রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

দূরত্ব কাটেনি, সমঝোতার চেষ্টা অব্যাহত

news-image

আসাদুর রহমান
জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে দফায় দফায় আলোচনা হলেও রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য হয়নি। রাষ্ট্রপতির বিশেষ আদেশে সাংবিধানিক সংস্কার এবং জাতীয় সংসদ নির্বাচনের দিন গণভোটের প্রস্তাব দিয়েছে কমিশন। যা নিয়েও দলগুলোর মধ্যে মতবিরোধ প্রকট আকার ধারণ করেছে। আলোচনার টেবিল ছেড়ে জামায়াতে ইসলামীসহ ৭টি দল বেছে নিয়েছে রাজপথ। যদিও জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষ থেকে আলোচনা অব্যাহত রাখা হয়েছে। এমন পরিস্থিতিতে পর্দার আড়ালেও রাজনৈতিক সমঝোতার চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানা গেছে।

রাজনৈতিক দলগুলোর সঙ্গে সর্বশেষ বৈঠকে ঐকমত্য কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে, মৌলিক সংস্কার প্রস্তাবগুলো নিয়ে অন্তর্বর্তী সরকার একটি ‘সাংবিধানিক আদেশ’ জারি করতে পারে। এই আদেশ অবিলম্বে কার্যকর হবে। এরপর আদেশটি নিয়ে জাতীয় সংসদ নির্বাচনের দিন একই সঙ্গে গণভোট করা যেতে পারে। তবে এটি নিয়েও দলগুলোর মধ্যে ঐকমত্য হয়নি। বিএনপির প্রস্তাব, জাতীয় সংসদের উচ্চকক্ষ হবে আসনভিত্তিক। জামায়াতের দাবি, উচ্চ ও নিম্নকক্ষে পিআর পদ্ধতিতে নির্বাচন, সাংবিধানিক আদেশের সংস্কার ও সংসদ নির্বাচনের আগেই গণভোট। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নিম্নকক্ষে নয়, শুধু উচ্চকক্ষে পিআর চায়। পাশাপাশি সাংবিধানিক সংস্কারের ক্ষেত্রে গণপরিষদ নির্বাচন দাবি করে আসছে। বিশেষ আদেশে সাংবিধানিক সংস্কারে বাকি দলগুলোরও আপত্তি রয়েছে।

এমন পরিস্থিতির মধ্যে জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস, নেজামে ইসলাম পার্টি, বাংলাদেশ খেলাফত আন্দোলন ও জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) রাজপথে কর্মসূচি পালন করছে। দলগুলোর মূল দাবি প্রায় একই- জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন এবং তার ভিত্তিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠান, জাতীয় সংসদের উভয় কক্ষে (কেউ কেউ উচ্চকক্ষে) সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতি চালু করা।

জানা গেছে, রাজনৈতিক দলগুলোর মধ্যে বিরাজমান দূরত্ব ঘোচাতে পর্দার আড়ালেও আলোচনা চলছে। এক্ষেত্রে ভূমিকা রাখছে ছয়টি রাজনৈতিক দলের সমন্বয়ে গঠিত গণতন্ত্র মঞ্চ। দলগুলোর মধ্যে রয়েছে- জেএসডি, নাগরিক ঐক্য, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, গণসংহতি আন্দোলন, ভাসানী জনশক্তি পার্টি ও রাষ্ট্র সংস্কার আন্দোলন।

এ বিষয়ে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক আমাদের সময়কে বলেন, আমরা বসেছিলাম মূলত জুলাই সনদ নিয়ে রাজনৈতিক দলগুলোর ভিন্নমত একত্রিত করার জন্য। কী করা যায় তার একটা পথ বের করতে। দলগুলোর সদিচ্ছা থাকলে সমাধানে আসতে সমস্যা হবে না বলে মনে করেন তিনি।

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, দলগুলো নিয়ে ফের এক জায়গায় বসব। প্রধান উপদেষ্টা যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরলে আশা করি একটা সমাধান বের হবে।

এ বিষয়ে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ আমাদের সময়কে বলেন, পিআর নিয়ে আমরা নোট অব ডিসেন্ট দিয়েছি। এসব তো নিষ্পত্তি হয়ে গেছে। এখন বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে আলোচনা চলছে। এই অবস্থায় নিষ্পত্তি হওয়া কোনো বিষয় নিয়ে নতুন করে আলোচনা শুরু হলে অন্য বিষয়ও সামনে আনা হতে পারে। তিনি আরও বলেন, আমরা ১০০ সদস্যের উচ্চকক্ষের পক্ষে। সেটা হবে আসনভিত্তিক।

ওদিকে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, রাষ্ট্রপতি সাংবিধানিক আদেশ জারি করবেন। এর ভিত্তিতে একটা গণভোট হবে। দুটি কাজই হতে হবে নির্বাচনের আগে। তখন এটার একটা রাজনৈতিক স্বীকৃতি হলো, আবার আইনি ভিত্তিও পেল। যখন আইনের অংশ হয়ে যাবে, তখন এর ভিত্তিতে জাতীয় নির্বাচন স্বচ্ছ হবে।

সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেন, সংবিধান সংশোধন করে যেটা করা দরকার সেটা আগামী সংসদের জন্য রেখে দিতে হবে। এটা ছাড়া নতুন করে জুলাই সনদ বাস্তবায়নের নতুন নতুন পদ্ধতি আনছে, সেটা আমাদের ঐকমত্যকে ক্ষতিগ্রস্ত করছে।

এদিকে জুলাই জাতীয় সনদ ২০২৫ বাস্তবায়নের উপায় ও পদ্ধতি নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে আবার সভা করেছে জাতীয় ঐকমত্য কমিশন। গতকাল জাতীয় সংসদের এলডি হলে এই আলোচনা অনুষ্ঠিত হয়। সভায় কমিশনের উপস্থাপন করা সনদের বাস্তবায়ন সংক্রান্ত সম্ভাব্য সুপারিশ নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আগে অনুষ্ঠিত আলোচনার সারসংক্ষেপ বিশেষজ্ঞদের জানানো করা হয়। আলোচনায় বিভিন্ন রাজনৈতিক দলের মতামত, পরামর্শ এবং উদ্বেগ তুলে ধরা হয়, যাতে বিশেষজ্ঞরা সামগ্রিক প্রেক্ষাপট সম্পর্কে সুস্পষ্ট ধারণা পেতে পারেন। পরে সনদ বাস্তবায়নের উপায় ও কৌশল নিয়ে বিশেষজ্ঞদের মতামত নেওয়া হয়। বিশেষজ্ঞদের বিশ্লেষণ ও পরামর্শের ভিত্তিতে রাজনৈতিক দলগুলোর অবস্থান ও দৃষ্টিভঙ্গি মূল্যায়ন করা হয় এবং ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণে তা বিবেচনায় আনা হয়।

জানা গেছে, বৈঠকে সনদ বাস্তবায়নে সংবিধান আদেশ, গণভোট ও সংবিধানের ১০৬ অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিমকোর্টের মতামত নেওয়ার বিষয়ে পর্যালোচনা করা হয়। বিষয়টি নিয়ে বিশেষজ্ঞরা আরও পর্যালোচনা করে লিখিত মতামত জানাবে। যা নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে আবার বৈঠকে বসবে কমিশন।

বৈঠকে উপস্থিত একাধিক সদস্য জানান, বিশেষজ্ঞদের প্রাথমিক প্রস্তাবে সংবিধানের ১০৬ অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিমকোর্টের মতামতের ভিত্তিতে জুলাই জাতীয় সনদের সংবিধান সম্পর্কিত বিষয়গুলো সমাধানের কথা বলা হয়েছিল। কিন্তু রাজনৈতিক বিষয়ে সমাধান সুপ্রিমকোর্টের মাধ্যমে করার চেষ্টা হলে সংকট কমার বদলে বাড়ার আশঙ্কা করেন তারা। সেসব বিবেচনা করে প্রস্তাবটি বাদ দিয়ে সংবিধান আদেশ ও গণভোটের সুপারিশ করেন বিশেষজ্ঞরা। শনিবারের বৈঠকেও তা নিয়ে আবার আলোচনা করেন তারা।

বৈঠকে উপস্থিত বিশেষজ্ঞ প্যানেলের এক সদস্য বলেন, ১০৬ অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিমকোর্টের আপিল বিভাগের মতামত নেওয়ার বিষয়ে আলোচনা হয়। সেটি কীভাবে নিলে জুলাই সনদ কার্যকর হবে, তা নিয়ে আলোচনা করেছি। সে ক্ষেত্রে আমরা সংবিধান আদেশ, ১০৬ অনুচ্ছেদ এবং গণভোট মিলিয়ে জুলাই সনদের বৈধতা দেওয়ার পথ-পদ্ধতি বের করার চেষ্টা করছি। আমরা কমিশনে একটি লিখিত মতামত জমা দেব।

এক সদস্য বলেন, জুলাই ঘোষণাপত্রের মাধ্যমে সংবিধান আদেশের বিষয়ে যেসব অসঙ্গতির কথা রাজনীতিবিদরা বলেছেন তা নিয়ে আলোচনা হয়। বিশেষজ্ঞদের মতে, জুলাই ঘোষণাপত্রের অধীনে সংবিধান আদেশের কোনো সমস্যা নেই। যথাযথ ব্যাখ্যা অনুযায়ী ঘোষণা অনুযায়ী সংবিধান আদেশ জারি করা যেতে পারে।

সংবিধান আদেশের নজির পৃথিবীর কোথাও নেই অনেকের এমন বক্তব্য নিয়েও গতকালের বৈঠকে আলোচনা হয়েছে বলে সূত্রে জানা গেছে। এক বিশেষজ্ঞ বলেন, নজির নেই, এটা ভুল কথা। কারণ প্রত্যেকটা রাষ্ট্র, সমাজের চাহিদা ভিন্ন ভিন্ন। বাংলাদেশের জুলাই গণ-অভ্যুত্থান পরবর্তী যে সাংবিধানিক চাহিদা বা ব্যবস্থায় আছি, সে প্রয়োজন অনুসারে আমরা সংস্কার গ্রহণ ও বাস্তবায়ন করব। নজির অন্য দেশে নেই, এটা কোনো যুক্তি না।

 

এ জাতীয় আরও খবর

মারতে মারতে বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেল বিএসএফ

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় অভিযুক্ত ওসিকে প্রত্যাহার

টানা ২৯ ম্যাচে অপরাজিত মরক্কো, হারাতে পারবে তো ব্রাজিল?

৪০ বছর পর ‘নাম্বার টেন’ ছাড়া মাঠে নামবে ব্রাজিল

নবীনগরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

নবীনগর আলাউদ্দিন খাঁ কলেজে বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

কসবায় হজযাত্রীর লাগেজ হারানো কেন্দ্র করে দুই গ্রামবাসীর মাঝে সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত

বিনিয়োগে আস্থা ফেরেনি, উদ্যোগ থাকলেও সংশয়

স্বর্ণের দাম ভরিতে বেড়েছে ৬,৫৯০ টাকা

ঢাকাসহ ১৫ জেলায় বজ্রবৃষ্টির আভাস

মমেকে হাম উপসর্গে মৃত্যু ৫০

দুধ দিয়ে গোসল করে জামায়াত ত্যাগের ঘোষণা শেখ তারেকের