শনিবার, ২৮শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

খালেদা জিয়ার বাড়ি ভাঙার নেপথ্য কুশীলব ছিলেন মামুন খালেদ

news-image

আদালত প্রতিবেদক : প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক প্রধান শেখ মামুন খালেদের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সিদ্দিক আজাদ শুনানি শেষে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন। মিরপুর মডেল থানার জুলাই আন্দোলনের দেলোয়ার হোসেন হত্যা মামলায় ৭ দিনের রিমান্ড আবেদন করে তাকে সিএমএম আদালতে হাজির করা হয়। বুধবার মধ্যরাতে রাজধানীর পল্লবী থানার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।

গতকাল বৃহস্পতিবার তাকে আদালতে হাজির করে গোয়েন্দা পুলিশের এসআই কফিল উদ্দিন জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করেন। আদালত উভয়পক্ষে শুনানি শেষে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

অভিযোগ রয়েছে, ২০১০ সালের ১৩ নভেম্বর ঢাকা সেনানিবাসের শহীদ মঈনুল রোডের বাড়ি থেকে খালেদা জিয়াকে বের করে দেয় তৎকালীন আওয়ামী লীগ সরকার। এই কাজে যে ক’জন কুশীলব পেছন থেকে ভূমিকা পালন করেন তাদেরই একজন ডিজিএফআইয়ের

সাবেক মহাপরিচালক শেখ মামুন খালেদ। খালেদা জিয়াকে মঈনুল রোডের বাড়ি থেকে উচ্ছেদকালে তিনি ঘটনাস্থলে উপস্থিত থেকে সবকিছু তদারকি করেন। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ এ ব্যাপারে তাকে জিজ্ঞাসাবাদ করবে। এ ছাড়া অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের কাউন্সিলর চৌধুরী আলমসহ অসংখ্য গুম খুনের পেছনের মাস্টারমাইন্ড হলেন মামুন খালেদ। এ ছাড়া ডিজিএফআইয়ের আয়নাঘর গড়ে তোলার অন্যতম কারিগর হলেন মামুন খালেদ। এসব বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে গোয়েন্দা পুলিশের এক কর্মকর্তা আমাদের সময়কে জানান।

গতকাল মামুন খালেদকে আদালতে তোলার পর রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী রিমান্ডের পক্ষে যুক্তি তুলে ধরে বলেন, ছাত্র আন্দোলনের সময় আন্দোলনকারীদের এ আসামির নির্দেশে হামলা চালানো হয়। সেখানে দেলোয়ার নামে একজন নিহত হন। এ আসামি আগের রাজনৈতিক ইতিহাস সবাই জানেন। ১/১১ এর সময়কার কুশীলবদের একজন। তখন তিনি ডিজিএফআইয়ে কর্মরত ছিলেন। এ আসামি ব্যবসায়ী, রাজনৈতিক নেতাদের বন্দি করে কোটি কোটি টাকা হাতিয়ে নেন এবং হেনস্তা করেন। পরবর্তী সময়ে হাসিনাকে ক্ষমতায় আনতে যারা সহযোগিতা করেন তার মধ্যে তিনি একজন। পুরস্কার স্বরূপ ডিজিএফআই প্রধান হন। ?তিনি আরও বলেন, ডিজিএফআই প্রধান হওয়ার পর মামুন খালেদ আয়নাঘর তৈরি করেন। যেখানে অত্যাচার, গানপাউডার দিয়ে মানুষ পুড়িয়ে মারাসহ নানা অপরাধ করেন। পাশাপাশি ডিজিএফআইকে রাজনীতিকরণ করতে ভূমিকা রাখেন। জলসিঁড়ি প্রকল্পের কোটি কোটি টাকা হাতিয়ে নেন। এসব বিষয়ে ইতোমধ্যে আদালত তার স্ত্রীসহ বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেন।

রাষ্ট্রপক্ষের এ আইনজীবী বলেন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে ক্যান্টনমেন্টের বাড়ি থেকে এক কাপড়ে বের করে দেন এই মামুন খালেদ। এসব কারণে শেখ হাসিনার অনেক সুযোগসুবিধা পান।

আসামির পক্ষে অ্যাডভোকেট মোরশেদ হোসেন শাহীন এবং নজরুল ইসলাম পাখি রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদনে বলেন, মামলার এজাহারে মামুন খালেদের নাম নেই। বাদী সেখানে নির্দিষ্টভাবে আসামিদের নাম বলে দিয়েছেন। আসামি মামুন খালেদ নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। তিন যুগ প্লাস পাঁচটা পদে চাকরি করেছেন। একটা পদেও আইনবহির্ভূতভাবে সুবিধা নেননি। আয়নাঘরের দায়িত্বে তিনি ছিলেন না। বিগত সরকার পতনের বহু আগে তিনি রিটায়ার্ড করেন। খালেদা জিয়ার সেই বাসা উচ্ছেদে অন ডিউটিতে ছিলেন।

এরপর আদালতের অনুমতি নিয়ে আসামি মামুন খালেদ বলেন, ১/১১ সময় আমি কুমিল্লায় ছিলাম। বক্তব্যের একপর্যায়ে তিনি বলেন, ‘জলসিঁড়ি আবাসন প্রকল্পে নজরুল সাহেবের ১ হাজার ৫০০ কোটি টাকা পাওনা আছে। জেনারেল ইকবাল করিম ভূঁইয়া আমাকে এই টাকা উদ্ধারের দায়িত্ব দিয়েছিলেন, যা তিনি ফেসবুকে উল্লেখ করেছেন। মামুন খালেদ সেই টাকা উদ্ধার করে দিয়েছেন।’

‘আয়নাঘর’ প্রসঙ্গে এই কর্মকর্তার ভাষ্য, তিনি দুই থেকে তিনবার গুম কমিশনের সামনে শুনানিতে অংশ নিয়েছেন। তিনি নিশ্চিত করেছেন, ২০১১ সালের ২৩ জুন থেকে ২০১৩ সালের ৭ মার্চ পর্যন্ত তার দায়িত্ব পালনকালে কোনো অভিযোগ ছিল না। তিনি বলেন, ‘তৎকালীন লেফটেন্যান্ট জেনারেল মতিউর রহমান এবং লেফটেন্যান্ট জেনারেল হাকিম স্যারকে আপনারা জিজ্ঞাসা করতে পারেন; ওই সময়ে আমাদের যে শাখা ছিল (যা পরবর্তী সময়ে আয়নাঘর হিসেবে পরিচিতি পেয়েছে), সেখানে কোনো ব্যক্তিকে আটকে রাখার মতো ঘটনা ঘটেনি।’

আদালতে দেওয়া বক্তব্যে মামুন খালেদ আরও বলেন, ‘বর্তমানে শেখ হাসিনার সময়ের সাতজন ডিজিএফআই প্রধানের মধ্যে পাঁচজনই বিদেশে আছেন। আমি দেশেই আছি। আমি যদি কোনো অপরাধে সম্পৃক্ত থাকতাম, তবে গত ১৮ সেপ্টেম্বর যুক্তরাজ্য থেকে দেশে ফিরে আসতাম না। আমার মেয়ে পিএইচডি করছে, তাকে মানসিক সমর্থন দেওয়ার জন্য আমি জুলাই মাসে বিদেশে গিয়েছিলাম এবং পুনরায় ফিরে আসি। আমার মনে যদি কোনো ধরনের সংশয় বা ভয় থাকত, তবে আমিও অন্যদের মতো বিদেশে থেকে যেতে পারতাম। ২০২৪ সালের ১৮ সেপ্টেম্বর ইউকে থেকে ফিরে দেশে থেকে যাই।’

চাকরি থেকে অবসরের পরবর্তীসময় সম্পর্কে মামুন খালেদ বলেন, ‘বিইউপির ফাউন্ডার ভিসি ছিলাম। জুলাই আন্দোলনের সময় সেখানকার শিক্ষার্থীরা উৎসাহিত হয়। এমনকি এ মামলার অভিযোগে যে জায়গার কথা বলা হয়েছে সেখানে যাওয়ার কোনো প্রশ্নই আসে না। কারণ ডিওএইচএসের বাইরে যাইনি। ২০২৪ সালে আমার কথামতো কে গুলি করবে? তখন তো আমি সিভিলিয়ান।’

শুনানি শেষে আদালত ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন। ডিজিএফআইকে রাজনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার অভিযোগসহ এক-এগারোর সময় সাবেক এই সেনা কর্মকর্তা মামুনের ভূমিকা নিয়েও আলোচনা রয়েছে।

সিগন্যালস কোরের কর্মকর্তা হিসেবে শেখ মামুন ২০০৭ সালের ডিসেম্বরে ডিজিএফআইয়ে পরিচালক (এফএসআইবি) হিসেবে যোগ দেন। পরে ২০০৮ সালের জুনে তিনি ব্রিগেডিয়ার চৌধুরী ফজলুল বারীর স্থলাভিষিক্ত হয়ে পরিচালকের (কাউন্টার ইন্টেলিজেন্স ব্যুরো-সিআইবি) দায়িত্ব পালন করেন। পরে আওয়ামী লীগ সরকারের সময়ে ২০১১ সালে লেফটেন্যান্ট জেনারেল মোল্লা ফজলে আকবরের উত্তরসূরি হিসেবে শেখ মামুন খালেদ মহাপরিচালক (ডিজি) হিসেবে ডিজিএফআইয়ে ফিরে আসেন।

চব্বিশের আন্দোলনে আওয়ামী লীগ সরকার পতনের পর অন্তর্বর্তী সরকারের সময়ে ২০২৫ সালের মে মাসে দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে স্ত্রীসহ শেখ মামুন খালেদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছিলেন আদালত। তখন দুদক তার বিরুদ্ধে আর্থিক অনিয়ম ও সম্পদ সংক্রান্ত বিষয়ে অনুসন্ধানের কথা জানিয়েছিল।

 

এ জাতীয় আরও খবর