,

বাংলাদেশি রেসার অভিক আনোয়ার ভয়াবহ দুর্ঘটনায় আহত

news-image

স্পোর্টস ডেস্ক : মোটরস্পোর্টস জগতে বাংলাদেশের পথিকৃত অভিক আনোয়ার গুরুতর দুর্ঘটনার শিকার হয়েছেন। মালয়েশিয়ার সেপাং ইন্টারন্যাশনাল সার্কিটে একটি রেস চলাকালে তার গাড়ি ভয়াবহ দুর্ঘটনায় পড়ে।

শনিবার অভিক আনোয়ারের ভেরিফায়েড ফেসবুক পেজে এই দুঃসংবাদটি জানানো হয়। পেজটির অ্যাডমিনের পক্ষ থেকে বলা হয়েছে, ‘রেস ওয়ান চলাকালীন অভিকের গাড়িটি মারাত্মক দুর্ঘটনায় পড়ে। বর্তমানে তিনি মেডিকেল সেন্টারে চিকিৎসকদের তত্ত্বাবধানে আছেন। সবাইকে অনুরোধ করছি, তার সুস্থতার জন্য দোয়া করতে।’

এর আগে সকালেই একটি পোস্টে অভিক লিখেছিলেন, ‘গতকালের কোয়ালিফাইং ল্যাপে আমি পি-৪ পেয়েছি। যদি টার্ন ৫ আর টার্ন ৬-এ গাড়িটা হঠাৎ করে স্লাইড না করত, তাহলে আরও ভালো অবস্থানে থাকতে পারতাম। ইনশা আল্লাহ, আগামীকাল বাংলাদেশের জন্য পোডিয়ামে জায়গা করে নেওয়ার চেষ্টা করব।’

৩৯ বছর বয়সী অভিক আনোয়ার বাংলাদেশের মোটরস্পোর্টসে সবচেয়ে সফল নামগুলোর একটি। গত বছর ডিসেম্বরেই বিশ্বের সবচেয়ে পুরোনো ট্যুরিং কার রেসে প্রথমবার অংশ নিয়ে নজরকাড়া সাফল্য পেয়েছিলেন। দুবাইয়ের অটোড্রোমে দুইটি রেসেই পোডিয়াম ফিনিশ করে দেশের মুখ উজ্জ্বল করেন।

১৩০টিরও বেশি আন্তর্জাতিক রেসে অংশ নিয়ে অভিক বারবার প্রমাণ করেছেন নিজের দক্ষতা ও দৃঢ়তা। রেসিং ট্র্যাকে তার পারফরম্যান্স বাংলাদেশের পতাকাকে বিশ্বদরবারে গর্বের সঙ্গে তুলে ধরেছে।

উল্লেখযোগ্যভাবে, তিনিই একমাত্র বাংলাদেশি যিনি ফর্মুলা ওয়ানে অংশগ্রহণের গৌরব অর্জন করেছেন।