শুক্রবার, ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

এক দশকে দ্বিগুণ হয়েছে কিডনি রোগী

news-image

মুহম্মদ আকবর
বর্তমান বিশ্বে অসংক্রামক ব্যাধিগুলোর মধ্যে কিডনি রোগ ভয়াবহ রূপ ধারণ করেছে। বাংলাদেশে এটি এখন জাতীয় জনস্বাস্থ্য সংকট। বিশেজ্ঞরা এই রোগ নিয়ে আতঙ্কিত এবং এই রোগকে তারা মহামারী বলেও অভিহিত করেছেন। সংশ্লিষ্টরা বলছেন, কিডনি রোগীর সংখ্যা প্রায় ৩ কোটি ৮২ লাখ এবং দ্রুত হারে এ সংখ্যা বাড়ছে। এই রোগে প্রতিবছর ৩০ থেকে ৪০ হাজার রোগীর কিডনি বিকল হচ্ছে। নতুন রোগীদের প্রায় ৮০ শতাংশ রোগী প্রয়োজনীয় চিকিৎসার অভাবে অথবা বিনা চিকিৎসায় মৃত্যুবরণ করছে। তাদের ভাষ্য, বর্তমানে এই রোগে মৃত্যুর স্থান অষ্টম এবং ২০৪০ সাল নাগাদ কিডনি রোগ মৃত্যুর কারণ হিসেবে পঞ্চম স্থান দখল করবে, যা মানুষের সুস্থ জীবন ও জনস্বাস্থ্যের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

বিশ্বব্যাপী সচেতনতা সৃষ্টিতে আজ বৃহস্পতিবার প্রতি বছরের মতো এবারও বিশ্ব কিডনি দিবস পালিত হবে। এবারের প্রতিপাদ্য ‘সুস্থ কিডনি সকলের তরে, মানুষের যত্নে বাঁচাও ধরণীরে’।

শেরেবাংলা নগরের ন্যাশনাল ইনস্টিটিউট অব কিডনি ডিজিস অ্যান্ড ইউরোলজির অডিটোরিয়ামে এই সংক্রান্ত আলোচনাসভায় বক্তারা বলেন, একটি পরিবারে কিডনি চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল। এই ব্যয়ভার শুধু ব্যক্তি রোগীর ওপর নয় অথবা রোগীর পরিবারের ওপরও নয়, বরং এই চিকিৎসা সাপোর্ট দেওয়া সমগ্র জাতির জন্য, সরকারের জন্য একটি অত্যন্ত দুরূহ কাজ। সুতরাং চিকিৎসক হিসেবে, আমাদের স্বাস্থ্যসেবার অভিভাবক হিসেবে স্বাস্থ্য মন্ত্রণালয়কে অবশ্যই কিডনি রোগে প্রতিকারের ব্যাপারে যথোপযুক্ত ব্যবস্থা নিতে হবে।

আশার কথা জানাতে তারা বলেন, আশার বিষয় হচ্ছে কিডনি রোগের চিকিৎসা যতটা ব্যয়বহুল কিডনি রোগ নির্ধারণ কিন্তু ততই সহজ একটি প্রক্রিয়া। শুধু একটি প্রস্রাবের পরীক্ষার মাধ্যমে একজন কিডনি রোগী শনাক্ত করতে অনেকখানি সক্ষম। আমরা যদি প্রতিটি ইউনিয়ন সাব সেন্টার, উপজেলা হেলথ কমপ্লেক্স, সদর হাসপাতাল,

মেডিক্যাল কলেজ, ডায়াবেটিক কেয়ার সেন্টারগুলোয় এই তথ্য এবং এই প্রযুক্তিটাকে পৌঁছে দিতে পারি তাহলে কিডনি রোগ শনাক্ত অনেকটাই সহজসাধ্য হয়ে দাঁড়াবে। কিডনি রোগের প্রতিকারও সক্ষমতার ভেতরে চলে আসবে। এবারের প্রতিপাদ্য হচ্ছে, ‘সুস্থ কিডনি সকলের তরে, মানুষের যত্নে বাঁচাও ধরণীরে।’

সভাপতির বক্তব্যে বাংলাদেশ রেনাল অ্যাসোসিয়েশনের আহ্বায়ক অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম বলেন, নীরবঘাতক কিডনি রোগের প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির বিকল্প নেই। কিডনি রোগ প্রতিরোধে ভেজাল খাবার খাওয়া যাবে না। ওজন নিয়ন্ত্রণ রাখতে হবে। উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে হবে।

প্রায় ৮০ শতাংশ রোগী বিনা চিকিৎসায় মারা যাচ্ছে

২০১৯ সালে প্রকাশিত ৮টি স্টাডির ওপর একটি সিস্টেমিক রিভিউয়ের মতে, বাংলাদেশে কিডনি রোগে আক্রান্তের সংখ্যা ২২.৪৮ শতাংশ। ১৭ কোটি মানুষের এ দেশে এই তথ্যকে সঠিক ধরে নিলে কিডনি রোগীর সংখ্যা প্রায় ৩ কোটি ৮২ লাখ এবং দ্রুত হারে এ সংখ্যা বাড়ছে। এই রোগে প্রতিবছর ৩০ থেকে ৪০ হাজার রোগীর কিডনি বিকল হচ্ছে। প্রায় ৮০ শতাংশ নতুন রোগী প্রয়োজনীয় চিকিৎসার অভাবে অথবা বিনা চিকিৎসায় মৃত্যুবরণ করছে। বর্তমানে এই রোগে মৃত্যুর স্থান অষ্টম এবং ২০৪০ সাল নাগাদ কিডনি রোগ মৃত্যুর কারণ হিসেবে পঞ্চম স্থান দখল করবে, যা মানুষের সুস্থ জীবন ও জনস্বাস্থ্যের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

দেশের মাত্র ১০ শতাংশ রোগী ডায়ালাইসিসের খরচ বহন করার সক্ষমতা রাখেন

কিডনি রোগকে বিশেষজ্ঞরা ‘নীরব ঘাতক’ হিসেবে অভিহিত করেছেন। এর প্রধান কারণ হলো, কিডনির বড় অংশ ক্ষতিগ্রস্ত হওয়ার আগে অধিকাংশ ক্ষেত্রে কোনো স্পষ্ট উপসর্গ দেখা দেয় না। যখন লক্ষণ প্রকাশ পায়, তখন চিকিৎসা হিসেবে ডায়ালাইসিস বা কিডনি প্রতিস্থাপন ছাড়া আর কোনো বিকল্প থাকে না, যা অত্যন্ত ব্যয়বহুল। পরিসংখ্যানে দেখা গেছে, দেশের মাত্র ১০ শতাংশ রোগী ডায়ালাইসিসের খরচ বহন করার সক্ষমতা রাখেন। এই আর্থিক অসংগতি দূর করতে এবং অকাল মৃত্যু রোধ করতে রোগ নির্ণয়ের চেয়ে ‘প্রতিরোধ’ ও ‘আর্লি ডিটেকশন’ বা প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তকরণে সর্বোচ্চ জোর দেওয়া অপরিহার্য।

কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে আইনি জটিলতা ও দাতার সংকট একটি বড় অন্তরায়। দেশে প্রতিবছর যত ট্রান্সপ্ল্যান্ট প্রয়োজন, তার মাত্র ৫ শতাংশ সম্পন্ন হচ্ছে। ব্রেন ডেথ রোগীদের অঙ্গ সংগ্রহের ক্ষেত্রে বিশেষজ্ঞ টিমের অভাব এবং ইমোশনাল ডোনার সংক্রান্ত আইনি অস্পষ্টতাও দূর করা জরুরি।

বিশেষজ্ঞ চিকিৎসকদের পাশাপাশি সামাজিক ও ধর্মীয় নেতাদেরও মরণোত্তর অঙ্গদানে সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করার বিষয়ে গুরুত্ব দিতে হবে। এ ছাড়া করপোরেট হাসপাতালগুলোর বাণিজ্যিক দৃষ্টিভঙ্গি পরিবর্তন করে চিকিৎসাকে সাশ্রয়ী ও মানবিক পর্যায়ে নিয়ে আসা প্রয়োজন। পাঠ্যবইয়ে কিডনি সুরক্ষার বিষয়টি অন্তর্ভুক্ত করার পাশাপাশি পরিবার থেকেই যদি খাদ্যাভ্যাস ও শরীরচর্চার সঠিক শিক্ষা দেওয়া যায়, তবে দীর্ঘমেয়াদে কিডনি রোগীর সংখ্যা কমিয়ে আনা সম্ভব।

গণমাধ্যমকেও নিয়মিতভাবে এই নীরব ঘাতক সম্পর্কে জনসচেতনতামূলক প্রচারণা চালিয়ে যেতে হবে। ভুলে গেলে চলবে না, সুস্থ কিডনি কেবল ব্যক্তিগত সম্পদ নয়, এটি জাতীয় উন্নয়নের অন্যতম শক্তি। এক্ষেত্রে সরকার, চিকিৎসক, গণমাধ্যম এবং নাগরিক সমাজের সমন্বিত উদ্যোগ ও সঠিক জনসচেতনতাই পারে এই নীরব ঘাতকের হাত থেকে অগণিত প্রাণ রক্ষা করতে।

এর আগে ৮ মার্চ বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় বিএমইউর বি-ব্লকের সম্মুখ প্রাঙ্গণ বটতলায় বিশ্ব কিডনি দিবস ২০২৬-এর প্রাক্কালে কিডনি রোগ সচেতনতামূলক ভ্রাম্যমাণ ছাদখোলা গাড়ির শুভ উদ্বোধন করা হয়। এ ছাড়া বাংলাদেশ রেনাল অ্যাসোসিয়েশন এক সপ্তাহব্যাপী কিডনি রোগ সচেতনতায় এ গাড়ির কার্যক্রম চালাচ্ছে।

আজ সকাল ৯টায় বিশ্ববিদ্যালয় (সাবেক পিজি হাসপাতাল) প্রাঙ্গণের বি-ব্লকের সম্মুখস্থ বটতলায় এই কর্মসূচি অনুষ্ঠিত হবে। কিডনি রোগের ভয়াবহতা রোধ এবং সুস্থ জীবনযাপনের উপায় সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে আয়োজিত এই কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞ চিকিৎসক, শিক্ষক ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

 

এ জাতীয় আরও খবর

জামায়াত মুক্তিযুদ্ধবিরোধী শক্তি ছিল—আইনমন্ত্রী

দুপুরের মধ্যে ১৭ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির সতর্কতা

মে দিবসে নয়াপল্টনে শ্রমিক সমাবেশ, নেতৃত্ব দেবেন তারেক রহমান

শ্রমজীবীদের ন্যায্য অধিকার বাস্তবায়ন এখনো কতটা দূরে?

ইরান ইস্যুতে ফের উত্তেজনা, সামরিক প্রস্তুতি ও কূটনৈতিক চাপ বাড়ছে যুক্তরাষ্ট্রের

পুলিশ সপ্তাহে ১০৭ সদস্য পাচ্ছেন পদক

সৌদি পৌঁছেছেন ৪০১৭৭ জন হজযাত্রী

ফরিদপুরে ৭ বছরের শিশুকে হত্যার ঘটনায় ৩ জন গ্রেপ্তার

হোটেলে গোপনে ভিডিও ধারণের অভিযোগে শ্রীলঙ্কার দুই অনূর্ধ্ব-১৯ ক্রিকেটার আটক

৬ দিন পর বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্রে আবার বিদ্যুৎ উৎপাদন শুরু

বোয়িং থেকে ১৪ উড়োজাহাজ কিনছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স

ভোরের ভারী বৃষ্টিতে রাজধানীর সড়কে জলাবদ্ধতা