ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা
আজ রোববার সকাল থেকে গাবতলী, সায়েদাবাদ, মহাখালী বাস টার্মিনাল, কমলাপুর রেলস্টেশন ও সদরঘাট লঞ্চ টার্মিনালে রাজধানীমুখী যাত্রীর উপস্থিতি বাড়তে দেখা গেছে। তবে কোথাও অতিরিক্ত ভিড় বা পরিবহন সংকট দেখা যায়নি।
দক্ষিণাঞ্চল থেকে লঞ্চে ফেরা যাত্রীরা জানিয়েছেন, নদীপথের যাত্রা স্বস্তিদায়ক হয়েছে এবং লঞ্চগুলো সময়মতো পৌঁছেছে। ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, কিশোরগঞ্জ ও গাজীপুর থেকে আসা বাসগুলোর যাত্রী চাপও স্বাভাবিক ছিল। কাউন্টারগুলোতে দীর্ঘ লাইন না থাকায় যাত্রীরা সহজে গন্তব্যে পৌঁছেছেন।
পরিবহন সংশ্লিষ্টরা বলেন, দীর্ঘ ছুটির কারণে মানুষ ধাপে ধাপে ঢাকায় ফিরছেন, ফলে চাপ কয়েক দিনে ভাগ হয়েছে। শেরপুর থেকে আসা এক বাসের হেলপার রবিউল ইসলাম বলেন, “আগের মতো হুড়োহুড়ি ছাড়াই যাত্রীরা স্বাভাবিকভাবে ফিরছেন।”
যাত্রীদের মতে, এবারের ঢাকা ফেরা ছিল তুলনামূলক আরামদায়ক, কারণ সড়ক ফাঁকা, যান চলাচল স্বাভাবিক এবং পর্যাপ্ত পরিবহন ছিল। তবে অফিস ও প্রতিষ্ঠান খোলার পর বিকেল ও সন্ধ্যায় ঢাকায় ফিরতে চাপে বৃদ্ধি হতে পারে।











