শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ক্যাম্পাসে সন্ত্রাস ও দখলদারত্ব কায়েম করেছে বৈষম্যবিরোধীরা: ছাত্রদল

news-image

নিজস্ব প্রতিবেদক : বেসরকারি বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রদলের কার্যক্রমকে বাধাগ্রস্ত করার জন্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে সন্ত্রাস ও দখলদারিত্ব কায়েম করেছে বলে অভিযোগ করেছে জাতীয়তাবাদী ছাত্রদল।

সংগঠনটির অভিযোগ, বৈষম্যবিরোধী বিভিন্ন ক্যাম্পাসে ছাত্রদলের কর্মীদের মবের ভয়ভীতি দেখিয়ে ছাত্রলীগের স্টাইলের সন্ত্রাসের পুনরাবৃত্তি করছে। ক্যাম্পাস ও এর বাইরে গিয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের কার্যক্রম পরিচালনায়ও বাধা দেওয়া হচ্ছে। যা গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতার সুস্পষ্ট লঙ্ঘন। এটা নতুন নামে সেই পুরাতন ফ্যাসিবাদ।

রবিবার (২০ এপ্রিল) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।

সংবাদ সম্মেলনে বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের কর্মী ও প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ২২৩ ব্যাচের টেক্সটাইল বিভাগের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজের হত্যার বিচার দাবি জানিয়েছে ছাত্রদল।

পারভেজ হত্যাকাণ্ডের ঘটনার সূত্রপাত তুলে ধরে ছাত্রদল সভাপতি বলেন, ‘ক্যাম্পাসের দুই-তিনজন শিক্ষার্থীর সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সামনে বসে সিঙ্গারা খাচ্ছিলেন পারভেজ। এমন সময় মেহেরাজ ইসলাম এবং আরও দুজন ছাত্রীসহ কয়েকজন ঐ পথে হেঁটে যাচ্ছিলেন। হঠাৎ করেই তারা পারভেজকে উদ্দেশ্য করে ‘এদিকে তাকাচ্ছ কেন?’, ‘এদিকে তাকালে চোখ তুলে দেব’-এ ধরনের টিজিং ও উসকানিমূলক মন্তব্য করে। একপর্যায়ে উভয়পক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয়। পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. আব্দুস সালাম হস্তক্ষেপে বিষয়টি মীমাংসা করে দেন। কিন্তু এই মীমাংসা মানতে অস্বীকৃতি জানায় মেহেরাজ ইসলাম।’

পারভেজ হত্যার ঘটনায় মামলা করা হয়েছে বলে জানিয়ে রাকিবুল ইসলাম রাকিব বলেন, ‘দীর্ঘদিন ধরে শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রমকে বাধাগ্রস্ত করার উদ্দেশে নেতা-কর্মীদের নানা ধরনের হুমকি-ধামকি দিয়ে আসছিল বৈষম্যবিরোধী নেতারা। এরই ধারাবাহিকতায় পারভেজ ইসলামকে পরিকল্পিতভাবে মেহেরাজ ইসলাম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বনানি থানা কমিটির যুগ্ম-আহ্বায়ক শোভহান নিয়াজ তুষার ও যুগ্ম-সদস্য সচিব হৃদয় মিয়াজীর নেতৃত্বে এলাকার কিছু সন্ত্রাসীরা ছুরিকাঘাত করে হত্যা করেছে।’

তিনি বলেন, পারভেজ ইসলামের ওপর চালানো এই হামলা ছিল পূর্বপরিকল্পিত। বিশ্ববিদ্যালয় প্রক্টরের মীমাংসার পর যখন সন্ত্রাসীরা হুমকি-ধামকি দিচ্ছিল, তখন নিহত পারভেজ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে নিরাপত্তা চেয়ে আকুতি জানিয়েছিলে কিন্তু কর্তৃপক্ষ বা প্রশাসন কোনো ধরনের সহায়তা করেনি। অবিলম্বে এই হত্যার সঙ্গে জড়িত খুনি-সন্ত্রাসী, রাজনৈতিক প্রশ্রয়দাতা, পরিকল্পনাকারী, ইন্ধনদাতাদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবি জানাচ্ছি।’

পারভেজ হত্যাকাণ্ডের বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ভেরিফায়েড ফেসবুক পেইজে অশোভনীয় ভাষায় পোস্ট দেওয়ার নিন্দা জানিয়ে রাকিব বলেন, ‘তারা অভিযুক্তদের বিষয়ে সুষ্ঠু তদন্ত দাবি না করে তারা অভিযুক্তদের পক্ষ নিয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিটি কমিটিতে ছাত্রলীগ পুনর্বাসন করা হচ্ছে।’

এ সময় সংগঠনের পক্ষ থেকে ছাত্রনেতাদের জীবনের নিরাপত্তা নিশ্চিত করার জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি জোরালো দাবি করেন ছাত্রদল সভাপতি।

তিনি বলেন, ‘বর্তমান অন্তর্বর্তী সরকার সবার প্রতি সমতা ও ন্যায্যতা নিশ্চিত করতে পারছে না। বিভিন্ন ঘটনায় বিচার নিশ্চিত করার বিষয়ে প্রশাসন থেকে থেকে আমরা যথাযথ সহযোগিতাও পাই না। প্রশাসনে এখনো হাসিনার প্রেতাত্মা লুকিয়ে আছে, আর এদেরকে উৎসাহ ও আশ্রয় দিচ্ছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। বিভিন্ন ঘটনায় সেটা বারবার প্রমাণিত হচ্ছে।’

এ সময় আরও উপস্থিতি ছিলেন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল মালুম প্রমুখ।

এর আগে শনিবার (১৯ এপ্রিল) বিকেলে নিজ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের হত্যার শিকার হন জাহিদুল ইসলাম পারভেজ। ছুরিকাঘাত করে তাকে নির্মমভাবে হত্যা করা হয়। নিহত পারভেজ ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার বিরুনিয়া ইউনিয়নের বাসিন্দা।