বৃহস্পতিবার, ১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

গোপালগঞ্জে কারফিউয়ের সময় আরও বাড়ল

news-image

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশকে কেন্দ্র করে হামলা-সংঘর্ষ ও প্রাণহানির ঘটনার পর জারি করা কারফিউয়ের সময় আরও বাড়ানো হয়েছে।

শুক্রবার (১৮ জুলাই) জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটের আদেশক্রমে এ নির্দেশনা জারি করা হয়।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সংঘর্ষ পরবর্তী পরিস্থিতি সামাল দিতে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে আজ শুক্রবার সন্ধ্যা ৬টা পযর্ন্ত কারফিউ জারি করা হয়। তবে পরিস্থিতি এখনো পুরোপুরি স্বাভাবিক না হওয়ায় আজ সন্ধ্যা ৬টা থেকে আগামীকাল শনিবার সকাল ৬টা পযর্ন্ত কারফিউয়ের সময় বাড়ানো হয়েছে।

এর আগে, বুধবার (১৬ জুলাই) রাত ৮টা থেকে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ২২ ঘণ্টার কারফিউ জারি করা হয়।

এদিকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ৭৫ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত আরও ৪০০ জনকে আসামি করে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৭ জুলাই) রাতে সদর থানার পরিদর্শক আহম্মেদ আলী বাদী হয়ে মামলাটি করেন।

অন্যদিকে, সংঘর্ষের ঘটনায় গুলিবিদ্ধ রমজান মুন্সী (৩২) নামে এক আটোচালক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ নিয়ে এখন পর্যন্ত পাঁচজনের মৃত্যু হলো। এ ছাড়া এখন পর্যন্ত ৪৫ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।