শিক্ষাব্যবস্থা আপনি ধ্বংস করে ফেলেছেন, প্রধান উপদেষ্টাকে দুদু
অনলাইন ডেস্ক : অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস দেশের শিক্ষাব্যবস্থা ধ্বংস করেছেন বলে অভিযোগ তুলেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।
আজ বুধবার জাতীয় প্রেসক্লাবের আকরম খাঁ হলে জাতীয়তাবাদী গণতান্ত্রিক পরিষদ আয়োজিত এক আলোচনা সভায় এ কথা বলেন দুদু।
প্রধান উপদেষ্টার উদ্দেশে দুদু বলেন, ‘এই যে, আপনি ছাত্রদের আপনার মুরুব্বি বানিয়েছেন, কর্তৃপক্ষ বানিয়েছেন, শিক্ষাব্যবস্থা আপনি ধ্বংস করে ফেলেছেন—এর একটু দায় আপনারও নেওয়া উচিত।’
তিনি আরও বলেন, ‘আপনি (প্রধান উপদেষ্টা) প্রতিটি মন্ত্রণালয়ে ছাত্রদের একজন করে প্রতিনিধি রেখেছেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটা ছেলে প্রতিনিধি হিসেবে পুলিশ নিয়ে গুলশানের একটি বাড়ি থেকে ৫০ লাখের ১০ লাখ টাকা নিয়ে এসেছে। যখন আরও ৪০ লাখ টাকা আনতে গিয়েছিল তখন সে ধরা পরে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে ব্যবহার করে, পুলিশকে ব্যবহার করে চাঁদাবাজি হচ্ছে, এটা তো আপনি জানেন।’
দুদু বলেন, ‘আমরা আপনার (প্রধান উপদেষ্টা) সমালোচনা করি, আপনি যাতে একটি ভালো নির্বাচন দিয়ে বাংলাদেশের গণতন্ত্রের উত্তরণের সহায়তা করেন। না হলে, অনেক জটিলতা দেখা দিতে পারে। সে জন্য যেকোনোভাবে, যেকোনো উপায়ে আপনাকে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন সম্পন্ন করতে হবে। আর তা যদি সম্ভব না হয়, বাংলাদেশে কোনো স্বৈরতন্ত্র কিন্তু ভালো নির্বাচন ছাড়া রেহাই পায়নি। এখনো পর্যন্ত আপনার পথ খোলা আছে। আপনি ভালো নির্বাচন দেবেন, এটা জাতি প্রত্যাশা করে, আমরাও প্রত্যাশা করি।’
বিএনপির ভাইস চেয়ারম্যান বলেন, ‘স্বৈরতন্ত্রের পতন তখনই সার্থক হবে, যখন গণতন্ত্রের উত্তরণ সম্পন্ন হবে। যদি গণতন্ত্রের উত্তরণ সম্ভব না হয়, তাহলে স্বৈরতন্ত্র ফিরে আসার সম্ভাবনা থেকে যাবে। যারা আজকে বিভিন্ন অজুহাতে গণতন্ত্রের উত্তরণের যে নির্বাচন, সেই নির্বাচনে প্রতিবন্ধকতা সৃষ্টি করছেন বা বাধা দিচ্ছেন—তারা পক্ষান্তরে স্বৈরতন্ত্রের পক্ষেই অবস্থান নিচ্ছেন।’
তিনি বলেন, ‘বিএনপি প্রায় ১৬ বছর ধরে গণতন্ত্রের জন্য সংগ্রাম করে স্বৈরতন্ত্রের বিরুদ্ধে। যারা আজ স্বৈরতন্ত্রের পতনে বিএনপির ভূমিকাকে খাটো করে দেখছেন, তাদের বলব—বিএনপি যখন আন্দোলন শুরু করেছিল, যাদের বয়স এখন ২৬ থেকে ২৮ এর মধ্যে তারা তখন শিশু ছিল। হিসাব করলে দেখা যাবে, তাদের ভাতও মায়েরা খাইয়ে দিতেন। কিন্তু তারা যখন ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায়কে অস্বীকার করছেন, তখন বুঝতেই হবে, এরা অহংকারী হয়ে পড়েছে।’
বিএনপির এই নেতা বলেন, ‘যারা চাঁদাবাজি করছেন, দল গঠন করছেন এবং বিএনপির বিরুদ্ধে মিথ্যা কথা বলছেন, তাদের আমি বলব, এই সময় সময় না, আরও সময় আছে। আপনাদের পরিণতি কি হবে সেটা যদি না ভাবেন, তাহলে ভুল হবে। এটা একবার মাথার মধ্যে নেন। এখন আপনাদের ব্যবহার করে যারা উপদেষ্টা মণ্ডলী সদস্য হয়েছেন এবং ক্ষমতার ব্যবহার করছেন, তারা কিন্তু আপনাদেরকে সেই সময়ে সহায়তা করবে না, এটাই বাস্তব।’











