সর্বোচ্চ ১০ বছর প্রধানমন্ত্রিত্ব নিয়ে শর্তসাপেক্ষে একমত
নিজস্ব প্রতিবেদক : রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে অন্তর্বর্তী সরকার গঠিত জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় পর্বের সংলাপ চলছে। গতকাল বুধবার সর্বশেষ বৈঠকে প্রধানমন্ত্রীর পদে এক ব্যক্তির সর্বোচ্চ ১০ বছর দায়িত্ব পালনের বিষয়ে একমত হয়েছে দলগুলো। এতে শর্তসাপেক্ষে একমত হয়েছে বিএনপি। তবে আপত্তির মুখে জাতীয় সাংবিধানিক কাউন্সিল (এনসিসি) গঠনের প্রস্তাব থেকে সরে এসেছে ঐকমত্য কমিশন। এর পরিবর্তে ‘সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ কমিটি’ (সাসনিক) করার নতুন প্রস্তাব করা হয়েছে।
নতুন প্রস্তাবে অন্যান্য দল একমত হলেও বিএনপি আপত্তি জানিয়ে বলেছে, যদি এনসিসির পরিবর্তে ‘সাসনিক’ও করা হয়, তাহলে প্রধানমন্ত্রী পদে এক ব্যক্তির মেয়াদ সংক্রান্ত প্রস্তাবে একমত হবে না দলটি। এ ছাড়া রাষ্ট্র পরিচালনার মূলনীতি বিষয়েও ঐকমত্য হতে পারেনি দলগুলো। আগামী রবিবার ফের সংলাপের কথা রয়েছে।
গতকাল ঢাকায় ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় পর্যায়ের ষষ্ঠ দিনের আলোচনা অনুষ্ঠিত হয়। বৈঠকে রাষ্ট্রের মূলনীতি, দ্বি-কক্ষবিশিষ্ট সংসদ (উচ্চকক্ষের নির্বাচন পদ্ধতি), জাতীয় সাংবিধানিক কাউন্সিল (এনসিসি) গঠন কাঠামো, রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি ও নারী প্রতিনিধিত্ব নিয়ে আলোচনা হয়েছে।
আলোচনা শেষে ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ সাংবাদিকদের বলেন, আজকের আলোচনায় রাষ্ট্র পরিচালনার মূলনীতি এবং প্রধানমন্ত্রী মেয়াদের নিয়েও আলোচনা হয়েছে। রাষ্ট্র পরিচালনার বিদ্যমান মূলনীতি অটুট রাখার বিষয়ে কয়েকটি দল মত দিয়েছে, আবার কিছু দল ভিন্নমতও পোষণ করেছে। তাই এ বিষয়ে কোনো ঐকমত্য হয়নি। তবে সাম্য ও মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, গণতন্ত্র, ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতি এবং পক্ষপাতিত্বহীনতা- এ পাঁচ বিষয়ে অধিকাংশ দলের সমর্থন রয়েছে।
কমিশনের সহসভাপতি বলেন, যেহেতু সংবিধান এবং সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানগুলোর নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে চূড়ান্ত কোনো সিদ্ধান্তে এখনও উপনীত হওয়া যায়নি, তাই প্রধানমন্ত্রীর মেয়াদ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো যাচ্ছে না। তিনি বলেন, বিএনপির পক্ষ থেকে সর্বশেষ বলা হয়েছে- যদি সংবিধানিক প্রতিষ্ঠানে নিয়োগের জন্য কোনো ধরনের কমিশন বা কমিটি তৈরি করা হয়, তাহলে তারা প্রধানমন্ত্রীর মেয়াদকাল ১০ বছর তা আবার বিবেচনা করা হবে। এ আলোচনা আমরা কোনো রকম ঐকমত্যে পৌঁছাতে পারিনি। সর্বশেষ বৈঠকে প্রধানমন্ত্রীর ১০ বছরের মেয়াদকাল নিয়ে যে আলোচনা হয়েছে, সেখানে অধিকাংশ রাজনৈতিক দল স্বাগত জানিয়েছে। আমরা আশাবাদী আলোচনায় আমরা সবাই একমত হতে পারব।
অধ্যাপক আলী রীয়াজ বলেন, রাজনৈতিক দলগুলোর মতামতকে গুরুত্ব দিয়ে জাতীয় ঐকমত্য কমিশন এনসিসি প্রস্তাব থেকে সরে এসেছে। নতুন প্রস্তাবিত কমিটির কাঠামোতেও পরিবর্তন আনা হয়েছে। জাতীয় সাংবিধানিক কাউন্সিলের (এনসিসি) পরিবর্তে ‘সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ কমিটি’
করার প্রস্তাব করা হয়েছে। এ কমিটি শুধু সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানগুলোর নিয়োগ কার্যক্রম পরিচালনা করবে। অ্যাটর্নি জেনারেল ও তিন বাহিনীর প্রধানের নিয়োগ এ কমিটির অন্তর্ভুক্ত হবে না।
বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেন, প্রধানমন্ত্রীর মেয়াদ লাইফটাইমে ১০ বছরের বেশি থাকবে না, এ বিষয়ে আমরা একমত। তবে যদি ‘সাংবিধানিক ও সংবিধিবদ্ধ নিয়োগ কমিটি’ গঠিত হয়, তাহলে প্রধানমন্ত্রীর এই মেয়াদকাল নির্ধারণের প্রস্তাবে বিএনপির পক্ষে একমত হওয়া সম্ভব হবে না। তিনি বলেন, এক ব্যক্তির স্বৈরাচার দেখে নির্বাহী বিভাগকে সম্পূর্ণ ক্ষমতাহীন করে ফেলা সঠিক হবে না। বরং রাষ্ট্রের বিভিন্ন স্তরে
দায়িত্ব ও জবাবদিহির ভারসাম্য নিশ্চিত করাটাই বেশি জরুরি।
সালাহউদ্দিন আহমেদ বলেন, আগে যেটি জাতীয় সাংবিধানিক কাউন্সিল (এনসিসি) ছিল, সেটিই আজ সাসনিক (সাংবিধানিক ও সংবিধিবদ্ধ নিয়োগ কমিটি)। আমরা চাই এর সঙ্গে আরও কিছু মৌলিক বিষয় যুক্ত হোক। সাংবিধানিক নিয়োগপ্রক্রিয়া নিয়ে বিএনপির অবস্থান স্পষ্ট করে তিনি বলেন, বিদ্যমান আইনের ভিত্তিতে কমিশন বা সার্চ কমিটি গঠন করেই নিয়োগ প্রক্রিয়া চালানো যেতে পারে। এর মধ্যেই সংস্কার করে জবাবদিহিতা নিশ্চিত করা সম্ভব, যাতে এই প্রতিষ্ঠানগুলো নির্বাহী বিভাগের প্রভাবমুক্ত থাকে। এ ক্ষেত্রে সংবিধানে নতুন করে একটি আলাদা বডি গঠনের প্রয়োজন নেই।
বৈঠকে সংবিধানের মূলনীতি নিয়েও আলোচনা হয়। এ প্রসঙ্গে বিএনপির পক্ষ থেকে জানানো হয়, তারা সংবিধানে পঞ্চম সংশোধনীর সময় অন্তর্ভুক্ত ‘বিসমিল্লাহ’ এবং ‘আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস’ বহাল রাখতে চায়। পাশাপাশি বিএনপি চাইছে, ঐকমত্য কমিশনের প্রস্তাবিত সাম্য,
মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, গণতন্ত্র এবং ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতিও সংবিধানে যুক্ত হোক।
বৈঠক শেষে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, একজন ব্যক্তি সর্বোচ্চ ১০ বছর প্রধানমন্ত্রী থাকতে পারবেন, এই বিষয়ে বিএনপি ছাড়া প্রায় সব রাজনৈতিক দল একমত হয়েছে।
রফিকুল ইসলাম খান জানান, বিএনপি ছাড়া অন্য কেউ এই প্রস্তাব থেকে সরে আসেনি। আজকের বৈঠকেও এই বিষয়টি উঠেছে এবং সবাই তাদের পূর্বঘোষিত অবস্থানেই অনড় রয়েছে। এখন কমিশনের ওপর দায়িত্ব, এই বিষয়ে প্রাতিষ্ঠানিক বাস্তবায়ন কীভাবে নিশ্চিত করা যায়, সে সিদ্ধান্ত নেওয়ার। জামায়াত আশা করছে, কমিশন এই বিষয়ে দৃঢ় ভূমিকা নেবে।
এদিনের বৈঠকে রাষ্ট্র পরিচালনার মূলনীতিতে ‘আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস’ যুক্ত করার প্রস্তাব নিয়েও আলোচনা হয়। জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল জানান, অধিকাংশ রাজনৈতিক দল পঞ্চম সংশোধনী অনুযায়ী এই বিশ্বাস অন্তর্ভুক্ত করার ব্যাপারে একমত পোষণ করেছে। তবে কমিউনিস্ট পার্টিসহ কিছু দল এ প্রস্তাবের বিরোধিতা করেছে। তিনি বলেন, রাষ্ট্র পরিচালনার মূলনীতিতে ‘সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, গণতন্ত্র এবং ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতি’র পাশাপাশি ‘আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস’ যুক্ত করার ব্যাপারে অধিকাংশ রাজনৈতিক দল ঐকমত্য পোষণ করেছে।
রফিকুল ইসলাম আরও বলেন, আজকে ঐকমত্য কমিশনের পক্ষ থেকে রাষ্ট্রপতি ও প্রধান বিচারপতির নাম বাদ দিয়ে নতুন প্রস্তাব উপস্থাপন করা হয়েছে। একই সঙ্গে জাতীয় সাংবিধানিক কাউন্সিলের (এনসিসি) নামও পরিবর্তন করা হয়েছে। নতুন প্রস্তাবিত কমিটিতে রয়েছেন প্রধানমন্ত্রী, নিম্নকক্ষ স্পিকার, উচ্চকক্ষ স্পিকার, বিরোধীদলীয় নেতা, প্রধান বিরোধী দল ব্যতীত অন্যান্য বিরোধী দলের দলীয় সদস্যদের মধ্য থেকে একজন, রাষ্ট্রপতি কর্তৃক মনোনীত একজন এবং প্রধান বিচারপতি কর্তৃক আপিল বিভাগের একজন বিচারপতি। এই প্রস্তাবেও বিএনপিসহ কয়েকটি দল বাদে অধিকাংশ দলই ঐকমত্য পোষণ করেছে।
গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেন, রাষ্ট্রের মূলনীতি নিয়ে এখনও ঐকমত্য হয়নি। এ বিষয়ে নতুন একটি প্রস্তাবের কথা উল্লেখ করে তিনি বলেন, সংবিধানের মূলনীতিতে কী কী অবশ্যই উল্লেখ থাকতে হবে, সে বিষয়ে আলোচনা হয়েছে। সাম্য, মানবিক মর্যাদা, সুবিচার, গণতন্ত্র এবং ধর্মীয় স্বাধীনতা, সম্প্রীতি ও পক্ষপাতহীনতা- এই পাঁচ বিষয়কে সমর্থন করেছেন তারা।
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, আমরা দলের পক্ষ থেকে বলেছি, রাষ্ট্রের যে মূলনীতি, সেটা দীর্ঘ গণতান্ত্রিক সংগ্রাম আমাদের মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে পাওয়া। গণ-আকাক্সক্ষার সাংবিধানিক প্রতিফলন হিসেবে সেটা সংবিধানে যুক্ত করা হয়েছে। তিনি বলেন, তারা মনে করেন মূলনীতি অব্যাহত থাকা দরকার।
সংশোধিত এনসিসির প্রস্তাবের বিষয়ে আমার বাংলাদেশ পার্টির (এবি) সভাপতি মুজিবুর রহমান মঞ্জু বলেন, সাংবিধানিক পদের নিয়োগগুলো প্রধানমন্ত্রী, বিরোধীদলীয় নেতা, স্পিকার, ডেপুটি স্পিকার- উভয় পক্ষের সবাই মিলে আলোচনা করবেন; সেখানে রাষ্ট্রপতি ও প্রধান বিচারপতির প্রতিনিধি থাকবেন, এর চেয়ে সুন্দর প্রস্তাব আর হতে পারে না।
বৈঠকে উপস্থিত ছিলেন কমিশনের সদস্য বিচারপতি মো. এমদাদুল হক, ড. বদিউল আলম মজুমদার, ড. ইফতেখারুজ্জামান, ড. মো. আইয়ুব মিয়া এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার। এ ছাড়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), গণঅধিকার পরিষদ, গণসংহতি, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, আমার বাংলাদেশ (এবি) পার্টিসহ ৩০টি রাজনৈতিক দলের প্রতিনিধি অংশগ্রহণ করেন। আগামী রবিবার দলগুলোর সঙ্গে পরবর্তী আলোচনার দিন ধার্য করা হয়েছে।











