২০ মিনিটের বৃষ্টিতেই হবিগঞ্জ শহরে তীব্র জলাবদ্ধতা!
হবিগঞ্জ জেলা সংবাদদাতা : মাত্র ২০ মিনিটের বৃষ্টিতেই থমকে গেল হবিগঞ্জ শহরের স্বাভাবিক জনজীবন।
রোববার (৩ আগস্ট) দুপুর ১টা ১০ মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত মাত্র ২০ মিনিটের টানা বৃষ্টিতে শহরের বিভিন্ন এলাকায় সৃষ্টি হয় তীব্র জলাবদ্ধতা।
জলমগ্ন শহর:বিশেষ করে শায়েস্তানগর এলাকায় পানি উন্নয়ন বোর্ডের সামনের রাস্তাসহ পুরো এলাকা পানিতে ডুবে যায়। পৌরবাসীদের অভিযোগ, প্রতিবছর অল্প বৃষ্টিতেই শহরের বিভিন্ন স্থানে পানি জমে। অথচ বছরজুড়েই চলে তথাকথিত উন্নয়ন প্রকল্প।
বসবাস অযোগ্য নগরীতে পরিণত হবিগঞ্জ শহর!
শায়েস্তানগর, ইনাতাবাদ, চৌধুরীবাজার, সার্কিট হাউজ রোড, মোহনপুর, নোয়াহাটি, বগলবাজার, শ্যামলী, জেলা প্রশাসকের বাসভবন ও পুলিশ সুপারের বাসভবন এলাকা, পুরাতন হাসপাতাল সড়কসহ প্রায় অর্ধশতাধিক স্থানে পানি জমে জনদুর্ভোগ চরমে ওঠে।
কথায় নয়, বাস্তবে প্রমাণ: পানি উন্নয়ন বোর্ডের নিজস্ব অফিসও ছিল পানির নিচে। সামনে-পেছনের রাস্তায় ঢুকে পড়ে পানি। এ দৃশ্য দেখে স্থানীয়রা কটাক্ষ করে বলেন, “যে অফিস পানি নিয়ন্ত্রণ করবে, তাদেরই চৌকাঠে পানি!
স্থানীয় বাসিন্দা কামরুল ইসলাম বলেন, “আগেও পৌর মেয়র কিছু করতে পারেননি। এখন তো মেয়রই নেই। শহরের এই দুর্ভোগ দেখবে কে?”
টমটম চালক শহীদ জানান, “জলাবদ্ধতার মধ্যে গাড়ি চালানো যায় না। পানি ঢুকে ইঞ্জিন নষ্ট হয়ে যায়। প্রতিদিন ক্ষতিগ্রস্ত হই।”
হবিগঞ্জের প্রশাসন নির্বিকার, কষ্টে আছেন নগরবাসী। পৌরবাসীর অভিযোগ, অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা ও দায়িত্বহীনতার কারণেই বছরের পর বছর এই দুর্ভোগ চলেছে।
আবাসিক এলাকায় পানি ঢুকে নষ্ট হচ্ছে আসবাবপত্র, পচে যাচ্ছে খাদ্যসামগ্রী। অথচ স্থায়ী সমাধানের কোনও উদ্যোগ নেই।











