নতুন রাজনৈতিক বন্দোবস্ত জিম্মিদশার ঝুঁকি সৃষ্টি করছে: টিআইবি
নিজস্ব প্রতিবেদক : জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থান পরবর্তী সময়ে ‘নতুন রাজনৈতিক বন্দোবস্ত’ প্রতিষ্ঠার সংস্কৃতি অসুস্থ রাজনৈতিক সংস্কৃতির হাতে জিম্মিদশার ঝুঁকি সৃষ্টি করছে বলে আশঙ্কা জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।
রবিবার (২৪ আগস্ট) সংবাদ বিজ্ঞপ্তিতে এই আশঙ্কার কথা জানায় টিআইবি।
দেশের কোনো কোনো রাজনৈতিক দলের নেতা-কর্মীদের একাংশের ক্ষমতার অপব্যবহারে ‘এবার আমাদের পালা’-স্বরূপ আচরণ উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে বলে অভিমত জানিয়েছে টিআইবি।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘কর্তৃত্ববাদী সরকারের পতনের পর থেকে দেশব্যাপী বহুমাত্রিক দলবাজি, চাঁদাবাজি, দখলবাজি, রাষ্ট্রীয় সম্পদ লুট, মামলা বাণিজ্য, গ্রেপ্তার-জামিন বাণিজ্য, ট্যাগ বাণিজ্য ও দলীয় আধিপত্যকেন্দ্রিক সহিংসতা বেড়েছে। এ ঘটনা নতুন বাংলাদেশে নতুন রাজনৈতিক বন্দোবস্ত অভীষ্টের জন্য অশনিসংকেত।’
টিআইবির পক্ষ থেকে বলা হয়, ‘মুখে সংস্কার অথচ কার্যত আধিপত্য, দখল ও চাঁদাবাজির সংস্কৃতি অব্যাহত থাকায় গণতান্ত্রিক নতুন বাংলাদেশ প্রতিষ্ঠার গণআকাঙ্ক্ষাকে রীতিমতো পদদলিত করা হচ্ছে। এবার আমাদের পালা- এমন মানসিকতাসম্পন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীদের একাংশ সুস্থ রাজনীতির বিকাশে আত্মঘাতী প্রতিরোধ সৃষ্টি করছে।’
বিবৃতিতে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, ‘নতুন রাজনৈতিক বন্দোবস্ত যেন পুরোনো অসুস্থ রাজনৈতিক সংস্কৃতির হাতেই জিম্মি করার ঝুঁকি সৃষ্টি করেছে। রাজনৈতিক দল ও শক্তিগুলো দেশবাসীকে কি এই বার্তাই দিচ্ছে যে কর্তৃত্ববাদী চর্চা লালন করাই তাদের অভীষ্ট?’
তিনি বলেন, ‘প্রভাবশালী রাজনৈতিক দলগুলোর নেতা-কর্মীদের একাংশের কার্যক্রম দেখে মনে হচ্ছে, এমন কাণ্ড কর্তৃত্ববাদী আমলের মতো ক্ষমতার অপব্যবহার ও স্বার্থসিদ্ধিমূলক অসুস্থ চর্চার প্রতিচ্ছবি। দুর্বৃত্তায়িত রাজনৈতিক কর্মকাণ্ড আবারও স্বাভাবিকতায় পরিণত হয়েছে। পরিতাপের বিষয়, অনেক ক্ষেত্রে এই যোগসাজশে নির্বিকারভাবেই যুক্ত থাকছে পতিত রাজনৈতিক শক্তিও।’
এমন কর্মকাণ্ড নিয়ন্ত্রণে রাজনৈতিক দল সুনির্দিষ্ট প্রতিরোধ ও সংশোধনমূলক কৌশল গ্রহণ করছে না বলে মন্তব্য করেন ড. ইফতেখারুজ্জামান। পাশাপাশি আইন প্রয়োগকারী সংস্থা ও প্রশাসনের ব্যর্থতার কথাও বিবৃতিতে উল্লেখ করেন তিনি।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীদের কর্মকাণ্ডেও নাখোশ টিআইবির নির্বাহী পরিচালক।
তিনি বলেন, ‘বৈষম্যবিরোধী আন্দোলন থেকে উদ্ভূত নতুন রাজনৈতিক দলটির কিছু কিছু নেতা-কর্মী চাঁদাবাজিসহ নানাবিধ অনিয়মের সঙ্গে সংশ্লিষ্ট হয়ে পড়েছে। তারাও বিদ্যমান স্বার্থান্বেষী ও দুর্বৃত্তায়িত রাজনৈতিক চর্চাকেই রোল মডেল হিসেবে বরণ করেছে, তারা আত্মঘাতী পথ বেছে নিয়েছে।’
‘নতুন বাংলাদেশ’ প্রতিষ্ঠার স্বপ্ন পূরণ করতে হলে রাজনৈতিক দলগুলোকে গঠনমূলক ‘আত্মজিজ্ঞাসাভিত্তিক মৌলিক পরিবর্তনের’ পথ অনুসন্ধান করতে হবে বলে মন্তব্য করেন তিনি।











