পলিশ করা চকচকে চাল আর বাজারে থাকবে না : খাদ্যমন্ত্রী
নওগাঁ প্রতিনিধি : পলিশ করা চকচকে চাল আর বাজারে থাকবে না বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।
তিনি বলেন, ‘চালের পুষ্টিমান ঠিক রাখতে পলিশ করা চকচকে চাল বাজারজাত বন্ধে আইন করা হয়েছে। খুব শিগগিরই এর বাস্তবায়ন করা হবে।’
সোমবার (৮ জুলাই) দুপুরে নওগাঁর পোরশা উপজেলা পরিষদ মিলনায়তনে ক্ষুদ্র নৃগোষ্ঠী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তির চেক এবং বিভিন্ন দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউ টিন বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন খাদ্যমন্ত্রী।
তিনি আরও বলেন, ‘নতুন আইন অনুযায়ী ধান থেকে চাল করার সময় সর্বোচ্চ দুই ছাঁটাই দেওয়া যাবে। চাল বেশি পরিমাণে ছাঁটাই করলে পুষ্টিগুণ নষ্ট হয়ে যায়। চাল ছাঁটাই কম করা হলে প্রায় ১৬-১৮ মেট্রিক টন চাল নষ্ট হবে না। এ ছাড়া অতিরিক্ত চাল ছাঁটাইয়ের কারণে উৎপাদন খরচ বেশি হওয়ায় চালের দাম বেশি হয়।’
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফ আদনানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।











