রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভূঞাপুর হাসপাতালে ডাক্তার সংকট, স্বাস্থ্যঝুঁকিতে রোগীরা

news-image

ভূঞাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা : টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার ৫০ শয্যার সরকারি হাসপাতালটি এখন নানামুখী সংকটে বিপর্যস্ত। ধারণক্ষমতা ৫০ জন হলেও হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৭০ জন ছাড়িয়েছে। তার বাইরেও আরও ২০-২৫ জন রোগী অপেক্ষায় থাকছেন। ফলে চিকিৎসাসেবা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

উপজেলার অন্যতম গুরুত্বপূর্ণ এ হাসপাতালটি শুধু ভূঞাপুর নয়- পার্শ্ববর্তী কালিহাতি, গোপালপুর ও ঘাটাইল থেকেও অসংখ্য হতদরিদ্র রোগীর একমাত্র ভরসা। বিশেষ করে যমুনার চরাঞ্চলের মানুষদের জন্য হাসপাতালটি আশার আলো হয়ে দাঁড়িয়ে ছিল। কিন্তু বর্তমান বাস্তবতা সে আশা কেবল নির্বিকার।

সরেজমিনে গিয়ে দেখা যায়, হাসপাতালের দ্বিতীয় তলার বারান্দায় রোগীরা শুয়ে আছেন, কোথাও মেঝেতে, কোথাও কাঠের খাটে। শিশু ও মহিলা ওয়ার্ডের ছাদ থেকে চুইয়ে পড়ছে বৃষ্টির পানি। শিশুর বিছানায় পানি পড়ায় কেউ দাঁড়িয়ে, কেউবা এক পাশে বসে থাকছেন। ওয়ার্ডজুড়ে স্যাতস্যাতে পরিবেশ, দুর্গন্ধ ও অস্বাস্থ্যকর অবস্থা রোগীদের ভোগান্তি বাড়িয়ে তুলছে। শিশু ওয়ার্ডে ৬টি ফ্যান থাকলেও সচল মাত্র একটি। সুইচ চাপলেই আগুনের স্ফুলিঙ্গ দেখা যায় বলে অভিযোগ রোগী-স্বজনদের। ফলে বিকল্প হিসেবে অনেকে হাত পাখা ব্যবহার করছেন। পরিস্থিতি আরও ভয়াবহ পুরুষ ওয়ার্ডে চারটি টয়লেটের মধ্যে দুইটি তালাবদ্ধ, অবশিষ্ট দুটি ব্যবহারের অযোগ্য।

জানা যায়, সরকারি বিধিমতে, হাসপাতালে ২২ জন চিকিৎসক থাকার কথা। কিন্তু বর্তমানে কর্মরত মাত্র ১২ জন। গাইনী, কার্ডিওলজি, অর্থোপেডিক্স, সার্জারি, চর্ম ও যৌন রোগ, চক্ষু এবং অ্যানেস্থেসিয়া- এই গুরুত্বপূর্ণ বিভাগগুলোতে কোনো চিকিৎসকই নেই। এ অবস্থায় গুরুতর অসুস্থ রোগীরা চিকিৎসা না পেয়ে টাঙ্গাইল জেনারেল হাসপাতাল বা প্রাইভেট ক্লিনিকে ছুটছেন।

এদিকে, রোগীর সংখ্যা বাড়লেও নেই পর্যাপ্ত নিরাপত্তা প্রহরী-থাকার কথা ১২ জন, বাস্তবে মাত্র ১ জন। নিরাপত্তার পাশাপাশি পরিচ্ছন্নতাকর্মী যেখানে ১২ জন থাকার কথা, সেখানে মাত্র ২ জন কর্মরত। ফলে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম কার্যত থমকে গেছে। রোগীদের নিয়মিতই স্বাস্থ্যঝুঁকির মধ্যে পড়তে হচ্ছে।

অন্যদিকে, অপারেশন থিয়েটার গত দুই বছর ধরে বন্ধ। এতে অস্ত্রোপচারের জন্য ব্যবহৃত যন্ত্রপাতি নষ্ট হয়ে যাচ্ছে। নেই করোনা ও ডেঙ্গু পরীক্ষার কিটও। শিশুদের গ্যাস দেয়ার একমাত্র মেশিনটিও দীর্ঘদিন ধরে বিকল।

হাসপাতালের দুরবস্থায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। স্থানীয় এক মা, মমিনা বেগম বলেন, ছেলেকে নিয়ে হাসপাতালে এসেছিলাম। নেবুলাইজার কাজ না করায় আমাকে টাঙ্গাইল রেফার্ড করে দিয়েছে।

রোগী ঠান্ডু ভূঁইয়া বলেন, দুইদিন ধরে ভর্তি আছি। কিছু ওষুধ ছাড়া বাকি সব বাইরে থেকে কিনতে হচ্ছে। গ্যাস মেশিন নষ্ট, বাইরে থেকে আনতে হয়েছে।

যমুনার চরাঞ্চল থেকে আসা রোগী আব্দুস সালাম বলেন, তিনদিন ধরে ভর্তি। ডাক্তার দিনে একবার আসে। গ্যাস দেয়ার কথা, কিন্তু পাই না। এখন শুনি মেশিনই নষ্ট।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুস সোবহান বলেন, বারবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো সত্ত্বেও কার্যকর কোনো পদক্ষেপ নেয়া হয়নি। পৌরসভায় প্রতি বছর ১০ লাখ টাকা করে ট্যাক্স দেই, কিন্তু ময়লা-আবর্জনায় ড্রেন বন্ধ হয়ে দুর্গন্ধ ও মশার উপদ্রব বেড়েছে।

এ জাতীয় আরও খবর

মারতে মারতে বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেল বিএসএফ

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় অভিযুক্ত ওসিকে প্রত্যাহার

টানা ২৯ ম্যাচে অপরাজিত মরক্কো, হারাতে পারবে তো ব্রাজিল?

৪০ বছর পর ‘নাম্বার টেন’ ছাড়া মাঠে নামবে ব্রাজিল

নবীনগরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

নবীনগর আলাউদ্দিন খাঁ কলেজে বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

কসবায় হজযাত্রীর লাগেজ হারানো কেন্দ্র করে দুই গ্রামবাসীর মাঝে সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত

বিনিয়োগে আস্থা ফেরেনি, উদ্যোগ থাকলেও সংশয়

স্বর্ণের দাম ভরিতে বেড়েছে ৬,৫৯০ টাকা

ঢাকাসহ ১৫ জেলায় বজ্রবৃষ্টির আভাস

মমেকে হাম উপসর্গে মৃত্যু ৫০

দুধ দিয়ে গোসল করে জামায়াত ত্যাগের ঘোষণা শেখ তারেকের