আগ্রহের কেন্দ্রে নাহিদ রানা
ক্রীড়া ডেস্ক : বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে নাহিদ রানার মতো গতিরতারকা আর আসেনি। ১৪০ এর ওপরে বোলিং করা একাধিক বোলার বাংলাদেশ আগে পেলেও ১৫০ এর বোলিং করা বোলার নাহিদই প্রথম। এমনকি গড়ে ১৪০ এর ওপর নিয়মিত বোলিং করা বোলারও নাহিদ একাই।
অভিষেকের পর থেকেই গতির ঝড়ে নজর কেড়েছেন এই তরুণ। গতির ঝড় তুলে তাক লাগিয়ে দিয়েছেন সবাইকে। ব্যাটারদের ব্যর্থতার ভেতর বাংলাদেশের আশার আলো বলা চলে পেসারদেরই।
গতি দিয়ে নজর কাড়া তারকাকে নিয়েই যত আগ্রহ বিদেশি সাংবাদিকদের। ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে নাহিদকে নিয়ে একাধিক প্রশ্নের জবাব দিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
নাহিদকে নিয়ে করা এক প্রশ্নের জবাবে শান্ত বলেছেন, ‘ও যেরকম বোলিং করছে, ওর ওপর একটু বাড়তি নজর থাকবেই। কিন্তু ওকে দেখে কখনো মনে হচ্ছে না যে ও প্রেসারে আছে! ও নরমাল আছে।’
নাহিদ নিজের সেরাটা দিতে প্রস্তুত রয়েছেন বলে নিশ্চিত করেছেন বাংলাদেশ অধিনায়ক, ‘ঠিক ঠিকমতো অনুশীলন করে যাচ্ছে নাহিদ। কালকে যদি ওর খেলার সুযোগ হয় তাহলে অবশ্যই সেরাটা দেবে আমি বিশ্বাস করি।’
ধারণা করা হচ্ছে বাংলাদেশ তিন পেসার নিয়ে একাদশ সাজাবে। স্কোয়াডে জায়গা আছেন তাসকিন আহমেদ, নাহিদ রানা, মোস্তাফিজুর রহমান ও তানজিম সাকিব। কোন তিনজন একাদশে সুযোগ পেতে যাচ্ছে তা অবশ্য এখনও নিশ্চিত নয়।











