অনলাইন ডেস্ক : চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডে নতুন তথ্য পেয়েছে তদন্তকারীরা। প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা পূর্বপরিকল্পিতভাবে তার গাড়ির গতিরোধ করে খুব কাছ থেকে গুলি চালায়। বুধবার রাতে ভারতের পশ্চিমবঙ্গ-এর মধ্যমগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, হামলার সময় একটি ভুয়া নম্বরপ্লেটযুক্ত গাড়ি রাস্তার মাঝখানে অবস্থান নেয়। এতে চন্দ্রনাথ রথের গাড়ি থামতে বাধ্য হয়। ঠিক তখনই মোটরসাইকেলে থাকা হামলাকারীরা গুলি চালায়।
পুলিশের তথ্যমতে, রাত সাড়ে ১০টার দিকে দোলতলা এলাকায় এ হামলা চালানো হয়। দুর্বৃত্তরা আগে থেকেই চন্দ্রনাথের গাড়িকে অনুসরণ করছিল এবং সুযোগ বুঝে অন্তত চার রাউন্ড গুলি ছোড়ে।
ঘটনার পর ব্যবহৃত গাড়িটি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়। তদন্তে দেখা গেছে, গাড়িটির নম্বরপ্লেট ছিল ভুয়া এবং চেসিস নম্বরও পরিবর্তনের চেষ্টা করা হয়েছিল। হামলায় ব্যবহৃত মোটরসাইকেলগুলোতেও কোনো নম্বরপ্লেট ছিল না।
সিদ্ধ নাথ গুপ্তা জানান, পুরো ঘটনাটি অত্যন্ত সুপরিকল্পিতভাবে ঘটানো হয়েছে। হামলাকারীদের শনাক্ত করতে তদন্ত জোরদার করা হয়েছে।
হাসপাতাল সূত্রে জানা যায়, গুরুতর আহত অবস্থায় চন্দ্রনাথ রথকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকদের মতে, তার বুকে দুটি এবং পেটে একটি গুলি লাগে। পরে মরদেহ পাঠানো হয় বারাসাত মেডিকেল কলেজ হাসপাতালে।
এক প্রত্যক্ষদর্শীর দাবি, হামলাকারীরা ছিল পেশাদার এবং তারা খুব কাছ থেকে গুলি চালিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। তদন্তকারীরা আরও জানিয়েছেন, হামলাকারীরা প্রায় ৪০ মিনিট ধরে এলাকায় অবস্থান করছিল। নিহতের গাড়িতে বিধানসভার স্টিকার থাকায় তাকে সহজেই শনাক্ত করা সম্ভব হয়েছিল বলে ধারণা করা হচ্ছে।
এ ঘটনায় রাজনৈতিক অঙ্গনেও উত্তেজনা তৈরি হয়েছে। বিজেপি নেতারা ঘটনার জন্য তৃণমূল কংগ্রেসকে দায়ী করে কঠোর সমালোচনা করেছেন এবং নিরপেক্ষ তদন্ত দাবি করেছেন। যদিও তৃণমূল কংগ্রেস আনুষ্ঠানিকভাবে হত্যাকাণ্ডের নিন্দা জানিয়েছে।
ঘটনার খবর পেয়ে দ্রুত হাসপাতালে যান শুভেন্দু অধিকারী ও বিজেপির অন্যান্য নেতারা। পরে শুভেন্দু অধিকারী বলেন, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না এবং দোষীদের আইনের আওতায় আনা হবে।