বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদ শেষে ফিরছে বাড়ি ঝক্কির পথ পাড়ি

news-image

ঈদের ছুটি শেষ। এবার কর্মস্থলে ফেরার পালা। ট্রেনের ভেতর ঠাঁই নেই। তাই মানুষ ঝুঁকি নিয়ে ট্রেনের ছাদে উঠছে। ঈদ শেষে কর্মস্থলে ফিরতে পদে পদে ভোগান্তিতে পড়ছে যাত্রীরা। ট্রেন-বাস কোথাও টিকিট নেই। সেই সঙ্গে যোগ হয়েছে বৃষ্টি। ট্রেন-বাসের টিকিট না পেয়ে পরিবারের সঙ্গে ঈদ করতে আসা লোকজন পড়েছে মহাবিপদে।

বগুড়া : গত রবিবার থেকে শুরু হয়েছে বাস ও ট্রেনের অগ্রিম ফিরতি টিকিট। বগুড়ার চারমাথা ও ঠনঠনিয়া বাস টার্মিনালে প্রতিদিন সাড়ে তিন হাজার যাত্রীকে কাউন্টার থেকে অগ্রিম টিকিট দেওয়ার কথা থাকলেও অধিকাংশ যাত্রী টিকিট না পেয়ে হতাশ হয়েছে। রেলস্টেশনে যাত্রীদের লাইন থাকতে থাকতে টিকিট শেষ হয়ে যায়। পরে লাইনে দাঁড়ানো অনেক যাত্রী টিকিট না পেয়ে রেলস্টেশনে বিক্ষোভ করে। যাত্রীদের অভিযোগ, কালোবাজারিদের কাছে টিকিট সরবরাহ করায় লাইনে দাঁড়িয়েও তারা টিকিট পায়নি। কাউন্টারে টিকিট না থাকলেও বেশি দামে টিকিট মিলছে কালোবাজারিদের কাছে। একই অবস্থা বাসেও। বগুড়া ঠনঠনিয়া বাস টার্মিনালে টিআর ট্রাভেলসের কর্মকর্তা আবদুল মান্নান জানান, ২৫ জুলাই পর্যন্ত বগুড়া থেকে ছেড়ে যাওয়া বিভিন্ন গন্তব্যের গাড়ির অগ্রিম টিকিট বিক্রি শেষ হয়ে গেছে। এখন চলছে যাত্রী পরিবহন। তবে রবিবার দুপুরে ঠনঠনিয়া এলাকায় ঢাকা অভিমুখে রওনা হওয়া যাত্রী আমিনুল ফরিদ জানান, তিনি নির্ধারিত মূল্যের চেয়ে ২০০ টাকা বেশি দিয়ে একটি টিকিট কিনেছেন। একই ধরনের অভিযোগ করলেন ব্যাংক কর্মকর্তা সজিবুল হক। তিনিও ১৮০ টাকা বেশি দিয়ে একটি এসি গাড়ির টিকিট কিনেছেন।

সোমবার সকাল সাড়ে ৯টার দিকে ঠনঠনিয়া বাস টার্মিনালের উল্টোদিকের একটি দোকানের সামনের শেডের নিচে দাঁড়িয়েছিলেন আল মামুন ও রোখসানা বেগম। বৃষ্টিতে ভিজে একাকার। নিজে ভিজলেও কোলে থাকা ছোট্ট ছেলের মাথা বাঁচাতে একটা কাপড় দিয়ে ঢেকে দেন। আর রোখসানার হাতে দুটি ব্যাগ। অনেক মানুষের মধ্যে কোনো রকমে গাদাগাদি করে দাঁড়াতে পেরেছেন তাঁরা।

মামুন জানান, তাঁরা বরিশাল থেকে বিআরটিসির একটি বাসে বগুড়া এসেছিলেন। এখন ফিরতি পথে পড়েছেন বিড়ম্বনায়। কাউন্ডারে টিকিট নেই। আবার না গিয়েও চলবে না। বাধ্য হয়ে কালোবাজারির সহযোগিতা নিয়েছেন। এখন ৫০০ টাকা বেশি দিয়ে দুটি টিকিট তাঁকে দেওয়া হবে বলে আশ্বস্ত করা হয়েছে। সোমবার শহর ও শহরের বাইরের কয়েকটি বাস কাউন্টার ঘুরে দেখা গেছে ঢাকা, কুষ্টিয়া, ঝিনাইদহ, পাবনা, ময়মনসিংহ ও চট্টগ্রামের যাত্রীরা বেকায়দায় পড়েছে। ওই সব অঞ্চলের লোকজন কাউন্টারে এসে টিকিটের জন্য হাহাকার করছে। বাড়তি টাকা দিয়েও টিকিট মিলছে না। ওই সব অঞ্চলে বগুড়া থেকে যাতায়াতের জন্য কমসংখ্যক বাস সার্ভিস থাকায় আরো কয়েক দিন আগে বাসের টিকিট বিক্রি শেষ হয়ে গেছে।

নীলফামারী : নীলফামারী থেকে ঢাকাগামী ট্রেন-বাসের টিকিট এখন সোনার হরিণ। চিলাহাটী থেকে ঢাকা চলাচলের একমাত্র নীলসাগর আন্তনগর ট্রেনের টিকিট পাওয়া আরো কঠিন। যাত্রীদের অভিযোগ, রেলওয়ের কিছু অসাধু কর্মকর্তা-কর্মচারীর অনিয়মের কারণেই টিকিট মিলছে না। সৈয়দপুর, নীলফামারী, ডোমার, চিলাহাটী রেলস্টেশনে দেখা যায় টিকিটপ্রত্যাশীদের দীর্ঘ লাইন। গভীর রাতে ওই লাইনে দাঁড়িয়ে টিকিটের জন্য অপেক্ষায় পরদিন দুপুর পর্যন্ত। তবু টিকিট মিলছে না বেশির ভাগ মানুষের ভাগ্যে। এমন টিকিট সংকট এখন দূরপাল্লার বাস কাউন্টারগুলোতেও। এসব কাউন্টারে দ্বিগুণ ভাড়ায়ও মিলছে না টিকিট। শহরের নাবিল কাউন্টারের ম্যানেজার রেজাউল করিম বলেন, ওই কম্পানির আটটি বাস ঢাকা চলাচল করে। আগামী ২৬ জুলাই পর্যন্ত কোনো টিকিট নেই। নীলফামারী থেকে অর্ধশতাধিক বাস ঢাকা চলাচল করলেও সব কম্পানির বাসেরই একই অবস্থা বলে জানান তিনি।

এমন টিকিট বঞ্চিতদের একজন সৈয়দপুরের সাজু মিয়া। তিনি অভিযোগ করেন, 'গত সোমবার দেওয়া হয় ২৪ জুলাইয়ের ট্রেনের টিকিট। নীলসাগর ট্রেনের ঢাকার টিকিটের জন্য রবিবার রাতে সৈয়দপুর রেলস্টেশনে কাউন্টারের সামনে লাইনে তিন নম্বরে দাঁড়িয়েও টিকিট পাইনি আমি। দুই ব্যক্তি পেরিয়ে সামনে গেলে আমাকে বলা হয় টিকিট শেষ।' ওই স্টেশনে একই দিনের টিকিট নিতে আসা এনজিওকর্মী সঞ্জয় কুমার দে বলেন, 'ঢাকার জন্য টিকিট নিতে এসে পাইনি। অগত্যা নাটোরের টিকিট নিয়েছি।'

সৈয়দপুরের স্টেশন মাস্টার আবুল কাশেম বলেন, 'সৈয়দপুর একটি বাণিজ্যিক শহর। এখানে দেশের বৃহৎ রেল কারখানা আছে। পাশেই তিনটি সেনানিবাস। এ ছাড়া ট্রেনে ঢাকা যাতায়াতের জন্য নীলফামারী ছাড়াও রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় জেলার মানুষ নির্ভরশীল। আসনসংখ্যা কমানোয় এখন চাপের মুখে রয়েছি।' নীলফামারী চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি আবদুল ওয়াহেদ সরকার বলেন, রেলপথে জেলার মানুষের ঢাকা চলাচলের একমাত্র ভরসা নীলসাগর আন্তনগর ট্রেন। তিনি এই ট্রেনে পর্যাপ্ত আসন বরাদ্দের দাবি জানান।

 

এ জাতীয় আরও খবর

বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প বর্তমান সরকারের জন্য বড় দায় : অর্থমন্ত্রী

বাংলা‌দে‌শিদের জন্য দুই বছর পর ট্যুরিস্ট ভিসা চালু করছে ভারত

তিস্তাসহ দেশের বিভিন্ন নদী ব্যবস্থাপনায় দুই দেশের ঐকমত্য

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৬৪

দক্ষিণ কোরিয়াকে চমকে দিয়ে প্রথমবার নকআউটে দক্ষিণ আফ্রিকা

আসল রূপে ফিরল ব্রাজিল

লাইট বন্ধ করে সীমান্তে ৯ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

শাকিবের ‘সোলজার’-এ ক্যামিও চরিত্রে সুমন

আইন কর্মকর্তাদের পদত্যাগে ‘স্টান্টবাজি’র অভিযোগ বিএনপির

মালয়েশিয়া শ্রমবাজারে সুখবরের ইঙ্গিত

বেইজিং সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন দুপুরে

বিএনপি–সিপিসি প্রথমবারের মতো সমঝোতা স্মারক