জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে অস্বস্তিতে সাধারণ মানুষ
মাহমুদুল হাসান
জ্বালানি সংকটে পুরো দেশ যখন নাজেহাল, এমন পরিস্থিতিতে সরকারের তেলের দাম বৃদ্ধিতে সাধারণ মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। দাম বৃদ্ধিকে কেউ কেউ স্বাভাবিকভাবে নিলেও অনেকের মধ্যে হতাশা ও ক্ষোভ লক্ষ করা গেছে।
গত ১৮ এপ্রিল সরকার জ্বলানির দাম বৃদ্ধি করে। অকটেন লিটার প্রতি ২০ টাকা বৃদ্ধি পেয়ে ১৪০ টাকা হয়েছে। পেট্রল ১৯ টাকা বৃদ্ধি পেয়ে ১৩৫ টাকা এবং ডিজেল ১৫ টাকা বৃদ্ধি পেয়ে ১১৫ টাকায় পৌঁছেছে। এলপিজি বৃদ্ধি পেয়েছে কেজিপ্রতি ১৭.৬২ টাকা। নতুন দাম কার্যকর হয় গত রবিবার থেকে।
দাম বৃদ্ধির প্রভাব পড়ছে পরিবহন খাতে। সরকার থেকে নতুন ভাড়ার চার্ট না আসায় এখনও বর্ধিত ভাড়া নেওয়া শুরু হয়নি। শিগগিরই ভাড়া বৃদ্ধি পাবে। মালিক ও পরিবহন সংগঠনগুলো ভাড়া বৃদ্ধির জন্য তৎপরতা শুরু করেছে।
গত রবিবার বাংলাদেশ লঞ্চ মালিকদের সংগঠন অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের চেয়ারম্যান বরাবর পাঠানো এক চিঠিতে সর্বোচ্চ ৪২ শতাংশ পর্যন্ত ভাড়া বাড়ানোর প্রস্তাব দিয়েছে। বাস মালিক সমিতি ঢাকা ও চট্টগ্রামসহ মহানগরীগুলোতে বাস ভাড়া ৬৪ শতাংশ এবং দূরপাল্লার বাসে ৩৭ শতাংশ বাড়ানোর প্রস্তাব করেছে।
বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ও পরিবহন মালিক শ্রমিক সংগঠনের মধ্যে গত রবিবার বাস-মিনিবাসের ভাড়া পুনর্নির্ধারণের বিষয়ে বৈঠক হয়। বৈঠকের সুপারিশ সোমবার মন্ত্রণালয়ে পাঠানো হলে সড়ক পরিবহন মন্ত্রণালয় চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে প্রজ্ঞাপন জারি করবে।
বাংলাদেশ যাত্রীকল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী সংবাদ সম্মেলনে বলেন, সম্প্রতি জ্বালানি তেলের মূল্য তিন দফা কমার পরিপ্রেক্ষিতে প্রতি ১ টাকায় ১ পয়সা হারে বাস ভাড়া কমানো হয়েছে। এই সূত্র ধরে এবার প্রতিটি লিটারে ১৫ টাকা মূল্য বৃদ্ধির কারণে বাস ভাড়া প্রতি কিলোমিটারে সর্বোচ্চ ১৫ পয়সা বাড়ানো যেতে পারে। অন্যথা হলে যাত্রীকল্যাণ সমিতি কঠিন ও কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবে। এসব বিষয় সুরাহার জন্য তিনি সড়ক পরিবহনমন্ত্রী ও প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।
মিরপুর থেকে ফার্মগেট যাওয়ার পথে এক বাসযাত্রী শাওন হাসনাত খাঁন বলেন, ইতোমধ্যেই দেশে মূল্যস্ফীতি অনেক বেড়ে গেছে। তেলের দাম বাড়লে গাড়ি ভাড়াসহ সবকিছুরই দাম বাড়বে। মানুষের জীবন অতিষ্ঠ হয়ে উঠবে। আমি একটি বেসরকারি প্রতিষ্ঠানে মার্কেটিংয়ে চাকরি করি। আমার নিয়মিত বাসে যাতায়াত করতে হয়। গাড়ি ভাড়া বাড়লে কি আমার বেতন বাড়বে? তিনি আক্ষেপ করে বলেন, খরচ বেড়ে গেলে ঢাকা শহরে আর টিকতে পারব না।
করপোরেট প্রতিষ্ঠানে কর্মরত রাবিয়া জাহান বলেন, ইতোমধ্যেই বাসের সংকট শুরু হয়ে গেছে। ২০ মিনিট ধরে বাসের অপেক্ষা করছি; কিন্তু পাচ্ছি না। জ্বালানি সংকট ও দাম বৃদ্ধির প্রভাবে যদি বাস কমে যায়, তা হলে আমাদের সঠিক সময় অফিস করা অনেক কঠিন হয়ে যাবে। এ ছাড়াও বাসে এখন আগের চেয়ে অনেক ভিড় বেড়ে গেছে, যা একজন নারী হিসেবে অস্বস্তির সৃষ্টি করে।
মালামাল পরিবহনকারী ট্রাকের ভাড়া বেড়ে গেছে অনেক বেশি। ভাড়া বৃদ্ধির কারণে হিসেবে ট্রাক মালিকরা জ্বালানির দাম বৃদ্ধির চেয়েও জ্বালানির অপর্যাপ্ততাকে দায়ী করছেন। বাংলাদেশ ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম বলেন, আমরা ট্রাক মালিকরাও ক্ষতির মধ্যে আছি। গাড়িগুলো স্ট্যান্ডে বসিয়ে রাখতে হচ্ছে। জ্বালানির কারণে ট্রাকগুলো কোনো ট্রিপ মারতে পারছে না। দূরবর্তী স্থানে যাওয়া খুব কষ্টকর হয়ে যাচ্ছে। ট্রাক বড় ধরনের পরিবহন। মাঝ রাস্তায় যদি তেল শেষ হয়ে যায় সে ক্ষেত্রে একে ঠেলে কোথাও নেওয়া যাবে না। তিনি বলেন, ঢাকা থেকে চট্টগ্রাম যেতে ১২০-৩০ লিটার তেল লাগে। পাম্পে তেল দেয় মাত্র ২০ লিটার। পাম্পগুলোতে প্রচুর পরিমাণে দুর্নীতি হচ্ছে। পাম্প মালিকরা অনৈতিকভাবে তেল অতিরিক্ত দামে খোলা বাজারে বিক্রি করছে আর আমাদের তেল দিচ্ছে না। কিন্তু তাদের ২০০০ টাকা ঘুষ দিলেই ১০০ লিটার পর্যন্ত দিয়ে দিচ্ছে। এসবের সমাধান হওয়া দরকার।
জ্বালানির মূল্যবৃদ্ধির প্রভাব পড়ছে নিত্যপ্রয়োজনীয় পণ্যের ওপর। গতকাল সরেজমিনে কারওয়ানবাজারে দেখা যায় কাঁচা বাজারের দাম ঊর্ধ্বমুখী।
কারওয়ানবাজারের ব্যবসায়ী মনির হোসেন বলেন, গতকাল বেগুন বিক্রি করেছি ৮০ টাকায়। আজ ১০০ টাকায় বিক্রি হচ্ছে। ২০ টাকা দাম বেড়েছে। কাঁচা বাজারের দাম ওঠানামা করে। মাত্র তো তেলের দাম বাড়ল। সামনে হয়তোবা কাঁচামালের দাম আরও বাড়বে।
কারওয়ানবাজারের কাঁচামরিচ বিক্রেতা আরিফুল আমাদের সময়কে বলেন, মরিচ পাইকারি কেজিতে ১০ টাকা বেড়েছে। গতকাল (রবিবার) ৩৫ টাকা করে কিনেছি। আজকে (সোমবার) ৪৫ টাকায় কিনলাম। আমরা ১০ টাকা লাভে ৫৫ টাকায় বিক্রি করছি।











