শনিবার, ২৮শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

তারেক রহমানের দ্বারা দেশে সাম্য, সামাজিক মর্যাদা ও ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে: ড. মাহবুবউল্লাহ

news-image

নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের দ্বারা দেশে স্বাধীনতার মূল লক্ষ্য সাম্য, সামাজিক মর্যাদা, ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষক ও অর্থনীতির শিক্ষক ড. মাহবুবউল্লাহ। আজ শুক্রবার রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী তারেক রহমান। স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে এবং মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকুর পরিচালনায় আরো বক্তব্য রাখেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ড. আব্দুল মঈন খান ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ, মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আজম খান, পানি সম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক, ইউজিসি’র চেয়ারম্যান অধ্যাপক ডা. মামুন আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। এর আগে দুপুর আড়াইটায় আলোচনা সভায় মহান মুক্তিযুদ্ধের গৌরবময় ইতিহাস তুলে ধরেন বিশিষ্টজন ও বিএনপির কেন্দ্রীয় নেতারা।

আমাদের যে স্বাধীনতা, সেই স্বাধীনতার ঘোষণায় বলা ছিল-তিনটি লক্ষ্য অর্জনের জন্য মুক্তিযুদ্ধ করব। লক্ষ্য তিনটি হচ্ছে সাম্য, সামাজিক মর্যাদা এবং ন্যায়বিচার। আজকে বাংলাদেশের স্বাধীনতার ৫৫ টি বছর অতিক্রান্ত হয়েছে। এই সময়ের ব্যালেন্সসিট (স্থিতিপত্র) যদি মিলাতে চাই, তাহলে দেখব আমাদের প্রত্যাশা জড়ো হয়েছে পর্বতপ্রমাণ হিমালয়ের সমান; আর আমাদের প্রাপ্তি অতিনগ্ন। এমনটি হওয়ার কথা ছিল না বলে মনে করেন মাহবুবউল্লাহ।

তিনি বলেন, আমাদের পরে অনেক রক্ত দিয়ে স্বাধীন হয়েছিল ভিয়েতনাম। কিন্তু ভিয়েতনাম আমাদের ছাড়িয়ে গেছে- শিক্ষা, প্রযুক্তি, উদ্ভাবনের দিক দিয়ে। বিশ্ব বাজারেও মাথা তুলে দাঁড়িয়েছে দেশটি।

এমনটি হলো কেন প্রশ্ন রেখে মাহবুবউল্লাহ বলেন, লক্ষ লক্ষ মানুষ মুক্তির জন্য রক্ত দিয়েছে, জীবন বিসর্জন দিয়ে এবং সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছে- তারপরও কেন আমরা আমাদের প্রাপ্তি অর্জন করতে পারলাম না? স্বাধীনতার পর মুজীবের শাসনামলে দুর্ভিক্ষ, নির্বাচনে হাইজ্যাক করা, একদলীয় শাসন বাকশালের নামে গণতন্ত্র হরণ, সংবাদপত্রের স্বাধীনতা হরণ,গুম-খুন তখন থেকেই শুরু হয়েছে। রক্ষীবাহিনীর জুলুম সেই সময় থেকেই শুরু হয়েছে।

কিশোরগঞ্জের একজনকে রক্ষীবাহিনী গ্রেপ্তার করে হত্যা করার ঘটনা তুলে ধরেন মাহবুবউল্লাহ। তিনি বলেন, তার বাবা আব্দুল আলীর হাতে কুড়াল তুলে দিয়ে রক্ষীবাহিনীর লিডার বলল,‘তুমি তোমার ছেলের ধর থেকে কল্লাটা এক কোপে আলাদা কর’। এই রকম নৃশংসতা এখানে হয়েছে। আরো যে কত কাহিনী হয়েছে তা বলে শেষ করা যাবে না। ২০০৮ সালের পর বিরোধী দলীয় নেতা হিসেবে বেগম খালেদা জিয়া রক্ষীবাহিনী ও মুজিববাহিনীর নৃশংস হত্যা-জুলুমের ওপর প্রায় দুই ঘন্টা জাতীয় সংসদে লিখিত ও মৌখিক বক্তব্য দিয়েছিলেন। তা সবার স্মরণে থাকা কথা আছে।

বাংলাদেশের অর্থনীতি তিনটি জিনিসের ওপর দাঁড়িয়ে আছে বলে মন্তব্য করেন অর্থনীতির শিক্ষক মাহবুবউল্লাহ। তিনি বলেন, তা হচ্ছে, কৃষি, পোশাক শিল্প ও র‌্যামিটেন্স। এই তিনটি সমৃদ্ধ করতে কাজ করছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তার প্রচেষ্টার কারণে এখন বাংলাদেশের এক ফসলা জমিতে এখন তিন ফসলা হয়। শুধু তাই নয়; তিনি যে উদ্যোগ সৃষ্টি করেছেন তার ফলে দেশে মূল্যবান শস্য ফলন হয় এবং কৃষক নতুন ফল, নতুন সবজি ইত্যাদি চাষ করছেন। পোশাক শিল্পকে জিয়াউর রহমান দাঁড় করিয়েছেন। কোরিয়ান দাইউ কোম্পানীর সঙ্গে কথা বলে এদেশে পোশাক শিল্প স্থাপন করেছেন। এ জন্য তিনি দুটি পলিসিও নিয়েছেন তা হচ্ছে ব্যাক টু ব্যাক এলসি এবং গুদামজাত ব্যবস্থা। এরফলে পোশাক শিল্প ব্যাপকভাবে বিস্তৃত হয়। আমার প্রশ্ন যারা এদেশে পোশাক শিল্প করেছেন তারা তো কম মুনাফা করেনি;তাহলে সেই মূনাফা বিকল্প অন্যান্য শিল্পে বিনিয়োগ করলেন না? এটা করলে আমাদের শিল্পে বৈচিত্র্য আসত। সেটার কারণ আমাদের খুঁজে বের করতে হবে।

শহীদ জিয়াউর রহমান আমাদের অমর একটি আদর্শ দিয়ে গেছেন উল্লেখ করে মাহবুবউল্লাহ বলেন, সেই আদর্শ হচ্ছে বাংলাদেশি জাতীয়তাবাদ। এই বাংলাদেশি জাতীয়তাবাদ যদি আমরা বিশ্বাস না করি, অন্তরে ধারণ না করি তাহলে বাংলাদেশকে স্বাধীন সার্বভৌম হিসেবে দেখতে পাব না। আজ এই চিন্তার বিরুদ্ধে বহু চক্রান্ত হচ্ছে, বহুল আলোচনা হচ্ছে। কিন্তু আমাদের দৃঢ় এই বাংলাদেশি জাতীয়তাবাদের আদর্শকে আমাদের ধারণ করতে হবে। এই জাতীয়তাবাদ, ভাষা, ধর্ম ভূ-খন্ড, জাতিস্বত্ত্ব সব ধরনের বৈচিত্র্যকে ধারণ করে রেইনবো ন্যাশন সৃষ্টি করতে চাচ্ছি। যেটা করলে আমাদের জাতীয় ঐক্য এবং সংহতি সৃদৃঢ় হবে।

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের ৫৬তম দিনে তিনটি কাজ করার প্রতি জোর দেন মাহবুবউল্লাহ। তিনি বলেন, স্বাধীনতা ও সার্বভৌমত্বের পতাকf উর্ধ্বে তুলে ধরা- কোনো ক্রমে স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে বিএনপি এবং বাংলাদেশের কোনো মানুষ আপস করবে না-এই হোক আমাদের প্রতিজ্ঞা। আমাদের গণতন্ত্রের পতাকা সমুন্নত রাখতে হবে। গণতন্ত্র মানে রাজনীতিতে প্রতিযোগিতা; রাজনীতিতে প্রতিযোগিতা না থাকলে অর্থনীতিতে প্রযোগিতা থাকে না। অর্থনীতিতে প্রতিযোগিতা না থাকলে অর্থনীতিতে সমৃদ্ধ আসে না। পলিটিক্যাল কম্পিটিশন নিডস টু ইকোনমি কম্পিটিশন; ইকোনমি কম্পিটিশন নিডস টু ইকোনমি প্রসপারিটি-এই কথাগুলো আমাদের মনে রাখতে হবে।

বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করে গেছে শেখ হাসিনার ফ্যাসিস্ট সরকার উল্লেখ করে মাহবুব উল্লাহ বলেন, শেখ হাসিনা একটা চোরতন্ত্র প্রতিষ্ঠা করেছিল। এর ফলে বাংলাদেশের অর্থনীতি আজকে ম্রিয়মান হয়ে পড়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানকে উদ্দেশ্য করে তিনি বলেন, বিএনপির ওপর দায়িত্ব পড়েছে চোরতন্ত্র মুক্ত, অলিগার্কি মুক্ত দেশে একটা অর্থনৈতিক ব্যবস্থা দাঁড় করানো। আমরা দৃঢ় বিশ্বাস আমার প্রিয় প্রধানমন্ত্রী- তিনি তার উদ্ভোবনী চিন্তাভাবনা দিয়ে তার দ্বারা এমন একটা পরিবেশ তৈরি করতে পারবেন যেখানে সাম্য, সামাজিক মর্যাদা, ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে।

 

এ জাতীয় আরও খবর