১০ মাসের মধ্যে এপ্রিলে সর্বনিম্ন রপ্তানি আয়
নিজস্ব প্রতিবেদক : সরকার পরিবর্তনের পর গত আগস্ট থেকে প্রতি মাসেই বাড়ছে অর্থনীতির মূল চালিকাশক্তি প্রবাসী আয় ও রপ্তানি আয়। তবে ঈদের পরের মাস এপ্রিলে অর্থনীতির গুরুত্বপূর্ণ এই সূচকে হঠাৎ ছন্দপতন ঘটে। এ সময় প্রবাসী আয় বাড়লেও রপ্তানি আয় কমে যায়। চলতি ২০২৪-২৫ অর্থবছরের ১০ মাসে সবচেয়ে কম রপ্তানি আয় হয়েছে এপ্রিলে। গেল মাসে রপ্তানি থেকে আয় হয়েছে ৩ বিলিয়ন ডলারের কিছু বেশি।
সোমবার (৫ মে) রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করা হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, এপ্রিল মাসে বাংলাদেশের পণ্য রপ্তানি আয় এক শতাংশেরও কম হারে বেড়ে ৩ দশমিক ০১ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে। অর্থাৎ আগের বছরের একই সময়ের তুলনায় মাত্র শূন্য দশমিক ৮৬ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। এটাই চলতি অর্থবছরের মধ্যে সবচেয়ে কম মাসিক রপ্তানি। ইপিবির তথ্য অনুযায়ী, এর আগে সবচেয়ে কম রপ্তানি হয়েছিল সেপ্টেম্বর মাসে। ওই সময় ৩ দশমিক ৫২ বিলিয়ন ডলারের পণ্য রপ্তানি হয়েছিল।
এদিকে, চলতি বছরের মার্চে রপ্তানি আয় এসেছিল ৪ দশমিক ২৫ বিলিয়ন ডলার।
অন্যদিকে, চলতি অর্থবছরের জুলাই-এপ্রিল সময়ে রপ্তানি আয় ৯ দশমিক ৮৩ শতাংশ বেড়ে ৪০ দশমিক ২০ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে, যা আগের অর্থবছরের একই সময়ে ছিল ৩৬ দশমিক ৬০ বিলিয়ন ডলার।
সবশেষ তথ্য অনুসারে, এপ্রিল মাসে তৈরি পোশাক রপ্তানি ০ দশমিক ৪৪ শতাংশ বেড়ে ২ দশমিক ৩৯ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে, যা ২০২৪ সালের এপ্রিলে ছিল ২ দশমিক ৩৮ বিলিয়ন ডলার।
এদিকে, ২০২৪-২৫ অর্থবছরের জুলাই-এপ্রিলে তৈরি পোশাক খাত থেকে রপ্তানি আয় ১০ শতাংশ বেড়ে ৩২ দশমিক ৬৪ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে, যা গত বছরের একই সময়ে ছিল ২৯ দশমিক ৬৭ বিলিয়ন ডলার।
ওভেন পণ্যের রপ্তানি আয় ৯ দশমিক ১৭ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৫ দশমিক ১৮ বিলিয়ন মার্কিন ডলার। আর নিটওয়্যার পণ্যের রপ্তানি আয় হয়েছে ১৭ দশমিক ৪৫ বিলিয়ন ডলার, যা আগের বছরের তুলনায় ১০ দশমিক ৭৪ শতাংশ বেশি। রপ্তানির মন্থর প্রবৃদ্ধি নিয়ে মন্তব্য করতে গিয়ে রপ্তানিকারকরা দীর্ঘ ঈদুল ফিতরের ছুটিকে দায়ী করেছেন। অল্প কর্মদিবসের কারণে উৎপাদন ব্যাহত হয়েছে। রপ্তানিকারকরা আরও দাবি করেছেন, তারা চরম গ্যাস সংকটে ভুগেছেন, যা উৎপাদনে সরাসরি প্রভাব ফেলেছে। তারা সাম্প্রতিক মাসগুলোর মতো প্রবৃদ্ধি ফেরাতে গ্যাস ও বিদ্যুতের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করার আহ্বান জানান। ফলে রপ্তানি প্রবৃদ্ধি মন্থর হয়েছে।
এই প্রসঙ্গে তৈরি পোশাক খাতের সংগঠন বিকেএমইএর নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম খবরের কাগজকে বলেন, ‘দীর্ঘ ঈদের ছুটির কারণে প্রায় ৭-৮ দিন বন্ধ ছিল। এতে পণ্য প্রস্তুতের জন্য আমাদের হাতে সময় কম ছিল, ফলে চালানও কম হয়েছে। সেই সঙ্গে গ্যাস সংকটের কারণে উৎপাদন ব্যাহত হয়েছে। এই দুই কারণেই বিগত মাসগুলোর তুলনায় এপ্রিলে রপ্তানি আয়ে ধীরগতি দেখা গেছে। এখন গ্যাসসংকট নিরসনে সরকার যদি কার্যকর উদ্যোগ নেয় তাহলে চলতি মাসে তা আবার স্বাভাবিক প্রবাহে ফিরে আসবে বলে আশা প্রকাশ করেন তিনি।’
একই বিষয়ে বিজিএমইএর সাবেক সিনিয়র সহ-সভাপতি আবদুল্লাহ হিল রাকিব বলেন, ‘দীর্ঘ ঈদের ছুটির কারণে পণ্য প্রস্তুতের জন্য আমাদের হাতে কর্মদিবস কম ছিল, ফলে চালানও কম হয়েছে। এ কারণেই গত মাসগুলোর তুলনায় রপ্তানি আয়ে ধীরগতি দেখা গেছে। তবে চলতি মাসে তা আবার স্বাভাবিক প্রবাহে ফিরে আসবে।’
রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্য অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরের জুলাই থেকে এপ্রিল পর্যন্ত কৃষিপণ্যের রপ্তানি আয় দাঁড়িয়েছে ৮৫৯ মিলিয়ন মার্কিন ডলার, যা আগের বছরের ৮২৪ মিলিয়নের তুলনায় ৪ দশমিক ১৯ শতাংশ বেশি। হিমায়িত ও জীবন্ত মাছ রপ্তানি থেকে আয় হয়েছে ৩৭৩ মিলিয়ন ডলার, যা আগের বছরের তুলনায় ১৪ দশমিক ৭০ শতাংশ বেশি। চামড়া ও চামড়াজাত পণ্যের রপ্তানি আয় ১০ দশমিক ০৮ শতাংশ বেড়ে ৯৩২ মিলিয়ন ডলারে পৌঁছেছে, আর প্লাস্টিক পণ্যের রপ্তানি আয় ১৯ দশমিক ৭০ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২৪৬ মিলিয়ন ডলার।
চামড়ার তৈরি জুতা রপ্তানিতে ২৬ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে, যা আগের বছরের ৪৩২ মিলিয়ন ডলার থেকে বেড়ে হয়েছে ৫৪৫ মিলিয়ন ডলার। তবে চামড়াজাত অন্য পণ্যের রপ্তানি ৬ শতাংশ হ্রাস পেয়ে দাঁড়িয়েছে ২৮০ মিলিয়ন ডলারে।
পাট ও পাটজাত পণ্যের রপ্তানি ৬ দশমিক ৮৯ শতাংশ কমে ৬৮৫ মিলিয়ন ডলারে নেমে এসেছে। হোম টেক্সটাইল খাতে ৪ দশমিক ২৫ শতাংশ প্রবৃদ্ধি দেখা গেছে, যেখানে রপ্তানি আয় দাঁড়িয়েছে ৭৪০ মিলিয়ন ডলার।
নন-লেদার ফুটওয়্যার খাত, যা দেশের একটি উদীয়মান খাত হিসেবে বিবেচিত, রপ্তানি আয়ে ৩১ দশমিক ৩২ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করে ৪৪৬ মিলিয়ন ডলার আয় করেছে, যা আগের বছর ছিল ৩৪০ মিলিয়ন ডলার। ফার্মাসিউটিক্যালস খাত থেকে রপ্তানি আয় ৩ দশমিক ৪৬ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৭৭ মিলিয়ন ডলারে।











