ঢাকায় মার্কিন দূতাবাসসহ কূটনৈতিক এলাকায় নিরাপত্তা জোরদার
নিজস্ব প্রতিবেদক : ফিলিস্তিনের গাজায় গণহত্যা বন্ধ এবং স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে সোমবার (৭ এপ্রিল) ঢাকায় মার্কিন দূতাবাসের কাছে বিক্ষোভ করেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
এ ঘটনায় কূটনৈতিক এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। এই এলাকায় পুলিশের পাশাপাশি সতর্ক অবস্থানে রয়েছেন সেনাবাহিনী, বিজিবি, এপিবিএন, এসবি, সিআইডি ও গোয়েন্দা বাহিনীর সদস্যরা। এ ছাড়া অন্য দূতাবাসগুলোতেও নিরাপত্তা জোরদার করা হয়েছে।
এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুলশান জোনের সহকারী কমিশনার (এসি) আলী আহমেদ মাসুদ বলেন, ‘গাজায় গণহত্যা বন্ধের দাবিতে বিক্ষোভ করেছেন জনগণ। সে জন্য দূতাবাসগুলোর নিরাপত্তা জোরদার করা হয়েছে। এখানে পুলিশের পাশাপাশি সেনাবাহিনী, বিজিবি, সিআইডি, এসবি, গোয়েন্দা সংস্থা এবং ডিপ্লোমেটিক জোনের নিরাপত্তাকর্মীরা কাজ করছেন।’
তিনি আরও বলেন, ‘মার্কিন দূতাবাসসংলগ্ন নতুন বাজার থেকে গুলশানগামী সড়কে যান চলাচল বন্ধ রাখা হয়েছে। এই পথে জনসাধারণের চলাচলেও কড়াকড়ি আরোপ করা হয়েছে।’
প্রসঙ্গত, সোমবার সকালে মার্কিন দূতাবাসের বিপরীতে রাজধানীর গুলশানসংলগ্ন নতুন বাজার এলাকায় বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা। এ সময় তারা ফিলিস্তিনের পক্ষে স্লোগান দেন। এই আন্দোলনে সাধারণ মানুষের উপস্থিতিও দেখা গেছে। মিছিলের বিপরীতে ব্যারিকেড দিয়ে দাঁড়িয়ে ছিলেন সেনাবাহিনী, পুলিশ ও এপিবিএন সদস্যরা।











