ইয়ান বিশপের দাবি: ‘বিশ্বকাপে নেদারল্যান্ডসের কাছেও হারবে বাংলাদেশ’
স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপের শুরু হতেই আইসিসির সহযোগী দেশগুলো একের পর এক চমক দেখাচ্ছে। উদ্বোধনী ম্যাচে কানাডা ও যুক্তরাষ্ট্র দারুণ ক্রিকেট খেলেছে। তারপর ওয়েস্ট ইন্ডিজকে প্রায় হারিয়েই দিচ্ছিল পাপুয়া নিউ গিনি। শুধু এই কয়েকটি দলই নয়, নেদারল্যান্ডস-স্কটল্যান্ডসহ বেশ কিছু দল ফেভারিটদের জন্য হুমকি হয়ে উঠতে পারে। এবারের বিশ্বকাপে বাংলাদেশের সঙ্গে একই গ্রুপে পড়েছে ডাচরা। সেখানে বাংলাদেশের বিপক্ষে নেদারল্যান্ডসের জয় দেখছেন ইয়ান বিশপ।
বিশ্বকাপে ছোট দেশগুলোর কাছে হারের ঝুঁকিতে কারা বেশি? এমন প্রশ্নের বিপরীতে সাবেক এই পেস বোলারের মুখে এলো বাংলাদেশের নামটাই। তার মতে, এবারের বিশ্বকাপে বাংলাদেশকে হারাবে নেদারল্যান্ডস। আরেক সহযোগী প্রতিপক্ষ নেপাল কেমন করছে- সেদিকেও আলাদা নজর রাখবেন তিনি।
ক্রিকইনফোর সঙ্গে আলাপ করতে গিয়ে বিশপ বলেন, আমরা গত কয়েকটি বিশ্বকাপে নতুন দলগুলোর কাছে বড় দলকে হারতে দেখেছি। সে হিসেবে এবারের আসরে ছোট দলগুলোর কাছে হারের ঝুঁকি সবচেয়ে বেশি বাংলাদেশের। আশঙ্কার কথা যদি বলেন, তাহলে আমি বলবো বাংলাদেশকে হারাবে নেদারল্যান্ডস। অপরদিকে, টুর্নামেন্টের সম্ভাব্য সেরা বোলিং দল হিসেবে পাকিস্তানকে বেছে নিয়েছেন এই উইন্ডিজ কিংবদন্তি।
ডাচদের কাছে বাংলাদেশের হার দেখলেও নেপালকে নিয়ে বেশ উচ্ছ্বসিত ইয়ান বিশপ। তিনি বলেন, আমি নেপালের খেলা দেখতে মুখিয়ে আছি। যেভাবে দেশটির সমর্থকেরা দলটিকে সমর্থন করে, সেটা দারুণ ব্যাপার। দলটির বেশ প্রতিভাও আছে। হয়তো এই টুর্নামেন্টে নয়, কিন্তু কয়েক বছরের মধ্যে দলটা ভালো জায়গায় আসবে।
প্রসঙ্গত, এবারের বিশ্বকাপের ‘ডি’ গ্রুপে লড়বে বাংলাদেশ। গ্রুপের বাকি চার দল হলো দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, নেপাল ও নেদারল্যান্ডস।











