কীভাবে পারমাণবিক স্থাপনায় হামলার জবাব দেবে ইরান?
আন্তর্জাতিক ডেস্ক : গত সপ্তাহে, ইরানের সর্বোচ্চ নেতা হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, যদি যুক্তরাষ্ট্র যুদ্ধে জড়ায় তাহলে তার জবাব দেওয়া হবে। আয়াতুল্লাহ আলি খামেনি বলেছিলেন, ‘যুক্তরাষ্ট্র যেন বুঝে নেয়, যেকোনো সামরিক হস্তক্ষেপ তাদের এমন ক্ষতি করবে যা কখনো পূরণ করা যাবে না। ’
এরপর শনিবার ইরানের আঞ্চলিক মিত্র ইয়েমেনের হুতি গোষ্ঠীও হুমকি দিয়ে বলেছে যে, যদি যুক্তরাষ্ট্র যুদ্ধ শুরু করে, তাহলে তারা লোহিত সাগর দিয়ে চলা মার্কিন জাহাজগুলোতে হামলা চালাবে। এরইমধ্যে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্রর
এমন পরিস্থিতে ধারণা করা হচ্ছে, মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাটি ও নাগরিকরা এখন সম্ভাব্য লক্ষ্যবস্তুতে পরিণত হতে পারে। ইরান কীভাবেপ্রতিক্রিয়া জানাতে পারে তা নিয়ে বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। তার বেশ কয়েকটা সম্ভাব্যতা তুলে ধরেছে।
– তারা উপসাগরে মার্কিন যুদ্ধজাহাজ অথবা ঘাঁটিতে আক্রমণ করতে পারে। যা উপসাগর থেকে তেলের প্রবাহ ব্যাহত করতে পারে এবং তেলের দাম অস্বাভাবিকভাবে বাড়তে পারে।
– যুক্তরাষ্ট্র ইঙ্গিত দিয়েছে যে তাদের সামরিক পদক্ষেপ আপাতত শেষ হয়েছে। এবং তারা তেহরানের শাসনব্যবস্থা উৎখাত করতে চায় না। এমন বার্তা হয়তো ইরানকে আরও সংযত প্রতিক্রিয়া জানাতে উৎসাহিত করতে পারে।
– মার্কিন লক্ষ্যবস্তুতে এমনভাবে আক্রমণ করতে পারে, যাতে উল্লেখযোগ্য হতাহতের ঘটনা না ঘটে। ২০২০ সালে ট্রাম্প ইরানের বিপ্লবী গার্ড কোরের কমান্ডার কাসেম সোলেইমানিকে হত্যার নির্দেশ দেওয়ার পর ইরান আগেও এই পথ অনুসরণ করেছিল।
এখানে লক্ষণীয় যে, মার্কিন প্রেসিডেন্ট আবারও হুমকি দিয়েছেন যে, ইরান যদি প্রতিশোধ নেয়, তাহলে যুক্তরাষ্ট্র শক্তিশালী সামরিক জবাব দেবে। যে কারণে এখন মধ্যপ্রাচ্যে একটাই আলোচনা যে ইরানে মার্কিন হামলা কি এই সংঘাতের সমাপ্তির সূচনা, নাকি যুদ্ধের আরও রক্তাক্ত পর্বের অপেক্ষা।











