কিংবদন্তি সঙ্গীতশিল্পী আশা ভোঁসলের জীবনাবসান
বিনোদন ডেস্ক : ভারতের কিংবদন্তি সঙ্গীতশিল্পী আশা ভোঁসলে আর নেই। রোববার মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর। আশার ছেলে আনন্দ ভোঁসলে তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি, হিন্দুস্তান টাইমস ও আনন্দবাজারের তথ্য অনুযায়ী, শনিবার সন্ধ্যা থেকে অসুস্থ বোধ করছিলেন তিনি। একপর্যায়ে হৃদরোগে আক্রান্ত হলে দ্রুত তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার দুপুরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আশা ভোঁসলে।
১৯৩৩ সালে ভারতের মহারাষ্ট্র রাজ্যের এক মারাঠি পরিবারে জন্মগ্রহণ করেন আশা। তার বাবা পণ্ডিত দীননাথ মঙ্গেশকর। ভারতের আরেক কিংবদন্তি সঙ্গীতশিল্পী লতা মঙ্গেশকর তার বড় বোন।
দীননাথ মঙ্গেশকর ছিলেন সে সময়ের খ্যাতিমান মঞ্চ ব্যক্তিত্ব ও শাস্ত্রীয় সঙ্গীতশিল্পী। ছোটবেলায় বাবার কাছেই সঙ্গীতে তালিম নেন আশা। পরবর্তীতে বড় বোন লতা মঙ্গেশকরের সচিব গণপৎ রাও ভোঁসলের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন এবং বিয়ের পর ‘মঙ্গেশকর’ পদবি বাদ দিয়ে স্বামীর ‘ভোঁসলে’ পদবি গ্রহণ করেন। তবে এই বিয়ের কারণে একসময় পরিবার থেকে বিচ্ছিন্ন হন তিনি।
এই দম্পতির তিন সন্তান ছিল, কিন্তু তাদের দাম্পত্য জীবন সুখের ছিল না। ১৯৬০ সালে তাদের বিবাহবিচ্ছেদ ঘটে। এরপর ১৯৮০ সালে ভারতের প্রখ্যাত সঙ্গীত পরিচালক রাহুল দেব বর্মণের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন আশা।
দীর্ঘ কর্মজীবনে হিন্দি, বাংলা সহ বিভিন্ন ভাষায় হাজার হাজার গান গেয়েছেন তিনি। শাস্ত্রীয়, আধুনিক, গজল থেকে ক্যাবারে—সব ধারার সঙ্গীতে নিজের স্বতন্ত্রতা প্রমাণ করেছেন। তার গাওয়া অসংখ্য গান আজও সমান জনপ্রিয় এবং প্রজন্মের পর প্রজন্মকে মুগ্ধ করে চলেছে।
পারিবারিক সংকটের কারণে অল্প বয়সেই গান গেয়ে জীবিকা নির্বাহ শুরু করেন আশা। ১৯৪৩ সালে মাত্র ১০ বছর বয়সে মারাঠি চলচ্চিত্র ‘মাজে বাল’-এ গান গেয়ে সঙ্গীতজীবন শুরু করেন তিনি। পরবর্তী আট দশকে ২০টিরও বেশি ভাষায় প্রায় ১২ হাজার গান গেয়েছেন, যার বড় অংশই চলচ্চিত্রের প্লেব্যাক।
ভারতীয় সঙ্গীতে অসামান্য অবদানের জন্য জীবদ্দশায় বহু সম্মাননা পেয়েছেন আশা ভোঁসলে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো দাদাসাহেব ফালকে পুরস্কার এবং পদ্মবিভূষণ। ২০০০ সালে দাদাসাহেব ফালকে এবং ২০০৮ সালে পদ্মবিভূষণে ভূষিত হন তিনি।
উল্লেখ্য, হাসপাতালে ভর্তি হওয়ার পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তার সুস্থতা কামনা করে উদ্বেগ প্রকাশ করেছিলেন।











