দক্ষিণ কোরিয়ায় প্রেসিডেন্ট নির্বাচনে জয়ের পথে লি জে-মিয়ং
আন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে দেশটির বিরোধী দলীয় নেতা লি জে-মিয়ং এর জয় অনেকটাই নিশ্চিত হয়ে উঠেছে বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যমগুলো।স্থানীয় সংবাদ মাধ্যমগুলোর বরাতে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, আজ মঙ্গলবারের নির্বাচনে ৭৯ দশমিক ৪ শতাংশ ভোটার ভোটাধিকার প্রয়োগ করেছেন, যা ১৯৯৭ সালের পর সর্বোচ্চ। প্রায় ৬০ শতাংশ ভোট গণনার পরপরই দেশের শীর্ষ চারটি টেলিভিশনে নির্বাচনে লি জে-মিয়ংকে জয়ী ঘোষণা করে সংবাদ প্রচার শুরু করেছে।
গত ডিসেম্বরে প্রেসিডেন্ট ইউন সুক ইওলের আকস্মিক সামরিক আইন জারির চেষ্টার পর তাকে অভিসংশনের পর এটাই দেশটির প্রথম নির্বাচন। ইউন সুক ইওলকে সামরিক শাসন জারির চেষ্টার দায়ে গ্রেপ্তার করা হয়েছে।তার ওই চেষ্টার কারণে দেশটি গভীর রাজনৈতিক সংকটে পড়ে এবং তার দলও বিপর্যয়ে পড়ে যায়। তার বিরুদ্ধে বিদ্রোহের অভিযোগ আনা হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে তার যাবজ্জীবন কারাদণ্ডও হতে পারে।
ভোটে লি জে মিয়াং ৪৮ দশমিক ৮ শতাংশ আর তার প্রতিদ্বন্দ্বী কিম মুন-সু ৪২ দশমিক ৮ শতাংশ ভোট পেয়েছেন। এর আগে বুথফেরত ভোটারদের মধ্যে জনমত জরিপেও লি ৫১ দশমিক ৭ শতাংশ ভোট পেতে যাচ্ছেন বলে তিনটি টেলিভিশন জানিয়েছিলো।











