রেকর্ড গড়া এই জোন্সই বসে ছিলেন বিপিএলের বেঞ্চে
স্পোর্টস ডেস্ক : জয় দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু করলো এবারের সহ-আয়োজক যুক্তরাষ্ট্র। উদ্বোধনী ম্যাচে কানাডার দেওয়া বড় সংগ্রহকে মামুলি বানিয়ে জয় তুলে নিয়েছে তারা। ব্যাট হাতে অনেকটা তাণ্ডব চালিয়েছেন মার্কিন ক্রিকেটার অ্যারন জোন্স। তার ৪০ বলে ৯৪ রানের ব্যাটিং ঝড়ে ৭ উইকেটে জিতেছে যুক্তরাষ্ট্র। যে কারণে ম্যাচসেরার পুরস্কারও পেয়েছেন জোন্স।
২০১৯ সালে টি-টোয়েন্টি দিয়েই যুক্তরাষ্ট্রে অভিষেক হয় জোন্সের। একই বছর দেশটির হয়ে ওয়ানডেও খেলেন তিনি। ৫০ ওভারের ফরম্যাটে আছে ১ সেঞ্চুরি ও ১০ ফিফটি। পরের বছর অর্থাৎ ২০২৩ সালে বাংলাদেশ প্রিমিয়ার লিগে রংপুর রাইডার্সে যোগ দিয়েছিলেন জোন্স। তবে তাকে খেলানো হয়নি কোন ম্যাচ। এমনকি পরে মেজর লিগ সকারেও সিয়েটা ওরকাসে কোন ম্যাচ খেলার সুযোগ পাননি তিনি। অথচ ওই জোন্সই বিশ্বকাপের মঞ্চে আলো ছড়িয়েছেন।
৪০ বলে ৯৪ রানের ব্যাটিং তাণ্ডবে জোন্স ছক্কা মেরেছেন ১০টি। এতে টি-টোয়েন্টি বিশ্বকাপ ইনিংসে সর্বোচ্চ ছক্কার রেকর্ডে যৌথভাবে দ্বিতীয় স্থানে তিনি। বিশ্বকাপে এক ইনিংসে সর্বোচ্চ ছক্কার রেকর্ডটা ক্রিস গেইলের। ২০১৬ তে ইংল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরি করার পথে গেইল মেরেছিলেন ১১ ছক্কা। গেইলের ১০ ছক্কার ইনিংস আছে ২০০৭ বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকা বিপক্ষে।
ম্যাচসেরার পুরস্কার নিতে এসে জোন্স বলেন, ‘আমার মনে হয় এটি ভাষায় প্রকাশ করা কঠিন। দলকে জয় এনে দিতে পেরে খুশি। আমরা জানতাম আমাদের যে ব্যাটিং সামর্থ্য তাতে (টার্গেট) ২০০ এর নিচে রান তাড়া করা সম্ভব। আউটফিল্ড ও পিচ ভালো ছিল।’
বড় শট খেলা নিয়ে জোন্স বলেন, ‘(বড় শট) আসলে আমি আমার প্রক্রিয়ার মধ্য দিয়েই গেছি আর পাওয়ার হিট করতে পছন্দ করি। আমি জানতাম ব্যাটের মাঝে লাগলে বল বহু দূর আবে। দল চাপে থাকলেই আমার সেরাটা বের হয়।’











