গাজায় ঠান্ডায় জমে তিন নবজাতকের মৃত্যু
অনলাইন ডেস্ক : দখলদার ইসরায়েলের হামলায় গাজার বেশির ভাগ মানুষ বাস্তুচ্যুত হয়ে পড়েছেন। বাড়িঘর হারিয়ে তাদের বড় অংশ এখন অস্থায়ী তাঁবুতে বাস করছেন। শীতের মৌসুম আসার পর গাজায় তাপমাত্রা হ্রাস পেয়েছে। এমন পরিস্থিতিতে দক্ষিণ গাজার আল-মাওয়াসিতে ঠান্ডায় জমে তিন শিশু মারা গেছে।
ইসরায়েল গাজার মানুষকে শুধু বাস্তুচ্যুত করেনি; সঙ্গে তারা খাদ্য, পানি এবং শীতের প্রয়োজনীয় পণ্য গাজায় প্রবেশে বাধা দিচ্ছে। এতে নিদারুণ কষ্টে পড়েছেন সেখানকার মানুষ।
খান ইউনিসের নাসের হাসপাতালের শিশু ওয়ার্ডের পরিচালক আহমেদ আল-ফাররা বৃহস্পতিবার বলেন, তিন সপ্তাহ বয়সী এক নবজাতকের নতুন করে মৃত্যু হয়েছে। এর আগের ৪৮ ঘণ্টায় আমাদের কাছে পাঁচ দিন ও এক মাস বয়সী আরও দুটি নবজাতককে আনা হয়। তারাও ঠান্ডাজনিত কারণে মারা গেছে।
অন্যদিকে, ড্রোন হামলা চালিয়ে গতকাল পাঁচ সাংবাদিককে হত্যা করেছে দখলদার ইসরায়েল। এদিন মধ্যরাতে আল-আওদা হাসপাতালের সামনে তাদের গাড়ি লক্ষ্য করে ড্রোন থেকে ক্ষেপণাস্ত্র ছোড়ে ইসরায়েলি বাহিনী। ওই সময় তারা ঘুমিয়ে ছিলেন। নিহত সবাই স্থানীয় আল-কুদস টুডে নামে একটি টিভি চ্যানেলের কর্মী ছিলেন।
তাদের ভ্যানের ওপর স্পষ্ট ‘প্রেস’ লেখা ছিল। তা সত্ত্বেও ভ্যানটিতে হামলা চালানো হয়। এতে ভ্যানে আগুন ধরে যায়। এর পর সেটির ভেতর পুড়েই সবাই প্রাণ হারান। গাজার অন্যান্য সাংবাদিকের মতো তারাও নিজেদের ‘প্রেস’ লেখাসংবলিত ভ্যানে ঘুমিয়ে ছিলেন, ভেবে ছিলেন ইসরায়েলিরা এখানে অন্তত হামলা চালাবে না। আজ নতুন করে পাঁচ সাংবাদিকের মৃত্যুর মাধ্যমে গাজায় নিহত গণমাধ্যমকর্মীর সংখ্যা ২০১ জনে পৌঁছেছে। গাজার মিডিয়া অফিস হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে বলেছে, ফিলিস্তিনি সাংবাদিকদের লক্ষ্য ও হত্যার তীব্র নিন্দা জানাই আমরা। দখলদার ইসরায়েল, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি ও ফ্রান্সের মতো যেসব দেশ এই গণহত্যায় অংশ নিচ্ছে, এ হীন হত্যাকাণ্ডের জন্য আমরা সম্পূর্ণভাবে তাদের দায়ী করছি।
সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল মর্মান্তিক ভিডিওতে দেখা যাচ্ছে, আয়মান নামে এক সাংবাদিকের ভাই চিৎকার করে কাঁদছেন। তিনি আগুনে দাউদাউ করে জ্বলা ভ্যানের সামনে দাঁড়িয়ে বলছিলেন, ‘আয়মান গাড়ির ভেতর। আমার ভাই আয়মান শহীদ হয়েছে।’
এদিকে হাজার হাজার মানুষের মৃত্যু হলেও গাজায় যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছাতে পারেনি সশস্ত্র গোষ্ঠী হামাস ও ইসরায়েল। আজ হামাস দাবি করে, ইসরায়েল নতুন শর্ত জুড়ে দেওয়ায় আলোচনা থমকে গেছে। অন্যদিকে, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু পাল্টা বিবৃতিতে দাবি করেছেন, সমাধান হওয়া বিষয়গুলো আবারও সামনে এনে যুদ্ধবিরতির চুক্তি বিলম্বিত করছে হামাস। তবে হামাসের হাতে আটক জিম্মিদের পরিবারের সদস্যরা এক বিবৃতিতে জানিয়েছেন, নেতানিয়াহু চুক্তিতে বাধা সৃষ্টি করছেন।
তারা বলেছেন, গাজায় যুদ্ধ বন্ধ না করার হুমকি দিয়ে নেতানিয়াহু জিম্মিদের জীবনকে ঝুঁকি এবং তাদের জীবিত ফিরে আসার সম্ভাবনাকে নষ্ট করছেন। হুমকি দিয়ে তারা বলেন, যদি নেতানিয়াহু এমন করতে থাকেন, তাহলে আমরা হাইকোর্টের দ্বারস্থ হবো।
অন্যদিকে, জাতিসংঘ আহ্বান জানিয়ে বলেছে, গাজার স্কুল, হাসপাতালে সব জায়গায় হামলা হচ্ছে। গাজায় যুদ্ধবিরতি অতিপ্রয়োজনীয়, যা দীর্ঘ বিলম্বিত হয়েছে। এ নিয়ে বিশ্বের সব দেশকে সক্রিয় হওয়ার আহ্বান জানিয়েছে তারা।
এসবের মধ্যে অবৈধ বসতি স্থাপনকারীদের নিয়ে জেরুজালেমের পবিত্র আল-আকসা মসজিদ চত্বরে প্রবেশ করেছিলেন ইসরায়েলি জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গিভির। এ নিয়ে জেরুজালেমে উত্তেজনার সৃষ্টি হয়েছিল। উগ্রপন্থি বেন গিভির যেন নিরাপদে প্রার্থনা করতে পারেন, সেজন্য আল-আকসা চত্বরে ব্যাপক সেনা মোতায়েন করেছিল ইসরায়েল। যদিও চুক্তি অনুযায়ী, ইহুদিদের আল-আকসায় প্রার্থনা করা নিষিদ্ধ। ওই সময় মসজিদে মুসল্লিদের প্রবেশ করতে দেওয়া হয়নি। খবর আলজাজিরা ও এএফপির।











