গোপালগঞ্জে আওয়ামী লীগ-পুলিশ সংঘর্ষ: গ্রেপ্তার ১৬৪
গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জে এনসিপির পদযাত্রাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের সংঘর্ষ ও হামলার ঘটনায় নতুন করে আরও ১১৯ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ নিয়ে জেলায় মোট গ্রেপ্তারের সংখ্যা দাঁড়ালো ১৬৪ জনে।
জেলার ৫ থানার অফিসার ইনচার্জগণ (ওসি) শুক্রবার (১৮ জুলাই) সন্ধ্যায় এসব তথ্য নিশ্চিত করেছেন।
তারা জানান, গোপালগঞ্জে এনসিপির পদযাত্রাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষের ঘটনায় জেলার বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। এসময় জেলার ৫ উপজেলায় অভিযান চালিয়ে নতুন করে আরও ১১৯ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ নিয়ে জেলায় মোট গ্রেপ্তারের সংখ্যা দাঁড়ালো ১৬৪ জনে। এর মধ্যে সদর থানায় ৪৫ জন, মুকসুদপুর থানায় ৬৬ জন, কাশিয়ানী থানায় ২৪ জন, টুঙ্গিপাড়া থানায় ১৭ জন এবং কোটালীপাড়া থানায় ১২ জন রয়েছে। তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে বলে বিভিন্ন থানার ওসিগণ জানিয়েছেন।
গত বুধবার গোপালগঞ্জে এনসিপির পদযাত্রা ও পথসভা ভণ্ডুল করতে আওয়ামী লীগ ও ছাত্রলীগের শত-শত নেতাকর্মী হামলা চালায়। পরে তারা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়। দিনভর চলা সংঘর্ষে ৫ যুবক নিহত ও পুলিশ সাংবাদিক-সহ শতাধিক মানুষ আহত হয়। এ ঘটনার দুই দিন পর আজ শুক্রবার পুলিশ বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করল।











