চীনের এক্সিম ব্যাংকের ভাইস প্রেসিডেন্টের সঙ্গে নৌপরিবহন উপদেষ্টার বৈঠক
স্টাফ রিপোর্টার : নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেনের সঙ্গে চীনের এক্সিম ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট মিস. ইয়াং ডংনিং এর বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২০ আগস্ট মঙ্গলবার চীনের এক্সিম ব্যাংকের প্রধান কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে নৌপরিবহন মন্ত্রণালয়ের চায়না জিটুজি এবং জিওবি অর্থায়নে বাস্তবায়নের জন্য অনুমোদিত দুটো প্রকল্পের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। প্রকল্প দুটি হলো -মোংলা বন্দর কর্তৃপক্ষের, “এক্সপানশন এন্ড মর্ডানাইজেশন অব মোংলা পোর্ট ” এবং বাংলাদেশ শিপিং কর্পোরেশনের, ” দুটি ক্রুড অয়েল ট্যাংকার এবং দুটি বাল্ক ক্যারিয়ার সংগ্রহ ” শীর্ষক প্রকল্প।
বৈঠকে নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধির জন্য এক্সপানশন এন্ড মর্ডানাইজেশন অব মোংলা পোর্ট প্রকল্পের গুরুত্ব তুলে ধরে বলেন, প্রকল্পটি ফেব্রুয়ারি ২০২৫ এ অনুমোদিত হয়েছে এবং চায়না জিটুজি ও জিওবি’র অর্থায়নে প্রকল্পটি বাস্তবায়নের জন্য লোন এগ্রিমেন্ট জরুরি ভিত্তিতে হওয়া প্রয়োজন। এক্ষেত্রে জিওবি অংশে অর্থায়ন নিশ্চিত কিন্তু চায়না অংশে লোন এগ্রিমেন্ট না হওয়ায় প্রকল্পের কার্যক্রম শুরু করা যাচ্ছে না।
মোংলা বন্দরের এবং বাংলাদেশ শিপিং কর্পোরেশনের উভয় প্রকল্পই গুরুত্বপূর্ণ তবে মোংলা বন্দরের এক্সপানশন এন্ড মর্ডানাইজেশন অব মোংলা পোর্ট প্রকল্পটি অগ্রাধিকার ভিত্তিতে শুরু করা প্রয়োজন মর্মে উল্লেখ করা হয়।
মোংলা বন্দরকে রিজিওনাল ট্রান্সপোর্ট হাব হিসেবে গড়ে তোলার জন্য প্রকল্পটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে উপদেষ্টা বলেন, মোংলা বন্দরের অবস্থান কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এখানে এ অঞ্চলের ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটও ওতপ্রোতভাবে জড়িত। মোংলা বন্দরে বর্তমানে কোন টার্মিনাল জেটি না থাকায় উক্ত প্রকল্পের আওতায় দুটি টার্মিনাল জেটি নির্মাণ করা হবে যা মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে।
ড. এম সাখাওয়াত হোসেন যোগ করেন, বিএসসি এর সক্ষমতা বৃদ্ধিতে চায়না জিটুজি ও সংস্থার নিজস্ব অর্থায়নে বাংলাদেশ শিপিং কর্পোরেশন এর “দুটি ক্রুড ওয়েল ট্যাংকার এবং দুটি বাল্ক ক্যারিয়ার সংগ্রহ শীর্ষক প্রকল্পটি” ও অত্যন্ত গুরুত্বপূর্ণ । এছাড়া বাংলাদেশ শিপিং কর্পোরেশনের জন্য আরও দুটি জাহাজ ক্রয়ের কার্যক্রম চলমান আছে এবং শীঘ্রই আরও তিনটি জাহাজ ক্রয়ের কার্যক্রম গ্রহণ করা হবে বলে তিনি জানান।
বিএসসি এর জাহাজ ক্রয়ের লোন এগ্রিমেন্ট এ বছরের মধ্যে হওয়ার সম্ভাবনা রয়েছে এবং চলতি অর্থ বছরের প্রকিউরমেন্ট প্ল্যানে বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে। তবে মোংলা বন্দরের বিষয়ে আগামী বছরের শুরুতে সম্পন্ন করার বিষয়টি বিবেচনায় আছে মর্মে এক্সিম ব্যাংকের পক্ষ হতে জানানো হয়।
এপরিপ্রেক্ষিতে বাংলাদেশ প্রতিনিধি দল মোংলা বন্দরের জন্য প্রকল্পটির অপরিহার্যতা ও প্রয়োজনীয়তা তুলে ধরে বলেন , ইতোমধ্যে মোংলা বন্দরের প্রকল্পের ঠিকাদারি প্রতিষ্ঠানের সাথে কমার্শিয়াল কনট্রাক্ট স্বাক্ষরিত হয়েছে এবং লোন এপ্লিকেশন চায়না এক্সিম ব্যাংকের নিকট প্রেরণ করা হয়েছে।
এ সময় চায়না এক্সিম ব্যাংকের পক্ষ হতে মোংলা বন্দরের প্রকল্পটির লোন এগ্রিমেন্টের বিষয়ে ইতিবাচক মনোভাব পোষণ করা হয় এবং চলতি বছরের মধ্যেই ঋণ চুক্তিটি সম্পাদনে সিডকার (CIDCA) সাথে আলোচনাক্রমে দ্রুত প্রয়োজনীয় ও কার্যকরী ব্যবস্থা গ্রহণ করা হবে মর্মে আশ্বস্ত করা হয়।
এক্সিম ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট ইয়াং ডংনিং বাংলাদেশের বিভিন্ন সম্ভাবনাময় খাতে আরও বিনিয়োগের আগ্রহ প্রকাশ করে বলেন, বাংলাদেশে বর্তমানে বিনিয়োগের অনুকূল পরিস্থিতি বিরাজ করছে। যে কোন প্রকল্প বাস্তবায়নে বাংলাদেশ সরকার অত্যন্ত দক্ষতার পরিচয় দিয়ে থাকে। সহযোগিতামূলক মনোভাব ও অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ বৈঠকে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে বাংলাদেশের বন্দর অবকাঠামো ও শিপিং সেক্টরের উন্নয়নে ভবিষ্যতে আরো প্রকল্প গ্রহণ করা হবে মর্মে ভাইস প্রেসিডেন্ট ইয়াং ডংনিং আশাবাদ ব্যক্ত করেন।
বৈঠকে মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল শাহীন রহমানসহ উভয় দেশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।











