বিমানবন্দরের চারপাশে গড়ে উঠেছে অবৈধ হাইরাইজ ভবন
নিজস্ব প্রতিবেদক : গত দশ বছরে শাহজালাল আর্ন্তজাতিক বিমান বন্দরের আশপাশে ২৬৩ টি অবৈধ হাইরাইজ ভবন গড়ে উঠেছে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) বিধি অমান্য করেই এসব অবৈধ ভবন গড়ে তোলা হয়েছে। বিশেষ করে উত্তরা, গুলশান ও বনানী এলাকায় এধরনের ভবন নির্মাণ না করার জন্য বিমান কর্তৃপক্ষের নিষেধ রয়েছে। কিন্তু প্রভাবশালীরা ক্ষমতার অপব্যবহার করে এসব ভবন নির্মাণ করেছে। ভবনগুলোর কারণে বিমান উঠা নামায় চরম বিঘ্ন ঘটছে। এসব ভবন চিহ্নিত করে ভাঙ্গার বিষয়ে একাধিকবার বেবিচক রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজউকের কাছে চিঠি দিলেও তাতে সারা দিচ্ছে না রাজউক।
দ্য সিভিল এভিয়েশন রুলস ১৯৮৪ অনুযায়ী, বাংলাদেশের যে কোনো বিমানবন্দরের কেন্দ্র থেকে ১২ কিলোমিটার এলাকার মধ্যে ঘরবাড়ি, কোনো অবকাঠামো, গাছপালা, প্রতিবন্ধক ইত্যাদি নির্মাণ বা স্থাপনের ক্ষেত্রে নির্ধারিত উচ্চতা রক্ষা করা এবং নিয়ম অনুযায়ী প্রযোজ্য উচ্চতার জন্য বিমান কর্তৃপক্ষের অনুমতি নেয়ার বিধান রয়েছে। এছাড়া, বিমানবন্দরের আশপাশে ঘুড়ি উড়ানো ও সংরক্ষিত এলাকায় বিনা অনুমতিতে প্রবেশ না করারও বিধান রয়েছে। কিন্তু শাহজালাল আর্ন্তজাতিক বিমানবন্দরের ক্ষেত্রে এসব নিয়মনীতির ব্যত্যয় ঘটছে।
খোঁজ নিয়ে জানা গেছে, বিমান চলাচলে বিঘ্ন ঘটছে সিভিল এভিয়েশনের দেয়া ২৬৩ টি হাইরাইজ ভবনের তালিকা রাজউকের কাছে থাকলেও এসব ভবন ভাঙ্গতে কর্তৃপক্ষ এখন নীরব। এদিকে, রাজউকের পরিসংখ্যান অনুযায়ী রাজধানীতে অনুমোদনহীন ও নকশা অনুযায়ী নির্মাণ করা হয়নি এমন প্রায় ১০ হাজার অবৈধ ভবন রয়েছে। সাভারের রানা প্লাজা ধসের পর রাজউক-দুদক যৌথভাবে অনুমোদনহীন ও নকশাবহির্ভূত ভবনের বিরুদ্ধে অভিযান চালিয়েছিল। এর অংশ হিসেবে প্রথম পর্যায়ে বিমান উঠা নামায় চরম বিঘ্ন সৃষ্টি কারী গুলশান-বনানী ও তেজগাঁও এলাকায় ৭৯টি ভবনের তালিকা করা হয়। ওই তালিকায় ৬তলার অনুমোদন নিয়ে ২২তলা পর্যন্ত নির্মাণ করা ৬৮টি এবং অনুমোদন ছাড়াই গুলশানে নির্মাণ করা ১১টি ভবন স্থান পেয়েছে। কিন্তু এসব ভবন ভাঙ্গা তো দূরে থাক এখন পর্যন্ত কোন ব্যবস্থাও নেয়া হয়নি। তবে বেবিচকের উদ্যোগে ২৬৩ টি ঝুঁকিপূর্ণ বহুতল ভবন চিহ্নিত করা হয়েছে। এসব ভবনের মধ্যে উল্লেখযোগ্য, গুলশানের জব্বার টাওয়ার। উত্তরায় নাটোর টাওয়ার। গুলশানের প্রিমিয়ার স্কয়ার ও গার্ডেন টাওয়ারসহ ২৬৩ ঝুঁকিপূর্ণ বহুতল ভবন রয়েছে। দীর্ঘদিন থেকেই এসব ভবন ভেঙ্গে ফেলার দাবি জানিয়ে আসছে বিমান কর্তৃপক্ষ। কিন্তু এসব ভবনের মালিক প্রভাবশালী থাকায় রাজউক কর্তৃপক্ষ কোন ধরনের ব্যবস্থা নিতে পারছে না।
রাজউক সূত্রে জানা যায়, ৩২ গুলশান এভিনিউর ১৩৫ নম্বর সড়কের ৪২ নম্বর প্লটে নির্মিত সুউচ্চ জব্বার টাওয়ারটি রাজউক থেকে নয়তলার অনুমোদন নিয়ে ২২ তলা করা হয়েছে। ২০০৭ সালে ২২ তলা পর্যন্ত নির্মাণকাজ শেষ করা হয়। উত্তরা ৩ নম্বর সেক্টরের ২ নম্বর সড়কে নাটোর টাওয়ার ভবনটি ছয়তলা আবাসিক ভবনের অনুমোদন নিয়ে এটি করা হয় ১৪ তলা বাণিজ্যিক ভবন। মূল নকশার ফাইল থেকে নথি সরিয়ে জালিয়াতির মাধ্যমে একই নম্বরে ভুয়া কাগজ ঢুকিয়ে এই অবৈধ কাজটি করা হয়েছে অভিযোগ উঠেছে। গুলশান এভিনিউর ৭৮ নম্বর প্লটে ১৮ তলা প্রিমিয়ার স্কয়ারের একই অবস্থা। এটিও ছয় তলার অনুমতি নিয়ে করা হয়েছে ১৫ তলা। এর বিরুদ্ধেও ব্যবস্থা নিতে পারেনি রাজউক। এছাড়া,পরীবাগে শাহ সাহেব রোডের ১ নম্বর প্লটে ২০ তলার গার্ডেন টাওয়ার ভবনটি ১৯৯৯ সালে ১১ কাঠা জায়গায় ভবনটির নির্মাণকাজ শুরু হয়। পুরান ঢাকার মৌজার অন্য একটি ভবনের নকশা জাল করে এই ভবনের নকশা তৈরি করা হয়েছে। বর্তমানে ভবনটিতে অনেকটা নিরাপত্তাহীনভাবে বসবাস করছে ৬৯টি পরিবার। এটির বিরুদ্ধেও কোন ব্যবস্থা নিচ্ছে না রাজউক। এছাড়া, বিমান বন্দরের আশপাশে এ ধরনের যেসব বহুতল ভবন রয়েছে তার মালিক একেকজন প্রভাবশালী ব্যক্তি। অথচ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের বিধি অনুসারে গুলশান এভিনিউসহ এর আশপাশের ১২ কিলোমিটার এলাকায় ১৫০ ফুটের উঁচু ভবন নির্মাণ করার নিয়ম নেই। কর্তৃপক্ষ নির্মাণের ছাড়পত্রও সে অনুসারে দেয়। এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক রাজউকের সংশ্লিষ্ট বিভাগের এক কর্মকর্তা জানান, বিমান চলাচলে বাধা সৃষ্টি হওয়া এসব অবৈধ ভবন ভাঙার জন্য তালিকাভুক্ত করা হয়েছিল। কিন্তু অবৈধভাবে যারা এসব বহুতল ভবন নির্মাণ করছে তাদের বিরুদ্ধে আওয়ামী সরকারের সময় ব্যবস্থা নেয়াও প্রায় অসম্ভব ছিল। কারণ বেশির ভাগ মালিকই ক্ষমতাধর এবং প্রভাবশালী ব্যাক্তি এর সাথে জড়িত ছিল। যখনই এসব ভবন ভাঙ্গার উদ্যোগ নেয়া হয় তখনই নানাভাবে বাধাঁ এসেছে। তাছাড়া, এসব ভবন ভেঙ্গে ফেলার জন্য যে জনবল দরকার তাও আমাদের নেই। ফলে এসব ভবন ভাঙ্গা সম্ভব হয়নি। এসব ভবন ভেঙ্গে ফেলতে হলে সরকারের সরাসরি হস্তক্ষেপ প্রয়োজন। বেবিচকের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক জানান, ঢাকার বিমানবন্দরের আশেপাশে ২৬৩টি অনুমোদনবিহীন উঁচু ভবন রয়েছে। গত ১০ বছরে এসব ভবন নির্মিত হয়েছে। এগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দায়িত্ব রাজউকের। আমরা রাজউককে এসব ভবন অপসারণে একাধিকবার চিঠি দিয়েছে। তিন্তু তাতে কোন সারা পাচ্ছি না। আশাকরি এসব ভবনের বিরুদ্ধে রাজউক দ্রুত ব্যবস্থা নেবেন। ###











