শুক্রবার, ১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

স্বামীর পর মারা গেলেন স্ত্রী, আশঙ্কাজনক শিশুসন্তান

news-image

অনলাইন ডেস্ক : রাজধানীর শুক্রাবাদের একটি বাসায় গ্যাসের লিকেজ থেকে আগুনের ঘটনা ঘটে। এ দুর্ঘটনায় দগ্ধ মোছা. নিপা আক্তার (৩০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

গতকাল বুধবার দিনগত রাত ১টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় নিপা আক্তার মারা যান।

নিহত নিপার স্বামী মোহাম্মদ টোটনও গত মঙ্গলবার মারা যান। হাসপাতালে চিকিৎসাধীন তাদের শিশুসন্তান মো. বায়জিদের (৩) অবস্থা আশঙ্কাজনক।

এর আগে গত শনিবার ভোর সাড়ে ৪টার দিকে গ্যাস লিকেজ থেকে এই আগুনের ঘটনা ঘটে। পরে দগ্ধ অবস্থায় তাদের তিনজনকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসা হয়।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. মো. তরিকুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, নিপা আক্তারের শরীরে ৩৫ শতাংশ দগ্ধ ছিল। এর আগে তার স্বামী টোটন মারা যান। তার শিশুসন্তান হাসপাতালে ভর্তি রয়েছে। শিশুটির অবস্থা আশঙ্কাজনক।

এদিকে নিহতের ভাই মানিক জানান, তাদের গ্রামের বাড়ি নরসিংদী জেলার রায়পুরা থানার কাচারি কান্দি গ্রামে। নিপা ধানমন্ডির শুক্রাবাদ এলাকায় থাকতেন।

 

এ জাতীয় আরও খবর