তেলের মজুদ-কালোবাজারি ঠেকানো বড় চ্যালেঞ্জ
লুৎফর রহমান কাকন
ইরান যুদ্ধের প্রভাবে দেশে দেশে জ¦ালানি তেল সরবরাহব্যবস্থায় বাধা তৈরি হয়েছে। অধিকাংশ দেশে জ¦ালানি তেলের দাম বেড়েছে। এ ছাড়া আন্তর্জাতিক গণমাধ্যম সূত্রে জানা গেছে, অনেক দেশেই গাড়ির ব্যবহার কমিয়ে আনা হয়েছে। তবে বাংলাদেশে জ¦ালানি তেলের দাম বাড়ায়নি সরকার। তেল সরবরাহব্যবস্থায় কিছু পরিবর্তন এনেছে। তেলের মজুদ ঠেকাতে নানা ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে। সরকার এও বলেছে, আপাতত জ¦ালানি তেলের দাম বাড়ানো হবে না। একই সঙ্গে জ¦ালানি তেলের আমদানি অব্যাহত রেখেছে, যাতে প্রকট না হয়ে ওঠে সংকট। তবে সরকারের সামনে বড় চ্যালেঞ্জ হয়ে দেখা দিয়েছে জ¦ালানি তেলের অসৎ মজুদদারি ও কালোবাজারি ঠেকানো।
জ¦ালানি তেলের সরবরাহব্যবস্থা এবং মনিটরিংয়ের সঙ্গে সম্পৃক্ত জ¦ালানি বিভাগের একাধিক কর্মকর্তা আমাদের সময়কে বলেন, সাধারণ মানুষ যদি বিশ্বজুড়ে জ¦ালানি তেলের সংকট এবং যুদ্ধকালীন পরিস্থিতি বিবেচনা করে সরকারের নিয়ম মেনে জ¦ালানি তেল সংগ্রহ এবং জ¦ালানি ব্যবহারে সাশ্রয়ী হতো, তা হলে খুব সহজেই সংকটকালীন পরিস্থিতি সামাল দেওয়া যেত। কিন্তু আমাদের দেশের মানুষের যে কোনো সংকটে বিপরীত অবস্থান নেওয়ার বিষয়টি বাজেভাবে ফুটে ওঠে।
কর্মকর্তারা বলেন, একই মানুষ বারবার তেল সংগ্রহ করছে, পেট্রলপাম্প মালিক, ডিলার থেকে শুরু করে জ¦ালানি তেল ব্যবসার সঙ্গে সম্পৃক্ত বিভিন্ন মানুষের মধ্যে তেল মজুদ করার প্রবণতা প্রবলভাবে দেখা যাচ্ছে। এখন বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে মজুদদারি ঠেকানো। সরকার অবশ্য সব ধরনের উদ্যোগ গ্রহণ করছে। প্রত্যেক জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা, পুলিশ সুপার, বিভাগীয় কমিশনার সবাইকে তেলের মজুদ ঠেকাতে তৎপর থাকতে বলা হয়েছে মন্ত্রণালয় থেকে।
এদিকে জ¦ালানি বিভাগের যুগ্ম সচিব মনির হোসেন চৌধুরী সরবরাহব্যবস্থার সামগ্রিক বিষয়ে বলেন, সরকার জ¦ালানি তেল আমদানি অব্যাহত রেখেছে। তবে জ¦ালানি তেল মজুদ করে রাখার প্রবণতা আশঙ্কাজনক। আমরা সারাদেশে ২ হাজার ৪২২টি অভিযান পরিচালনা করেছি। ৬৭১টির বেশি মামলা হয়েছে। প্রায় ৫৫ লাখ ৪৯ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। মজুদদারির অপরাধে ১২ জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে। এ সময় প্রায় ২ লাখ ৮ হাজার ৬৫০ লিটার জ¦ালানি তেল জব্দ করা হয়েছে, যার মধ্যে ১ লাখ ৩৯ হাজার ৯৬৫ লিটার ডিজেল, ২২ হাজার ৫৩৯ লিটার অকটেন। পেট্রল রয়েছে ৪৬ হাজার ১৪৬ লিটার।
তিনি আরও বলেন, গতকাল দেশের সব পুলিশ সুপারের সঙ্গে বৈঠক করা হয়েছে। একই সঙ্গে বিভাগীয় কমিশনারদের সঙ্গে বৈঠক করা হয়েছে। তাদের সুনির্দিষ্ট দিকনির্দেশনা দেওয়া হয়েছে। তেলের মজুদ, কালোবাজারি প্রতিরোধে কঠোর হতে বলা হয়েছে।
এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক আরেকজন কর্মকর্তা বলেন, জ¦ালানি তেল মজুদ করার প্রবণতা নিয়ে গোয়েন্দা সংস্থার রিপোর্ট রয়েছে; যেখানে দেখা গেছে, তেলের সংকটকে রাজনৈতিভাবে ব্যবহার করতে চেষ্টা করছে একটি পক্ষ। যুদ্ধের কারণে এমনিতেই সরবরাহব্যবস্থা কিছুটা নড়বড়ে, সেখানে মজুদদারি করে বড় আকারে কৃত্রিম সংকট তৈরি করতে চায় একটি গোষ্ঠী। সরকার খতিয়ে দেখেছে যে একই লোক একাধিক পেট্রলপাম্পের মালিক, আবার একদিকে তেলের ডিলার, জ¦ালানি তেল পরিবহন মালিক। বিগত সময়গুলোতে কাকে কীভাবে জ¦ালানি তেলের ডিলারশিপ, পেট্রলপাম্পের অনুমোদন দেওয়া হয়েছে সেসব বিষয় খতিয়ে দেখার চেষ্টা করা হচ্ছে।
এদিকে দেশের প্রতিটি ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ দিয়েছে সরকার। গতকাল নির্ধারিত তাদের কর্মপরিধির মধ্যে রয়েছে- ফিলিং স্টেশনের দৈনিক প্রারম্ভিক মজুদ রেকর্ডভুক্ত করা, ডিপো থেকে সরবরাহ করা জ্বালানি তেল স্ব স্ব ফিলিং স্টেশনে উপস্থিত হয়ে পরিমাপ করে গ্রহণ করা এবং ফিলিং স্টেশনের পে-অর্ডার ও ডিপোর চালান-রিসিটের সাথে তেলের পরিমাণ মিলিয়ে দেখা। ফিলিং স্টেশনে ডিপ রড বা ডিপ স্টিকের মাধ্যমে সরবরাহ করা জ্বালানি তেল বুঝে নেওয়া। ফিলিং স্টেশনে সংরক্ষিত রেজিস্টারে ডিপো থেকে দৈনিক জ্বালানি তেল গ্রহণের হিসাব লেখা হয়েছে কিনা তা মনিটর করা। ফিলিং স্টেশনের ডিসপেন্সিং মেশিনের দৈনিক মিটার রিডিংসংক্রান্ত রেজিস্টার পর্যবেক্ষণ করে দৈনিক বিক্রির সাথে মিলিয়ে দেখা। দৈনিক বিক্রি শেষে ফিলিং স্টেশনের সমাপনী মজুদ পর্যালোচনা। ফিলিং স্টেশনের ডিসপেন্সিং মেশিনের পরিমাপ যথাযথ হচ্ছে কিনা তা নিয়মিত তদারকি করা। ফিলিং স্টেশন অনুমোদনপ্রাপ্তির সময় বিস্ফোরক পরিদপ্তর থেকে অনুমোদিত লে-আউট প্ল্যানে পণ্যভিত্তিক মজুদ ক্ষমতার তথ্য এবং বিদ্যমান মজুদ ক্ষমতার তথ্য যাচাই করা। ফিলিং স্টেশনের আশপাশে অননুমোদিত ট্যাংক-স্থাপনা আছে কিনা তা পরীক্ষা করা। ডিপো থেকে পাম্প এবং পাম্প থেকে ভোক্তা সরবরাহব্যবস্থা দৃশ্যমান করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা। প্রতিটি ডিপো, ট্যাঙ্কার, পাম্প এবং খুচরা বিক্রির তথ্য একত্রে পর্যবেক্ষণ করা এবং প্রতিটি পাম্পে দিনে অন্তত তিনবার (সকাল, দুপুর, সন্ধ্যা) স্টক আপডেট বাধ্যতামূলক করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা। ডিপো থেকে জ্বালানি নেওয়ার পর নির্দিষ্ট সময়ের মধ্যে খুচরা বিক্রি শুরু না করলে তা লঙ্ঘন হিসেবে গণ্য করতে হবে। উদাহরণস্বরূপ, জ্বালানি গ্রহণের ১ ঘণ্টার মধ্যে বিক্রি শুরু বাধ্যতামূলক করতে হবে। প্রথমবার সতর্কতা, দ্বিতীয়বার মোবাইল কোর্ট, তৃতীয়বার সাময়িক স্থগিতাদেশ ইত্যাদির জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা। পাম্প খোলা আছে কিনা, স্টক রেজিস্টার সঠিক আছে কিনা, ডিসপ্লে বোর্ড আছে কিনা, ক্যাশমেমো দেওয়া হচ্ছে কিনা, নির্ধারিত সীমা মানা হচ্ছে কিনা, কনটেইনারে অবৈধ বিক্রি হচ্ছে কিনা, সারি ব্যবস্থাপনা কেমনÑ এসব বিষয় জিও-ট্যাগ প্রমাণসহ রিপোর্ট করা।











