শনিবার, ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সিন্ডিকেটের কব্জায় সোহরাওয়ার্দী হাসপাতাল

news-image

দুর্নীতির আখড়া রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল। মেডিক্যাল যন্ত্রপাতি ও সরঞ্জাম ক্রয়ে মানের চেয়ে কমিশন বাণিজ্যকেই প্রাধান্য দেয়া হয় এখানে। নিম্নমান ও কম দামের জিনিস বেশি দামে কিনে হাতিয়ে নেয়া হয় বিপুল অর্থ। সাড়ে ৭ কোটি টাকার এমআরআই মেশিন কেনা হয়েছে ২৪ কোটি টাকা দিয়ে। কম দামি ও মেয়াদ উত্তীর্ণ সরঞ্জাম ব্যবহার করা হচ্ছে দিনের পর দিন। ব্যবহার করা হচ্ছে নকল জিনিসপত্র। আর এসব কাজে জড়িত একটি শক্তিশালী সিন্ডিকেট। এ নিয়ে হাসপাতালের বিভিন্ন মহলে সরব আলোচনা থাকলেও ধরাছোঁয়ার বাইরে ওই সিন্ডিকেট। কেউ কেউ নিজেই কোম্পানি খুলে সরবরাহ করছে এসব সরঞ্জাম। আর দাম রাখছে আকাশছোঁয়া। তাছাড়া এসব কিনতে অনুসরণ করা হয় না কোন নিয়মনীতি। কোন নির্দিষ্ট নীতিমালাও নেই। কোন কমিটিতেই রাখা হয় না বিশেষজ্ঞ। ফলে কোনটি কতটুকু প্রয়োজন সে বিবেচনা না করে বরং কোনটিতে বেশি টাকা আত্মসাৎ করা যাবে সে বিবেচনা করেই কেনা হচ্ছে এসব। অন্যদিকে কম মূল্যের এমআরআই মেশিন উচ্চমূল্যে ক্রয়ের অভিযোগে হাসপাতালের পরিচালকের পদ থেকে ডা. একেএম মুজিবুর রহমানকে বরখাস্ত করা হয়েছে। বিষয়টি বর্তমানে তদন্তাধীন রয়েছে। নতুন পরিচালক হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে বিএমএ (বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশন)-এর সাংগঠনিক সম্পাদক হাসপাতালের উপপরিচালক ডা. উত্তম কুমার বড়ুয়াকে। মুজিবুর রহমানকে বরখাস্ত করা হলেও নেপথ্যের হোতারা রয়েছেন ধরাছোঁয়ার বাইরে। কমিশন ছাড়াও নির্দিষ্ট কোম্পানির খরচে তারা প্রায়ই দেশের বাইরে যান প্রমোদ ভ্রমণে। বিভিন্ন সূত্র থেকে জানা যায়, হাসপাতালের মেডিক্যাল যন্ত্রপাতি ও সরঞ্জাম ক্রয়ের ক্ষেত্রে স্বচ্ছতার জন্য ৩টি কমিটি থাকা জরুরি। যাতে একজন মেডিক্যাল যন্ত্রপাতিবিষয়ক এক্সপার্ট থাকতে হয়। কিন্তু শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের ক্ষেত্রে এ নিয়ম অনুসরণ করা হয় না। সরকারি ক্রয়সংক্রান্ত বিধি-২০০৮ এর আলোকে দেশের সকল চিকিৎসা প্রতিষ্ঠানের এমএসআর সামগ্রী এবং অন্যান্য মালামাল সংগ্রহ, সরবরাহ ও ক্রয়ের লক্ষ্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় কর্তৃক ২০১৪ সালে ৫ই মে হাসপাতালটির জন্য একটি দরপত্র উন্মুক্তকরণ কমিটি গঠন করা হয়। ৫ সদস্য বিশিষ্ট ওই কমিটিতে দেখা যায়, হাসপাতালের মেডিসিন বিভাগের একজন সহযোগী অধ্যাপক, অর্থোপেডিক বিভাগের আরএস, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার বা প্রতিনিধি, হাসপাতালের এসএলপিপি এবং সহকারী পরিচালক কমিটিতে ছিলেন। অথচ সেখানে মেডিক্যাল সরঞ্জাম বিষয়ক কোন বিশেষজ্ঞ রাখা হয়নি। তবে নামমাত্র এ কমিটি থাকলেও এসব ক্রয়ের ক্ষেত্রে মূল ভূমিকা রাখে একটি সিন্ডিকেট। অদৃশ্য কারণে এ সিন্ডিকেটের কাছেই জিম্মি হাসপাতাল কর্তৃপক্ষ। অলিখিতভাবে তারাই ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত। তারাই সিদ্ধান্ত নেন। দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা স্বাক্ষর করে থাকেন মাত্র। আবার এমনও আলোচনা সরব আছে যে, সিন্ডিকেট এ কাজে জড়িত থাকলেও কমিশন চলে যায় নিচ থেকে ওপর পর্যন্ত। অনুসন্ধানে জানা গেছে, সোহরাওয়ার্দী হাসপাতালের অপারেশন থিয়েটারে এনেসথেসিয়ার সময় রোগীদের ওপর ব্যবহার করা হয় যে ইটি টিউব (এনডোটাকেল টিউব), তার দাম কোটি টাকার ওপরে। কিন্তু এখন যেগুলো ব্যবহার করা হচ্ছে এর সবই মেয়াদ উত্তীর্ণ। এসব সরঞ্জাম রোগীর সুবিধা মতো ক্রয় করা হয় না বরং টাকা বেশি আত্মসাৎ করার সুযোগ যেখানে বেশি সেগুলোই কেনা হয়েছে। সরজমিনে স্টোররুমের সামনে গিয়ে দেখা যায়, সেখানে কিছু ইটি টিউবের কার্টুন পড়ে রয়েছে। এগুলো সবই মেয়াদ উত্তীর্ণ। কেউ যেন বুঝতে না পারে জন্য সেজন্য কার্টুনের গায়ে লাগানো মেয়াদের স্টিকারটি তুলে ফেলা হয়েছে। একটি বিশস্ত সূত্র জানিয়েছে, এ ধরনের শত শত কার্টুন কক্ষের ভেতরে রয়েছে। যেগুলো পর্যায়ক্রমে ব্যবহার করা হবে। ওয়াশিংয়ের জন্য কেনা হয়েছে সস্তা ভারতীয় ব্লিচিং পাউডার। জীবাণুমুক্ত করতে এগুলো ব্যবহার করা হয়। কিন্তু  সেগুলোও মেয়াদ উত্তীর্ণ। এর পাশাপাশি অল্প কিছু বাংলাদেশী পাউডারও রাখা হয়েছে লোক দেখানোর জন্য। ফিনালের পরিবর্তে রাখা হয়েছে নকল ফিলাক্স, হারপিকের পরিবর্তে নকল পিনপিন। এগুলোর  গুণগতমান মান খুবই নিম্ন। এছাড়া কিছুদিন আগে ব্যবহৃত যন্ত্রপাতি জীবাণুমুক্তকরণের জন্য যে সাইটেক্স ব্যবহার করা হতো সেটাও দীর্ঘদিন ধরে মেয়াদ উত্তীর্ণ ছিল। কিছুদিন আগেও ১টি লেসিক লেজার কেনা হয়েছে। যা এখনও চালু করা হয়নি। ১২ কোটি টাকা দিয়ে ক্রয় করা মেশিনটির প্রকৃত মূল্য এর থেকে কম।
অনুসন্ধানে আরও জানা যায়, এসব মেয়াদ উত্তীর্ণ ও কম দামি জিনিসপত্র ক্রয়ে এ হাসপাতালে রয়েছে একটি শক্তিশালী সিন্ডিকেট। হাসপাতালের ‘ম’ আদ্যক্ষরের একজন চিকিৎসক এ সিন্ডিকেটটি নিয়ন্ত্রণ করেন। সিন্ডিকেটে রয়েছেন স্টোর অফিসার, সিনিয়র স্টোর কিপার। বিধি অনুযায়ী কোন সরকারি চাকরিজীবী ব্যবসাপ্রতিষ্ঠান পরিচালনা করতে পারেন না, তাই দুই কর্মকর্তা পরিবারের লোকজনের নামে দু’টি কোম্পানি পরিচালনা করছেন। একজনের প্রতিষ্ঠানের নাম মেসার্স এসআর ট্রেড ইন্টারন্যাশনাল। এটি তার স্ত্রীর নামে পরিচালিত হয়। আরেকজনের প্রতিষ্ঠানের নাম ফারহানা এন্টারপ্রাইজ। উভয় প্রতিষ্ঠানের ঠিকানা ৩১৪, ৩১৫ পশ্চিম শেওড়াপাড়া, মিরপুর। এটি তাদের নিজেস্ব বাসভবন বলেও জানা গেছে। হাসপাতালের যত খুচরা যন্ত্রপাতি ক্রয় করা হয় সেগুলোর সবই এখান থেকে সরবরাহ করা হয় অধিক মূল্যে। এগুলোর মধ্যে রয়েছে কেমিক্যাল রি-এজেন্ট, ইসিজি পেপার, মাইক্রোপোর প্রভৃতি। তাদের ইচ্ছামতো তারা এগুলো ক্রয় করে থাকেন। এছাড়া কোম্পানির খরচে প্রায়ই প্রমোদ ভ্রমণে দেশের বাইরে যান তারা। এদিকে এ ঘটনায় হাসপাতালের পরিচালকের দায়িত্বে থাকা ডা. মুজিবুর রহমানকে বরখাস্ত করা হয়েছে। গত ১লা জুলাই এ সংক্রান্ত জারি করা এক প্রজ্ঞাপনে বলা হয়েছে- যেহেতু ডা. একেএম মুজিবুর রহমান (৪২৩৩০), পরিচালক, শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল, ঢাকা কর্তৃক ১.৫ টেসলা এমআরআই মেশিন ব্র্যান্ড: হিটাচি মডেল: এচেলন ওরিজিন: জাপান ফর ইলেক্ট্রনিক্স অ্যান্ড ইউকে/ইউএসএ পর ম্যাগনেট সিস্টেম ক্রয়ের ক্ষেত্রে পিপিআর এর সংশ্লিষ্ট বিধিসমূহ প্রতিপালনে ত্রুটি বিচ্যুতি ও অনিয়মের বিষয় প্রাথমিক তদন্তে প্রমাণিত হয়েছে, সেহেতু তাকে বিএসআর পার্ট-১ বিধি ৭৩-এর বিধান মোতাবেক অদ্য ০১/০৭/২০১৫ তারিখ হতে সাময়িক বরখাস্ত করা হলো। প্রজ্ঞাপনে আরও বলা হয়, প্রচলিত বিধি মোতাবেক তিনি সাময়িক বরখাস্তকালীন খোরপোষ ভাতা প্রাপ্য হবেন। বিষয়টি এখনও তদন্তাধীন রয়েছে। তবে এ কেলেঙ্কারির নেপথ্যে থাকা সিন্ডিকেট নিরাপদেই রয়েছে। এ নিয়ে হাসপাতালের বিভিন্ন মহলে সরব আলোচনা রয়েছে। মেয়াদ উত্তীর্ণ সরঞ্জামের ব্যাপারে হাসপাতালের এসএলপিপি ডা. মাসুদ রেজা কবির বলেন, কোনটা মেয়াদ উত্তীর্ণ আমি জানি না। কাগজপত্র দেখে বলতে হবে। অন্যদিকে কম দামি জিনিসপত্র বেশি দাম দিয়ে কেনার ব্যাপারে বলেন, এ ব্যাপারে আমি কিছু বলতে পারবো না। এ বিষয়ে পরিচালকের সঙ্গে যোগাযোগ করেন। এসব অভিযোগের ব্যাপারে হাসপাতালের নবনিযুক্ত পরিচালক ডা. উত্তম কুমার বড়ুয়া বলেন, আমার জানামতে হাসপাতালে কোন মেয়াদ উত্তীর্ণ সরঞ্জাম নেই। এমন হওয়ার কথা না।  যদি এমন থাকে তো অবশ্যই ব্যবস্থা নেয়া হবে। সিন্ডিকেটের ব্যাপারে তিনি বলেন, এখানে বিভিন্ন ধরনের কমিটি আছে। বিভিন্ন জন বিভিন্ন দায়িত্ব পালন করেন। কারও বিরুদ্ধে তেমন কোন অভিযোগ নেই। তাছাড়া স্টাফদের নিজস্ব কোম্পানি থেকে মালামাল সরবরাহের কথাও অস্বীকার করেন তিনি। এমআরআই মেশিন ক্রয় প্রসঙ্গে বলেন, দামের তারতম্য নেই। তবে কিছু অসঙ্গতি ছিল। সেটা মন্ত্রণালয় যাচাই-বাছাই করছে। এটা তারা দেখছে।

এ জাতীয় আরও খবর

জামায়াত মুক্তিযুদ্ধবিরোধী শক্তি ছিল—আইনমন্ত্রী

দুপুরের মধ্যে ১৭ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির সতর্কতা

মে দিবসে নয়াপল্টনে শ্রমিক সমাবেশ, নেতৃত্ব দেবেন তারেক রহমান

শ্রমজীবীদের ন্যায্য অধিকার বাস্তবায়ন এখনো কতটা দূরে?

ইরান ইস্যুতে ফের উত্তেজনা, সামরিক প্রস্তুতি ও কূটনৈতিক চাপ বাড়ছে যুক্তরাষ্ট্রের

পুলিশ সপ্তাহে ১০৭ সদস্য পাচ্ছেন পদক

সৌদি পৌঁছেছেন ৪০১৭৭ জন হজযাত্রী

ফরিদপুরে ৭ বছরের শিশুকে হত্যার ঘটনায় ৩ জন গ্রেপ্তার

হোটেলে গোপনে ভিডিও ধারণের অভিযোগে শ্রীলঙ্কার দুই অনূর্ধ্ব-১৯ ক্রিকেটার আটক

৬ দিন পর বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্রে আবার বিদ্যুৎ উৎপাদন শুরু

বোয়িং থেকে ১৪ উড়োজাহাজ কিনছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স

ভোরের ভারী বৃষ্টিতে রাজধানীর সড়কে জলাবদ্ধতা