ফের তাপমাত্রা নামল ৯.৩ ডিগ্রিতে, কনকনে ঠান্ডায় নাকাল জনজীবন
ফের মৃদু শৈত্যপ্রবাহের কবলে উত্তরের উপজেলা পঞ্চগড়ের তেঁতুলিয়া। এক সপ্তাহ ধরে ঘন কুয়াশা আর হিমেল বাতাসের তাণ্ডবে বিপর্যস্ত পরিস্থিতিতে পড়েছে এ জনপদ। তীব্র শীতে বিপাকে পড়েছে নিম্ন আয়ের মানুষ।
তীব্র শীতে বিপাকে পড়েছেন নিম্ন আয়ের পেশাজীবীরা। পরিবার-পরিজন নিয়ে কষ্টে দিনযাপন করছেন তারা। প্রয়োজন ছাড়া অনেকে ঘর থেকে বের হচ্ছেন না। তবে জীবিকার তাগিদে শীত উপেক্ষা করে কাজে বেড়িয়েছেন নিম্ন আয়ের মানুষ। শ্রমজীবী ও নিম্ন আয়ের মানুষদের মিলছে না প্রয়োজনীয় গরম কাপড়।
পাথর শ্রমিক ফিরোজা খাতুন বলেন, ‘আমরা গরিব মানুষ। ঠাণ্ডা তো পেটে ভাত দিবে না। গত দুইদিন ধরে কাজ করতে পারিনি। আজ বাধ্য হয়েই কাজে বেড়িয়েছি।’
ভ্যানচালক আলী হাসান বলেন, ‘একদিকে ঠাণ্ডা, তার মধ্যে ঘন কুয়াশা। কুয়াশার কারণে সহজে কেউ ভ্যানে চড়তে চায় না। তাই ভাড়া মারতে পারছি না। কয়েক দিন ধরেই ভাড়া নেই। গতকাল সারাদিনে মাত্র ৫০ টাকা ভাড়া মারছিলাম।’
এদিকে শীতের কারণে নিউমোনিয়া, অ্যাজমা, হাঁপানি, শ্বাসকষ্ট ও ডায়রিয়াসহ শীতজনিত রোগে আক্রান্ত হচ্ছে শিশু থেকে বয়স্ক মানুষ। জেলা ও উপজেলার হাসপাতালগুলোর আউটডোরে ঠাণ্ডাজনিত রোগীরা চিকিৎসা নিচ্ছেন।











