জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
এ সময় ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মো. হেলাল উদ্দীন, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী, পুলিশের মহাপরিদর্শক মো. আলী হোসেন ফকির, বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকীসহ প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দীর্ঘদিনের রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও অব্যবস্থাপনার কারণে জঙ্গল সলিমপুরে অপরাধী চক্রের শক্ত অবস্থান তৈরি হয়েছিল। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর চট্টগ্রামের বিভিন্ন এলাকায় সংঘটিত সন্ত্রাসী কর্মকাণ্ড, চাঁদাবাজি এবং ব্যবসায়ীদের লক্ষ্য করে হামলার ঘটনা গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয়। এর পরিপ্রেক্ষিতে গত ৯ মার্চ আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে যৌথ অভিযান পরিচালনা করা হয়।
তিনি জানান, এলাকায় সন্ত্রাসীরা সিসিটিভি ও পাহারাব্যবস্থা গড়ে তুলে নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করেছিল। যৌথ অভিযানে সেই কাঠামো ভেঙে দেওয়া হয়েছে। তবে তথ্য ফাঁসের কারণে কিছু ক্ষেত্রে অভিযানের মূল উদ্দেশ্য পুরোপুরি বাস্তবায়ন করা সম্ভব হয়নি বলেও উল্লেখ করেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, র্যাবের নির্মাণাধীন ক্যাম্প ভাঙচুরের ঘটনাসহ রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িতদের শনাক্ত করা হচ্ছে। এর পেছনে থাকা ভূমিদস্যু ও মূল পরিকল্পনাকারীদের খুঁজে বের করতে তদন্ত চলছে।
স্থানীয় বাসিন্দাদের উদ্দেশে তিনি বলেন, যারা বিভিন্ন কারণে এলাকায় বসবাস করছেন, তাদের তাৎক্ষণিকভাবে উচ্ছেদ করার কোনো পরিকল্পনা নেই। প্রকৃত বাসিন্দাদের জন্য দীর্ঘমেয়াদি পুনর্বাসন পরিকল্পনা গ্রহণ করা হবে। এ বিষয়ে গুজব বা অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখার আহ্বান জানান তিনি।
এলাকার যোগাযোগব্যবস্থা উন্নয়নের পরিকল্পনার কথাও তুলে ধরেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, সলিমপুর ইউনিয়নের সঙ্গে সীতাকুণ্ড, ভাটিয়ারী-হাটহাজারী সংযোগ সড়ক এবং চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সংযোগ বাড়িয়ে আধুনিক সড়ক নেটওয়ার্ক গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি পুলিশ, বিজিবি, র্যাবসহ বিভিন্ন বাহিনীর কার্যক্রম জোরদারে প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়নের কাজও চলছে।
তিনি আরও জানান, বায়েজিদ লিংক এলাকার খাস জমিতে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার স্থানান্তরের দীর্ঘদিনের প্রকল্প বাস্তবায়নে জেলা প্রশাসনকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে জঙ্গল সলিমপুরের পাশাপাশি বেতুয়া ও চা-বাগান এলাকায় অপরাধী চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জনগণের সহযোগিতায় দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করাই সরকারের প্রধান লক্ষ্য। এ কাজে গণমাধ্যম ও সচেতন নাগরিকদের সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।











