নিজস্ব প্রতিবেদক : যশোরের চৌগাছায় কথিত ‘বন্দুকযুদ্ধ’ ঘটনার আড়ালে ছাত্রশিবিরের দুই নেতাকে গুলির ঘটনায় দায়ের হওয়া মানবতাবিরোধী অপরাধ মামলার আনুষ্ঠানিক বিচার আজ থেকে শুরু হচ্ছে। মামলায় মোট আটজন আসামির বিরুদ্ধে সূচনা বক্তব্য ও সাক্ষ্যগ্রহণ কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে।
সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বেঞ্চে মামলার কার্যক্রম পরিচালিত হবে। এর মাধ্যমে অভিযোগের পক্ষে প্রমাণ উপস্থাপনের আনুষ্ঠানিক ধাপ শুরু হচ্ছে।
মামলার তিনজন আসামি বর্তমানে কারাগারে রয়েছেন। তারা হলেন চৌগাছা থানার তৎকালীন উপপরিদর্শক আকিকুল ইসলাম এবং কনস্টেবল সাজ্জাদুর রহমান ও জহরুল হক। অন্যদিকে সাবেক পুলিশ সুপার আনিসুর রহমানসহ আরও পাঁচজন আসামি পলাতক রয়েছেন।
পলাতক আসামিদের মধ্যে রয়েছেন তৎকালীন ওসি মশিউর রহমান, এসআই মোখলেছ, এসআই জামাল এবং এসআই মাজেদুলসহ মোট পাঁচজন।
এর আগে ২০ এপ্রিল ট্রাইব্যুনাল আট আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দেয়। তখন কারাগারে থাকা আসামিরা নিজেদের নির্দোষ দাবি করে ন্যায়বিচারের আবেদন জানান।
প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, ২০১৬ সালের ৩ আগস্ট চৌগাছা এলাকায় ছাত্রশিবিরের দুই নেতা ইসরাফিল হোসেন ও রুহুল আমিনকে আটক করা হয়। তাদের আদালতে না পাঠিয়ে দুই দিন ধরে নির্যাতন চালানো হয় বলে অভিযোগ রয়েছে।
পরবর্তীতে ‘বন্দুকযুদ্ধ’ সাজিয়ে তাদের গুলি করা হয় এবং গুরুতর আহত অবস্থায় ফেলে রাখা হয় বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে। আরও বলা হয়, আহতদের ক্ষতস্থানে বালু ঢুকিয়ে ব্যান্ডেজ করা হয় এবং পরে তাদের বিরুদ্ধে অস্ত্র মামলা দেওয়া হয়, যা পরবর্তীতে মিথ্যা প্রমাণিত হয়।
আহতদের শারীরিক অবস্থার অবনতি হলে সংক্রমণ ছড়িয়ে পড়ে এবং শেষ পর্যন্ত তাদের একটি পা কেটে ফেলতে হয় বলেও মামলার নথিতে উল্লেখ করা হয়েছে।