ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার
আমাদের ব্রাহ্মণবাড়িয়া
জুন ১, ২০২৬
নিজস্ব প্রতিবেদক : পবিত্র ঈদুল আজহার ছুটি শেষে আজ সোমবার থেকে দেশের সরকারি-বেসরকারি অফিস, আদালত, ব্যাংক, বিমা প্রতিষ্ঠান ও পুঁজিবাজারের নিয়মিত কার্যক্রম পুনরায় শুরু হচ্ছে।
সরকারি ছুটি চলেছিল ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত। দীর্ঘ বিরতির পর কর্মস্থলে ফিরে আসছেন বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা, যার ফলে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় স্বাভাবিক কর্মব্যস্ততা ফেরত এসেছে।
ছুটির সময়ও জরুরি সেবা বন্ধ থাকেনি। বিদ্যুৎ, গ্যাস, পানি, জ্বালানি, ফায়ার সার্ভিস, পরিচ্ছন্নতা, টেলিযোগাযোগ, ডাক ও স্বাস্থ্যসেবা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ খাত সচল ছিল। হাসপাতাল ও জরুরি চিকিৎসা সেবা চালু ছিল এবং ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম সরবরাহ অব্যাহত ছিল।
আজ থেকে ব্যাংকিং সেবা স্বাভাবিক সময়সূচিতে চলবে। গ্রাহকরা সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত লেনদেন করতে পারবেন, আর ব্যাংকের অফিস কার্যক্রম চলবে বিকেল ৫টা পর্যন্ত। একই সময়সূচিতে বিমা প্রতিষ্ঠানের কার্যক্রমও পরিচালিত হবে।
ঈদের ছুটি শেষে শেয়ারবাজারও স্বাভাবিক হচ্ছে। ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে আজ থেকে নিয়মিত লেনদেন শুরু হবে। শেয়ার কেনাবেচা চলবে সকাল ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত, আর অফিস কার্যক্রম থাকবে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।