রহণমূলক, স্বচ্ছ এবং প্রতিযোগিতামূলক করা, যেখানে দলীয় প্রভাবের চেয়ে আচরণবিধির বাস্তব প্রয়োগকে বেশি গুরুত্ব দেওয়া হবে।