রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

জাপা নিষিদ্ধে একমত এনসিপি-ইসলামী আন্দোলন, বাকিরা নিশ্চুপ

news-image

নিজস্ব প্রতিবেদক : দেশের চলমান রাজনৈতিক উত্তেজনা ও জাতীয় সংসদ নির্বাচন বিষয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে ৭টি রাজনৈতিক দল ও একটি সংগঠন নিজ নিজ অবস্থান জানিয়েছে। এ সময় জাতীয় পার্টিকে (জাপা) নিষিদ্ধ করার দাবি করেছে গণঅধিকার পরিষদ ও ইসলামী আন্দোলন। তবে অন্য দলগুলো নিশ্চুপ ছিল।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় অনুষ্ঠিত এ বৈঠকে অংশ নেন নাগরিক ঐক্য, গণসংহতি আন্দোলন, এবি পার্টি, গণঅধিকার পরিষদ, এলডিপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জাতীয় গণফ্রন্ট ও হেফাজতে ইসলাম বাংলাদেশ।

এ সময় জুলাই সনদ, জাতীয় সংসদ নির্বাচন, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলা, চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি, জাতীয় পার্টি (জাপা) নিষিদ্ধ করাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

সুষ্ঠ ও উৎসবমুখ নির্বাচন আয়োজনে রাজনৈতিক দলগুলোর কাছে পরামর্শ চেয়ে প্রধান উপদেষ্টা বলেন, ‘নির্বাচন পূর্ব ঘোষিত সময় অনুযায়ী ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হবে।’

বৈঠক শেষে প্রধান উপদেষ্টার বরাতে প্রেস সচিব শফিকুল আলম জানান, আনন্দ ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন হবে। জীবনে কখনো ভোট দিতে পারেনি তাদের জন্য এই নির্বাচনে ভালো অভিজ্ঞতা দিতে হবে। যারা আগে ভোট দিতে গিয়ে তিক্ত অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন তাদেরও ভালো অভিজ্ঞতা দিতে হবে। কেউ যেন বলতে না পারে যে আমাকে ভোট দিতে দেওয়া হয়নি।

প্রেস সচিব বলেন, ‘প্রধান উপদেষ্টা বলেছেন, যারা অন্তর্বর্তী সরকারকে নির্বাচন পর্যন্ত পৌঁছাতে দিতে চায় না, তারা যত রকম ভাবে পারে বাধা দেবে। বাংলাদেশের সত্তাকে গড়ে তুলতে তারা বাধা দেবে। নির্বাচন বানচাল করতে তারা সর্বোচ্চ চেষ্টা করবে। এগুলোর কিছু কিছু লক্ষণ এখন দেখা যাচ্ছে। সামনে আরও আসবে। এজন্য আমাদের আরও সতর্ক হতে হবে। আমাদের চেষ্টা হবে নির্বাচন করার এবং নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হবে।’

তিনি বলেন, ‘প্রধান উপদেষ্টা বলেছেন, নির্বাচিত সরকারের হাতে আমরা ক্ষমতা হস্তান্তর করব। এবারের নির্বাচন অনন্য নির্বাচন, এটা অন্তর্বর্তী সরকারের নির্বাচন নয়। এটা এ দেশের সব মানুষের, সব রাজনৈতিক দলের নির্বাচন। এই নির্বাচনের আকাঙ্ক্ষা হলো ভবিষ্যতের বাংলাদেশ নির্মাণের; এই নির্বাচন হবে নিজেদের পায়ে দাঁড়ানোর; সাহস অর্জনের; নিজের ভঙ্গিতে দেশ পরিচালনার নির্বাচন। এই নির্বাচনে অন্য কোনো দেশের থাবা মারার সুযোগ যেন না থাকে। আমরা এই নির্বাচন আয়োজনে আপনাদের সর্বাত্মক সমর্থন চাই। প্রতি পদে পদে বাধা আসবে; সবার মনে দ্বন্দ তৈরি করার চেষ্টা করবে। আমরা যেন সঠিক থাকি, স্থির থাকি। সবাই একসঙ্গে সহযোগিতা করি।’

দুর্গাপূজায় নিরাপত্তার বিষয়ে প্রেস সচিব বলেন, ‘আমাদের সবার দায়িত্ব হলো শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করা। অনেকে গন্ডগোল তৈরি করতে চাইবে। তারা সব ধরনের সব রকমের চেষ্টা করবে। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা।

বৈঠক শেষে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেন, ‘আগামী ফেব্রুয়ারিতে উৎসবমুখর পবিবেশে একটি সুষ্ঠু ও অবাধ নির্বাচন করার জন্য প্রধান উপদেষ্টা বদ্ধপরিকর। তাই তিনি রাজনৈতিক দলগুলোর কাছে পরামর্শ সহযোগিতা চেয়েছেন। আমরা দুটি বিষয় বলেছি। একটা হচ্ছে- রাজনৈতিক দলগুলো ও আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে একটি মনিটরিং কমিটি গঠনের প্রস্তাব করেছি। এখন থেকেই এটার কাজ শুরু করা দরকার। আরেকটা হচ্ছে- বিচারকে আরও দৃশ্যমান করা যেমন জরুরি তেমনি সংস্কার কিভাবে হবে সেগুলো নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিরোধের জায়গা দেখা যাচ্ছে। আমরা বলেছি, যেসব বিষয় সংবিধান সংশ্লিষ্ট নয় সেগুলো অর্ডিন্যান্সের মাধ্যমে বাস্তবায়ন করতে পারে। যেসব প্রস্তাব সংবিধান সংশোধন বা নোট অব ডিসেন্ট রয়েছে তা জনগণ নির্বাচনের মাধ্যমে সিদ্ধান্ত নেবে। কারো দাবি কেউ কারো ওপর চাপিয়ে দিতে পারে না।’

সাকি বলেন, ‘বিচার, সংস্কার ও নির্বাচন এখন বাংলাদেশের প্রধান জাতীয় স্বার্থ। সংবিধান একটা গণতান্ত্রিক রাষ্ট্রের ভিত্তি। সংবিধানে প্রতিনিধিত্ব মূলক গণতান্ত্রিক ব্যবস্থার কথা বলা হয়েছে। একটা সংসদ গঠন ছাড়া কোনোভাবেই সংস্কার সম্পন্ন করতে পারবেন না।

ইসলামী আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য আশরাফ আলী আকন বলেন, স্বাধীনতার পর থেকে যারাই ক্ষমতায় ছিল তারা জনপ্রত্যাশা পূরণ করতে পারেনি। ঐক্যমত কমিশনে ২৬টি দল পিআর পদ্ধতির পক্ষে মত দিয়েছে। দেশের দুর্নীতি সন্ত্রাস, ভোট ডাকাতি, এককভাবে নির্বাচন, ডামি প্রার্থী এগুলো মোকাবিলার জন্য প্রয়োজন পিআর পদ্ধতিতে নির্বাচন। পিআর পদ্ধতি নির্বাচন না দিলে গণভোটের ব্যবস্থা করেন। তারা বলেছেন, এসব বিষয়ে চিন্তাভাবনা করবেন।’

তিনি বলেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরি ভেঙ্গে পড়েছে। এখনই সন্ত্রাস বন্ধ করতে পারে না যখন ৩০০ আসনে নির্বাচন হবে তখন সন্ত্রাস, জালভোট কীভাবে বন্ধ করবে? আওয়ামী লীগ, জাতীয় পার্টি, ১৪ দলের শরিক সব দলের রাজনীতি নিষিদ্ধের দাবি জানিয়েছি।’

এলডিপির মহাসচিব ড. রেদোয়ান আহমেদ বলেন, ‘প্রধান উপদেষ্টা নিরপেক্ষ নির্বাচনের জন্য কী কী পদক্ষেপ নিতে পারি এসব জানতে চেয়েছেন। আমরা বলেছি, আমাদের প্রশাসনিক ব্যবস্থা উন্নতিকল্পে কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারেনি। বিগত সরকার তাদের লোক এমনভাবে বসিয়েছে যে প্রশাসনের উপর থেকে নিচ পর্যন্ত আছে। এটা নিরপেক্ষ করার জন্য সরকারের পদক্ষেপ নেওয়া দরকার।’

তিনি বলেন, ‘লটারি করে প্রশাসনের ট্রান্সফার বিষয়টি শিশুসুলভ। দেশের কোথায় কেমন অবস্থা তার ওপর নির্ভর করে দক্ষতার সঙ্গে বিবেচনা করে বদলি করতে হবে। লুন্ঠন করা অস্ত্রগুলো উদ্ধার করতে হবে। আমরা পিআর নয় আসনভিত্তিক নির্বাচনের পক্ষে।’

হেফাজতে ইসলামের যুগ্মমহাসচিব আজিজুর রহমান ইসলামাবাদী বলেন, ‘আমরা দাবি জানিয়েছি সংবিধানে আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস পুনর্বহাল করতে। জুলাই সনদে শাপলা চত্বরে যে গণহত্যা হয়েছে তা অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছি। আওয়ামী ফ্যাসিবাদী সরকারের চিহ্নিত ক্রিমিনাল, দোসর তাদের গ্রেপ্তার করুন। প্রশাসনের মধ্যে যারা আছে তাদের বহিষ্কার করুন।’

এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেন, ‘আমরা বলেছি সরকারের কার্যক্রমে সুশৃঙ্খলতার অভাব দেখতে পাচ্ছি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ঘটনায় দেখা গেছে সরকার এবং আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়হীনতা আছে। এটা ঠিক না হলে নির্বাচন নিয়ে সংশয় কাটবে না। এসব ঘটনায় সরকারের গ্রহণযোগ্যতা প্রশ্নবিদ্ধ হচ্ছে। জাতীয় ও জেলা উপজেলা পর্যায়ে একটা সমন্বিত কমিটি করার কথা বলেছি যাতে আসনভিত্তিক সংস্কট সমাধানে তারা ভূমিকা রাখতে পারে।’

তিনি বলেন, ‘প্রধান উপদেষ্টা বলেছেন, তাদের পুরো টিমে নিরপেক্ষ নির্বাচনের অভিজ্ঞতার একজনও নেই। যাদের আগে নিরপেক্ষ নির্বাচনের অভিজ্ঞতা আছে আমরা তাদের চুক্তিভিত্তিক হলেও নিয়োগ দেওয়ার কথা বলেছি। প্রধান উপদেষ্টা বলেছেন, নির্বাচন যে চ্যালেঞ্জ এটা সবাই মিলে ফেস করা ছাড়া কোনো উপায় নাই।’

বৈঠক শেষে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খাঁন বলেন, ‘নুরুল হক নুরের ওপর হামলার ঘটনায় সরকারের পক্ষ থেকে আজ দুঃখপ্রকাশ করেছেন। নুরুল হক নুরকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়া হবে এটা চূড়ান্ত সিদ্ধান্ত।’

তিনি বলেন, ‘যারা এখন প্রশাসন ও বিভিন্ন বাহিনীর প্রধান তারা কি আপনার সরকারে আনুগত্য প্রকাশ করছে? সহযোগিতা করছে? আমরা দেখছি করছে না। তাই আমরা বলেছি, এখানে দুটি সরকার কাজ করছে, একটি অন্তর্বর্তী সরকার, আরেকটা অদৃশ্য সরকার। গণভোটের বিষয়ে প্রধান উপদেষ্টা বলেছিলেন, বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে গণভোটের সুযোগ নেই। এখন যেহেতু রাজনৈতিক মহলে গণভোটের দাবি উঠেছে সেক্ষেত্রে সরকারের ভূমিকা কি হবে? নির্বাচন কোন পদ্ধতিতে হবে? সরকারের পক্ষ থেকে এটা স্পষ্ট করা হলে ধোয়াশা কেটে যায়। প্রত্যেকটা দল যাতে নির্বাচনে অংশ নিতে পারে সেজন্য আস্থা তৈরি করা দরকার।’

নুরের স্ত্রী মারিয়া আক্তার বলেন, উপদেষ্টা আমাকে ডেকেছিলেন নুরের খোঁজখবর নেওয়ার জন্য। উনি খবর নিয়েছেন এবং যে ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে তার বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। তার শারিরিক অবস্থার বিবেচনা করে তাকে বাইরে উন্নত চিকিৎসার কথা বলেছেন। গতকাল দুপুর পর্যন্ত ছিল কিন্তু বিকেল থেকে আবারও নাক থেকে ব্লিডিং হচ্ছে। কথা বলতে গেলে হঠাৎ চুপ হয়ে যাচ্ছেন। এখনো শারিরীক অবস্থা ভাল না।

এর আগে গত রবিবার বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা।

এ জাতীয় আরও খবর

মারতে মারতে বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেল বিএসএফ

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় অভিযুক্ত ওসিকে প্রত্যাহার

টানা ২৯ ম্যাচে অপরাজিত মরক্কো, হারাতে পারবে তো ব্রাজিল?

৪০ বছর পর ‘নাম্বার টেন’ ছাড়া মাঠে নামবে ব্রাজিল

নবীনগরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

নবীনগর আলাউদ্দিন খাঁ কলেজে বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

কসবায় হজযাত্রীর লাগেজ হারানো কেন্দ্র করে দুই গ্রামবাসীর মাঝে সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত

বিনিয়োগে আস্থা ফেরেনি, উদ্যোগ থাকলেও সংশয়

স্বর্ণের দাম ভরিতে বেড়েছে ৬,৫৯০ টাকা

ঢাকাসহ ১৫ জেলায় বজ্রবৃষ্টির আভাস

মমেকে হাম উপসর্গে মৃত্যু ৫০

দুধ দিয়ে গোসল করে জামায়াত ত্যাগের ঘোষণা শেখ তারেকের