মেয়েরা কি ধোয়া তুলশী পাতা?
জব্বার হোসেন॥ খুব ছোটবেলা থেকেই শুনছি সব পুরুষ এক! পুরুষ ভণ্ড, শঠ, নষ্ট, লম্পট, মিথ্যাবাদী, প্রতারক- এমন অনেক কিছুই। আমরা সব কিছুকেই খুব সরলীকরণ করি, গড়পড়তা দেখি, ঢালাও মন্তব্যের অভ্যাস আমাদের। অনেক দিন ধরে লক্ষ করছি, পুরুষকে একটি দুষ্টু চরিত্রের ইউনিফর্ম পরিয়ে দেওয়ার প্রবণতা রয়েছে আমাদের। নারীদের আমরা আড়ালে রাখতে চাই। আড়ালে রাখতে-রাখতে তাদের অনেক কিছুই আড়াল হয়ে যায়। অথচ তারাও কি কম যায় হিংসায়, হৃদয়হীনতায়, শঠতায়? তারা কি ধোয়া তুলশী পাতা? কখনও-কখনও তো আমার মনেই হয় নারী, পুরুষের চেয়েও অনেক বেশি পুরুষতান্ত্রিক। হীনতায়, তৃণতায় সমানে-সমান, কখনও-কখনও আরও অনেক বেশি বরং পুরুষের চেয়ে।
কখনও-কখনও নারী পুরুষের চেয়ে অনেক বেশি পুরুষতান্ত্রিক আচরণ করে। বাধ্য করে পুরুষকে পুরুষতান্ত্রিক হতে। সে চায় পুরুষতান্ত্রিকতা, পুরুষের অবাধ্যতা, অসভ্যতা অথচ ভেতরে-ভেতরে লালন করে পুরুষ তার নিয়ন্ত্রণে থাকবে। অনেকটা এমন যে, চায় বাঘ-সিংহ অথচ বেড়াল পুষতে ভালোবাসে।
‘পুরুষ প্রতারক’ বা ‘প্রতারক পুরুষ’ এমন একটি টার্মই চালু হয়ে গেছে। প্রতারণা কি কেবল পুরুষই করে, নারী করে না? কত শত পুরুষ দেখেছি, নারীর প্রতারণায় ক্ষত-বিক্ষত। এ শহরে এখন এমন নারী খুব কম নয়, যে একই সঙ্গে সাত জনকেই বলে ‘ভালোবাসি’ অথচ সাতজনের কাউকেই ভালোবাসে না সে। একটি মেয়ে সাতজনকে কেন, সাতশ জনকেও ভালোবাসতে পারে। তাতে বিন্দুমাত্র আপত্তি আমার নেই। কিন্তু বলব, ভালোবাসি, অথচ ‘ভালোবাসা’ নেই। মিথ্যে কথা আছে, প্রতারণা আছে, আপত্তি আমার সেখানেই। সাইকো অ্যানালিস্টরা বলছেন, এমন সম্পর্কে ‘লাভ’ নেই, আছে ‘গেইম’। এবং এই গেইমটা ‘প্যাথলজি’।
খুব বলতে শুনি, পুরুষগুলো সব নষ্ট হয়ে গেছে। দেখছ না, ঘরে-ঘরে পরকীয়া। প্রতিটা বিবাহিত পুরুষের এখন দুটো অ্যাকাউন্ট। একটা ঘরে, বাইরে অন্যটা। এই পরকীয়াগুলো পুরুষ কার সঙ্গে করছে? নারীর সঙ্গেই তো। পুরুষ নিশ্চয়ই পরকীয়া করছে না পুরুষের সঙ্গে। পরকীয়ার এই নারীরা তবে আসছে কোথা থেকে? এমন মেয়ে আমার অনেক দেখা, ডাবল সিম। ত্রিপল ফেসবুক আইডি। একাধিক উপপতি। ডাবল, ট্রিপল প্লেজার। একটা ঘরে, অন্যগুলো বাইরে। লাভ কী কেবল পুরুষের দোষ দিয়ে? বহুগামী কেবল পুরুষ নয়, বহুগামী নারীও হয়।
মেয়েরা কেন সাজে? শুধু নিজের জন্য নয়। অন্যের জন্য। পুরুষের জন্য। কোনও মেয়ে যদি পুরুষের দৃষ্টি আকর্ষণ না করতে পারে, তার অন্ত নেই বেদনার। সেই মেয়ে রীতিমতো বিষণ্নতায় ভোগে। অথচ জানতে চাইলে, উত্তর- মেয়েরা সাজে নিজের জন্য। তাহলে তো নিজেই নিজেকে আয়নায় দেখতে পারে। পত্রিকায় দেখলাম, ‘পিঠ সাজাবেন কিভাবে’। মেয়েরা কি পেছনেও আজকাল দেখে? মেকআপ ঘষতে ঘষতে মেয়েরা নিজের মধ্যে থাকে না, অন্য আরেক মানুষ হয়ে যায়। তাতে ভারি আনন্দ তাদের।
মেয়েদের হাইহিল, পেনসিল হিল দেখে খুব ভয় হয় মাঝে-মাঝে। নিজেকে অনিরাপদ করে মেয়েরাই বোধ হয় একমাত্র পারে এমন পদঝুঁকি নিতে। বিজ্ঞান বলছে, হাইহিল কখনও-কখনও পায়ের গঠন স্থায়ীভাবে বদলে দেয়। প্রাকৃতিক, শরীরতাত্ত্বিক যে খর্বত্ব, তাকে মেয়েরা মানতেই চায় না। তার আরও তিন ইঞ্চি, চার ইঞ্চি, পাঁচ ইঞ্চি লাগে। তার মানসিক হীনমন্যতাই বাড়তি উচ্চতার আকাঙ্ক্ষা তৈরি করে। সে আসলে কিসের সমান, কার সমান হতে চায়? মেয়েরা আসলে প্রকৃতিকে ভয় পায়। তাই অস্বীকারও করতে চায় প্রকৃতিকে। তা না হলে ৫০ ঊর্ধ্ব নারীদেরও ফেসবুকে ৩৫ বছরের ছবি কেন? সামান্য বলিরেখায়, ত্বকে ভাঁজ পড়ায়, ঝুলে পড়ার তাদের অন্ত নেই দুশ্চিন্তার।
মেয়েদের সবচেয়ে বড় প্রতারণা, শঠতার জায়গাটি হলো সম্পর্ক। পুরুষকে নিজের সম্পত্তি ও ব্যক্তিগত ভাবা সবচেয়ে ভয়াবহ দিক মেয়েদের। সে পুরুষ প্রেমিক হোক, হোক স্বামী। প্রতিটি মেয়েই মনে করে পুরুষ তার ‘প্রাইভেট প্রোপার্টি’। তার নিজের গাড়িটির মতো। সে কারণেই দিনে একাধিকবার কোথায় গেলে, কী খেলে, এখন কোথায়? খোঁজের শেষ নেই। যেমন গাড়ির মালিক খবর নেয় গাড়ির!
খুব সম্প্রতি একটি বিজ্ঞাপনে দেখা যায় একটি মেয়ে, চুল দিয়ে মোছ বানিয়ে আয়নায় দেখছে। এটাই আসলে মেয়েদের ভেতর। সে তার ‘বাসনা’ নিয়ে সব সময় বিভ্রম তৈরি করে এবং বিভ্রান্তিতে ভোগে, নিজেও। পুরুষতান্ত্রিক সে নিজেও। তার তাবৎ নারীবাদ, নারী মুক্তি পুরুষ হওয়ার বাসনা, উচ্চতার রোগে ভোগা। মানুষ হওয়ার বাসনা সেখানে প্রায় নেই বললেই চলে। অথচ মুখে সে অন্য কথা বলে।
ভণ্ডামি, শঠতা, প্রতারণা, অসততা আসলে নারী বা পুরুষের নয়; নেহাত ব্যক্তির ওপর নির্ভর করে বলে মনে করি আমি। কেউ পুরুষ হলেই ‘ঠিক’ এমন হবে এ যেমন ঠিক নয়। তেমনি ‘নারী’ মানেই ‘এমন’ এ ধারণাটিও ভুল। কখনও-কখনও সস্তা, মেধাহীন, নিম্ন মানের নারীবাদ ঢালাওভাবে, নির্বোধভাবে, ধারাবাহিকভাবে। পুরুষকে শ্লীলতাহানি করতে চায়। ঠিক নয়। অভিযোগের আঙুল কেবল পুরুষ কেন, নারীর দিকে তোলারও অনেক সুযোগ থাকে ও আছে।
মুক্তচিন্তা, যত বলা হয় মুখে, ধারণ করা কঠিন অন্তরে ও মগজে। কোনও একটি দিক নিয়ে নিই, ভাবনা সেদিকে, সে পথেই পা বাড়ায়, হাঁটে। যুক্তিও তা-ই। কখনও-কখনও যুক্তি, অযুক্তি, কুযুক্তি সব একদিকে, এক করে টেনে নিই। কোনও বিষয়, ঘটনাকে আতশ কাচের নিচে ফেলে, এদিক-ওদিক থেকে আলো ফেলে বিশ্লিষ্ট করা হয়ে ওঠে না প্রায়ই। ‘ক্রিটিক্যাল থিংকার’ সমাজে প্রায় নেই বললেই চলে। অবশ্য ক্রিটিক্যাল থিংকিংয়ে বিপদও আছে। লোকে অনেক সময় বুঝতে পারে না, তাদের চিন্তা, যুক্তি, বিশ্লেষণ। তাই বলে কি ক্রিটিক্যাল থিংকিং, অ্যানালিসিস থেমে থাকবে? থেমে থাকলে জগত এগোবে কিভাবে? বেশির ভাগ লোকেরই ভাবনা ভূমিবন্দী, সেখানে জানালা নেই, আলো হাওয়া নেই, যুক্তিতে আড়ষ্টতা, চিন্তায় সীমাবদ্ধতা। ‘প্রি-কনসেপ্ট’ তাকে নতুন করে দেখতে দেয় না, ভাবতে দেয় না, এমনকি কোনওভাবে তার ভেতর ভাবনার বীজটি অংকুরিত হলে, তাতে বিষজল ঢালার লোকেরও অভাব থাকে না।
লেখক: সদস্য, ফেমিনিস্ট ডট কম, যুক্তরাষ্ট্র
ডিরেক্টর, বাংলাদেশ সেন্টার ফর ডেভেলপমেন্ট জার্নালিজম অ্যান্ড কমিউনিকেশন
সম্পাদক, সাপ্তাহিক কাগজ ও মিডিয়াওয়াচ











