বাজেটে অগ্রাধিকার পাবে কর্মসংস্থান
আবু আলী
অর্থনৈতিক চাপ, মূল্যস্ফীতি, বৈদেশিক সহায়তার কঠোর শর্ত ও রাজস্ব ঘাটতির বাস্তবতায় আগামী ২০২৫-২৬ অর্থবছরের বাজেট দিতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। জনগণের জীবনমান উন্নয়ন, সামাজিক নিরাপত্তা, রাজস্ব শৃঙ্খলা ও বিনিয়োগ সহায়ক পরিবেশ সৃষ্টিতে জোর দেওয়া হচ্ছে আসন্ন বাজেটে। বেসরকারি খাতকে চাঙ্গা রাখতে দেওয়া হচ্ছে ব্যবসাবান্ধব সুবিধা, বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধির উপযোগী প্রণোদনা। এ ছাড়া আগামী বাজেটে মানসম্পন্ন ও যুগোপযোগী কারিগরি শিক্ষাকে সহজলভ্য ও যথাসম্ভব সাশ্রয়ী করা, দক্ষ মানবসম্পদ সৃষ্টিতে কার্যকর উদ্যোগ নেওয়ার বিষয়গুলোও প্রাধান্য পাচ্ছে। উপযুক্ত প্রশিক্ষণ দিয়ে পিপিপির মাধ্যমে বেসরকারি খাতে মিড লেভেল ম্যানেজমেন্টের উপযোগী জনবলকে দক্ষ করে তোলার জন্য বাজেটে বরাদ্দ রাখা হবে।
অর্থ মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, বিনিয়োগ না এলে কর্মসংস্থান সৃষ্টি হবে না। বেসরকারি খাতে বিনিয়োগ বাড়িয়ে নতুন কর্মসংস্থান তৈরি করা হবে।
তাই এ খাতে বিনিয়োগ আকৃষ্ট করতে নানামুখী প্রণোদনার ডালি সাজাবেন অর্থ উপদেষ্টা। কারণ কর্মসংস্থানের জন্য এটি খুবই প্রয়োজন। এ জন্য বিনিয়োগ সহায়ক পরিবেশ সৃষ্টিতে জোর দেওয়া হচ্ছে আগামী বাজেটে।
মন্ত্রণালয় সূত্রের খবর, বাজেটে গ্রামীণ পর্যায়ে কর্মসংস্থানের সুযোগ তৈরি করা হবে। এ জন্য রাস্তাঘাট নির্মাণ, সংস্কারসহ গ্রামীণ অবকাঠামো খাতের কর্মযজ্ঞ বাড়ানো হবে। তবে তেমন কোনো বড় প্রকল্প নেওয়া হবে না। বাজেটে সামাজিক নিরাপত্তা খাতের আওতায় ভাতা কিছুটা বাড়ানো হবে। বাড়ানো হবে ভাতাভোগীর সংখ্যাও।
জানা গেছে, সবকিছু ঠিক থাকলে আগামী ২ জুন বাজেট ঘোষণা করবেন অর্থ উপদেষ্টা। পরদিন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ রেওয়াজ মেনে বাজেটপরবর্তী সংবাদ সম্মেলনে বক্তব্য দেবেন। জাতীয় সংসদ না থাকায় এবারের বাজেট টেলিভিশনের মাধ্যমে উপস্থাপন করবেন অর্থ উপদেষ্টা। বাজেট কার্যকর করতে রাষ্ট্রপতির অধ্যাদেশ জারি করা হবে, যা বর্তমান ব্যবস্থার আওতায় অন্তর্বর্তী সরকারের মাধ্যমে বাজেট ঘোষণার আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন করবে।
অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, আগামী বাজেটে স্থানীয়ভাবে কর্মসংস্থান বাড়ানো এবং বেসরকারি খাতে বিনিয়োগকে উৎসাহ দিতে কার্যকর ব্যবস্থা থাকবে। এ জন্য স্থানীয় পর্যায়ে অবকাঠামো নির্মাণ, শিক্ষাপ্রতিষ্ঠান ও মাদ্রাসা ভবন নির্মাণ এবং নদীশাসনের মতো কার্যক্রম হাতে নেওয়ার পাশাপাশি বেসরকারি খাতে বিনিয়োগকে উৎসাহ দেওয়া হবে।
সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) বিশেষ ফেলো ড. মোস্তাফিজুর রহমান বলেন, আগামীতে বাজেটে কর্মসংস্থান ও বিনিয়োগের বিষয়টি ভাবতে হবে। ব্যক্তি খাতে বিনিয়োগ বাড়িয়ে কর্মসংস্থান তৈরি করে ক্রয়ক্ষমতা বৃদ্ধিতেও নজর দেওয়ার পরামর্শ দেন তিনি।
গবেষণা ও নীতি ইন্টিগ্রেশন ফর ডেভেলপমেন্টের (র্যাপিড) নির্বাহী পরিচালক অধ্যাপক মোহাম্মদ আবু ইউসুফ বলেন, ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে সরকার স্বাস্থ্য, শিক্ষার পাশাপাশি কর্মসংস্থানে গুরুত্ব দেবে। এবারের বাজেটে অর্থনৈতিক সংস্কারের একটা প্রতিচ্ছবি থাকবে বলে আশা করি। এ ছাড়া দারিদ্র্যের হার কমিয়ে সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দ বাড়ানোরও পরামর্শ দেন তিনি।
অন্যদিকে এক বছরের ব্যবধানে বেকার পরিস্থিতি আরও খারাপ হয়েছে। ২০২৩ সালের চেয়ে ২০২৪ সালে বেকারের সংখ্যা বেড়েছে দেড় লাখ। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ হিসাবে ২০২৪ সাল শেষে দেশে বেকারের সংখ্যা ছিল ২৭ লাখ, যা আগের বছর ছিল সাড়ে ২৫ লাখ। গত বছর বেকারের হার ছিল ৩ দশমিক ৬৫ শতাংশ। বিবিএসের সর্বশেষ ত্রৈমাসিক জরিপ অনুযায়ী, গত ডিসেম্বর মাস শেষে দেশের শ্রমশক্তি ছিল ৫ কোটি ৮৯ লাখ নারী-পুরুষ। এর মধ্যে পুরুষ ৪ কোটি ৭৪ লাখ ৯০ হাজার এবং নারী ১ কোটি ১৪ লাখ ৪০ হাজার।











