ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু
অনলাইন ডেস্ক : ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সারাদেশে ২৪ ঘণ্টায় আরও ছয়জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৬২৮ জনে। ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৬৮ জন।
আজ শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ মো. জাহিদুল ইসলাম সই করা ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত ও মৃত্যু নিয়ে এ প্রতিবেদন তৈরি করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, হাসপাতালে নতুন ভর্তি হওয়া ৪৬৮ জনের মধ্যে ঢাকার বাসিন্দা ১৩৮ জন। এছাড়া ঢাকার বাইরের ৩৩০ জন। অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ছয়জনের মধ্যে ঢাকার বাসিন্দা চারজন, ঢাকার বাইরের দুইজন।
ঢাকাসহ দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে বর্তমানে ৩ হাজার ৩৫৮ জন ডেঙ্গুরোগী চিকিৎসাধীন আছেন।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১ ডিসেম্বর পর্যন্ত সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন মোট তিন লাখ ১২ হাজার ৩৫৯ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ১ লাখ ৭ হাজার ৯৭৪ জন, আর ঢাকার বাইরের বাসিন্দা ২ লাখ ৪ হাজার ৩৮৫ জন।
ডেঙ্গু আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৫৮৩ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ১৫৪ জন এবং ঢাকার বাইরের ৪২৯ জন।
গত ১ জানুয়ারি থেকে ১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্তদের মধ্যে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৩ লাখ ৭ হাজার ৩৭৩ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ১ লাখ ৬ হাজার ১৪৫ জন এবং ঢাকার বাইরের বাসিন্দা ২ লাখ ১ হাজার ২২৮ জন।
২০২২ সালে ডেঙ্গুতে ২৮১ জন মারা যান। ওই বছরের শেষ মাস ডিসেম্বরে ২৭ জনের মৃত্যু হয়। একই সঙ্গে আলোচ্য বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ৬২ হাজার ৩৮২ জন।
২০২০ সালে করোনা মহামারিকালে ডেঙ্গু সংক্রমণ তেমন একটা দেখা না গেলেও ২০২১ সালে সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হন ২৮ হাজার ৪২৯ জন। একই বছর দেশব্যাপী ডেঙ্গু আক্রান্ত হয়ে ১০৫ জনের মৃত্যু হয়েছিল।











